বিস্কুট খাওয়ায় বিড়াল হত্যা, শাস্তি হিসেবে ছয় মাস পশুদের খাওয়াবেন দোকানি

দিনাজপুরের ঘোড়াঘাটে দোকানের বিস্কুট খাওয়ায় ফাঁদ পেতে একটি বিড়াল হত্যার অভিযোগ উঠেছে এক বেকারি দোকানির বিরুদ্ধে। এ ঘটনায় নিজের দোষ স্বীকার করে ক্ষমা চাওয়ার পর শাস্তি হিসেবে ছয় মাস বাজারের সব কুকুর ও বিড়ালের খাবারের ব্যবস্থা করার নির্দেশ পেয়েছেন ওই দোকানি।
ঘটনাটি ঘটেছে উপজেলার বলগাড়ি বাজারে। অভিযুক্ত দোকানির নাম সারোয়ার হোসেন (৫২)। গতকাল রোববার বিকেলে বিড়াল হত্যার বিচারের দাবিতে উপজেলা সহকারী কমিশনারের (ভূমি) কার্যালয়ে যান স্থানীয় প্রাণিপ্রেমী যুবক মেহেদী হাসান ইমু।
ইমুর অভিযোগ, গত শুক্রবার রাতে দোকানে চিকন নাইলনের দড়ি দিয়ে ফাঁদ পেতে রাখেন সারোয়ার। খাবারের সন্ধানে দোকানে ঢুকে ওই ফাঁদে আটকা পড়ে মা বিড়ালটি। পরদিন সকালে বিড়ালটির গলায় দড়ি পেঁচানো অবস্থায় মরদেহ পাওয়া যায়। পরে সেটি দোকানের সামনেই ফেলে রাখা হয়।
স্থানীয় সূত্রে জানা যায়, বিড়ালটি ওই দোকান থেকে কয়েক প্যাকেট বিস্কুটসহ বিভিন্ন খাবার খেয়ে ফেলেছিল। এতে ক্ষুব্ধ হয়েই দোকানি ফাঁদ পেতে রাখেন বলে অভিযোগ করেন ইমু। বিড়ালটির দুটি ছোট ছানা রয়েছে। মায়ের মৃত্যুর পর অসহায় হয়ে পড়েছে ছানা দুটি।
অভিযোগের মুখে দোকানি সারোয়ার হোসেন নিজের ভুল স্বীকার করেন। তার দাবি, দীর্ঘদিন ধরে দোকান বন্ধ করার পর রাতে বিড়ালটি ভেতরে ঢুকে বিস্কুটসহ বিভিন্ন খাবার নষ্ট করছিল। এতে ক্ষুব্ধ হয়ে তিনি ফাঁদ পেতে রাখেন। তবে নিজের এমন আচরণকে অন্যায় উল্লেখ করে অনুতপ্ত হন তিনি এবং ভবিষ্যতে এ ধরনের ঘটনা আর ঘটবে না বলে অঙ্গীকার করেন।
এ বিষয়ে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আব্দুল আল মামুন কাওসার শেখ বলেন, ঘটনাটি জানার পর বিচারপ্রার্থী যুবক ও সংশ্লিষ্ট দোকানিকে ডেকে পাঠানো হয়। পরে দোকানি নিজের ভুল স্বীকার করে মুচলেকা দিয়ে ক্ষমা চান।
তিনি আরও জানান, শাস্তি হিসেবে আগামী ছয় মাস বলগাড়ি বাজারের সব কুকুর ও বিড়ালের প্রতিদিনের খাবারের ব্যবস্থা করতে দোকানিকে নির্দেশ দেওয়া হয়েছে। পাশাপাশি তাকে সতর্কও করা হয়েছে।



