১৭ নভেম্বর, ২০২৬ | মঙ্গলবারবাংলা: ২ অগ্রহায়ণ ১৪৩৩
বিশ্ব

১৯ যাত্রী নিয়ে আকাশে উড়ল চীনের বৈদ্যুতিক উড়োজাহাজ

maxresdefault

বৈদ্যুতিক উড়োজাহাজ প্রযুক্তিতে নতুন অগ্রগতির পথে এগিয়ে যাচ্ছে চীন। দেশটির নিজস্ব প্রযুক্তিতে তৈরি ১৯ আসনের বৈদ্যুতিক বাণিজ্যিক উড়োজাহাজ সিই-২৫এ প্রথমবারের মতো চালকসহ পরীক্ষামূলক উড্ডয়ন সম্পন্ন করেছে। শনিবার পূর্বাঞ্চলীয় শানডং প্রদেশের বিনঝৌ শহরে এই উড্ডয়ন পরিচালিত হয়। এর মধ্য দিয়ে যাত্রী পরিবহনে বৈদ্যুতিক উড়োজাহাজ ব্যবহারের সম্ভাবনা আরও এক ধাপ এগিয়ে গেল।

চীনের রাষ্ট্রায়ত্ত উড়োজাহাজ নির্মাতা প্রতিষ্ঠান কমার্শিয়াল এয়ারক্রাফট করপোরেশন অব চায়না (কম্যাক) জানিয়েছে, পরীক্ষামূলক উড্ডয়নের সময় উড়োজাহাজটিতে দুজন পাইলট ও একজন ফ্লাইট-টেস্ট প্রকৌশলী ছিলেন। পুরো উড্ডয়ন সফলভাবে সম্পন্ন হয়েছে। এ সময় উড়োজাহাজটির পরিচালনা স্বাভাবিক ছিল এবং এর বিভিন্ন কর্মক্ষমতা সূচকও প্রত্যাশা অনুযায়ী পাওয়া গেছে।

সিই-২৫এ কম্যাকের তৈরি প্রথম বৈদ্যুতিক বাণিজ্যিক উড়োজাহাজ। আন্তনগর যাত্রী পরিবহনের উপযোগী করে এটি নকশা করা হয়েছে। একসঙ্গে ১৯ জন যাত্রী বহনে সক্ষম উড়োজাহাজটির সর্বোচ্চ উড্ডয়ন ওজন ১০ টন। ঘণ্টায় সর্বোচ্চ ৩০০ কিলোমিটার গতিতে চলতে পারে এটি। পাশাপাশি সর্বোচ্চ ২ হাজার ৪০০ মিটার উচ্চতায় উড্ডয়ন এবং একবার চার্জে সর্বোচ্চ ৪০০ কিলোমিটার পথ পাড়ি দেওয়ার সক্ষমতা রয়েছে এর।

চালকবিহীন পরীক্ষা থেকে চালকসহ উড্ডয়ন

সিই-২৫এর পরীক্ষামূলক যাত্রা শুরু হয়েছিল চলতি বছরের ২ ফেব্রুয়ারি। ওই দিন প্রথমবারের মতো চালকবিহীন স্বয়ংক্রিয় উড্ডয়ন সম্পন্ন করে উড়োজাহাজটি। এরপর ধারাবাহিকভাবে এর সক্ষমতা যাচাই করা হয়। এখন পর্যন্ত মোট ১৯টি চালকবিহীন স্বয়ংক্রিয় উড্ডয়ন পরীক্ষা সম্পন্ন হয়েছে। সর্বশেষ চালকসহ পরীক্ষামূলক উড্ডয়নটি প্রকল্পটির উন্নয়নে গুরুত্বপূর্ণ অগ্রগতি হিসেবে বিবেচিত হচ্ছে।

উড়োজাহাজটি তৈরিতে একাধিক প্রতিষ্ঠান ও শিক্ষাপ্রতিষ্ঠান যৌথভাবে কাজ করেছে। এর মধ্যে রয়েছে কম্যাক, চীনের ব্যাটারি নির্মাতা প্রতিষ্ঠান সিএটিএল এবং সাংহাই জিয়াও টং বিশ্ববিদ্যালয়।

Advertisements

বাণিজ্যিক ব্যবহারের পথে আরও এক ধাপ

সিই-২৫এর নকশা ও নির্মাণের পরবর্তী ধাপ হিসেবে উড়োজাহাজটির উড্ডয়ন-যোগ্যতা যাচাইয়ের কাজ এগিয়ে নিচ্ছে কম্যাক। এ জন্য প্রতিষ্ঠানটির টাইপ সার্টিফিকেট পাওয়ার আবেদন গ্রহণ করেছে চীনের বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ। এই সনদ পাওয়ার মাধ্যমে উড়োজাহাজটির নিরাপত্তা, নকশা ও পরিচালনাগত সক্ষমতা আনুষ্ঠানিকভাবে যাচাইয়ের প্রক্রিয়া এগিয়ে যাবে।

বিশ্বজুড়ে পরিবেশবান্ধব পরিবহনব্যবস্থা গড়ে তোলার প্রচেষ্টা বাড়ছে। এর অংশ হিসেবে বৈদ্যুতিক উড়োজাহাজ প্রযুক্তি নিয়েও কাজ করছে বিভিন্ন প্রতিষ্ঠান। চীনের সিই-২৫এ প্রকল্প সেই প্রচেষ্টায় নতুন সম্ভাবনার ইঙ্গিত দিচ্ছে। তবে পরীক্ষামূলক উড্ডয়ন সফল হলেও নিয়মিত বাণিজ্যিক যাত্রী পরিবহনে যেতে হলে উড়োজাহাজটিকে প্রয়োজনীয় নিরাপত্তা ও উড্ডয়ন-যোগ্যতার পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে।

Advertisements