চার বিয়ে নিয়ে খোঁচা, মজার জবাব দিলেন জেনিফার লোপেজ

হলিউড তারকা জেনিফার লোপেজ চারবার বিয়ের পিঁড়িতে বসেছেন। এ নিয়ে এবার এক ভক্তের মজার মন্তব্যের মুখে পড়েন এই গায়িকা ও অভিনেত্রী। তবে বিরক্ত না হয়ে হাসিমুখেই জবাব দিয়েছেন তিনি। এমনকি ভবিষ্যতে বিবাহবিচ্ছেদ নিয়ে কেউ প্রশ্ন করলে কী বলবেন, সেটিও মজা করে জানিয়েছেন জেনিফার।
সম্প্রতি নিউইয়র্কে ‘দ্য জেলো শো’-এর বিশেষ প্রদর্শনীতে অংশ নেন জেনিফার। সেখানে অভিনেত্রী র্যাচেল জেগলারের সঙ্গে নিজের চারটি বিয়ে নিয়ে কথা বলছিলেন তিনি। এ সময় দর্শক সারি থেকে এক ব্যক্তি বলেন, ‘আপনার হাতে এখনো ছয়টি আঙুল বাকি আছে।’ অর্থাৎ, আরও ছয়বার বিয়ে করার সুযোগ রয়েছে—এমন ইঙ্গিত করেই জেনিফারকে খোঁচা দেন ওই দর্শক।
জবাবে জেনিফার বলেন, ‘হ্যাঁ, আছে।’ এরপর হেসে তিনি বলেন, ‘হে ঈশ্বর! জীবনে শোনা সবচেয়ে মজার কথা এটি।’ পরে র্যাচেল ও জেনিফার মজা করে বলেন, কথাটি টি-শার্টে ছাপানো উচিত।
জেনিফার আরও বলেন, এখন থেকে কেউ তাঁর বিবাহবিচ্ছেদ নিয়ে প্রশ্ন করলে তিনি শুধু বলবেন, ‘আমার আরও ছয়টি আঙুল আছে।’ তবে কথার শেষ দিকে কিছুটা গম্ভীর হয়ে এই তারকা বলেন, ‘আমার মধ্যে আর সেই শক্তি আছে কি না, জানি না।’
১৯৯৭ সালে ওজানি নোয়ার সঙ্গে প্রথম বিয়ে হয় জেনিফার লোপেজের। তবে এক বছরের মধ্যেই তাঁদের বিচ্ছেদ ঘটে। ২০০১ সালে নৃত্যশিল্পী ক্রিস জাডকে বিয়ে করেন তিনি। ২০০৩ সালে সেই সংসারেরও ইতি ঘটে।
এরপর ২০০৪ সালে সংগীতশিল্পী মার্ক অ্যান্থনিকে বিয়ে করেন জেনিফার। তাঁদের দুই সন্তান ম্যাক্স ও এমি। সাত বছরের দাম্পত্যের পর ২০১১ সালে বিচ্ছেদের ঘোষণা দেন তাঁরা। ২০১৪ সালে তাঁদের বিবাহবিচ্ছেদ চূড়ান্ত হয়।
জেনিফারের চতুর্থ বিয়ে হয় অভিনেতা বেন অ্যাফ্লেকের সঙ্গে। ২০০০-এর দশকের শুরুর দিকে তাঁদের বাগদান হলেও পরে সম্পর্ক ভেঙে যায়। প্রায় দুই দশক পর আবারও সম্পর্কে জড়ান তাঁরা। ২০২২ সালে বিয়ে করেন এই তারকা জুটি। তবে ২০২৪ সালে জেনিফার বিবাহবিচ্ছেদের আবেদন করেন। ২০২৫ সালের জানুয়ারিতে তাঁদের বিচ্ছেদ চূড়ান্ত হয়।



