অসুস্থ মাদি হাতির ছায়াসঙ্গী পুরুষ হাতি, চিকিৎসা নিয়ে স্থানীয়দের মধ্যে উদ্বেগ

বন্য প্রাণীর মধ্যেও যে মায়া ও সহমর্মিতার প্রকাশ ঘটে, তার এক আবেগঘন দৃশ্য দেখা গেছে কক্সবাজারের টেকনাফে। পায়ে গভীর ক্ষত নিয়ে অসুস্থ একটি মাদি হাতির পাশে সারাক্ষণ অবস্থান করছে একটি পুরুষ হাতি। কখনো সামনে, কখনো পাশে থেকে সঙ্গ দিচ্ছে তাকে। অসুস্থ হাতিটিকে এক মুহূর্তের জন্যও একা ছাড়ছে না সে। হাতি দুটির এমন দৃশ্য স্থানীয়দের আবেগাপ্লুত করলেও মাদি হাতির শারীরিক অবস্থা নিয়ে বাড়ছে উদ্বেগ।
কক্সবাজারের টেকনাফ উপজেলার বাহারছড়া ইউনিয়নের জাহাজপুরা ইকোপার্ক ও হাজী মোজাহের স্মৃতি স্টেডিয়াম-সংলগ্ন এলাকায় গত কয়েক দিন ধরে হাতি দুটিকে একসঙ্গে ঘোরাফেরা করতে দেখা যাচ্ছে।
সোমবার (১৬ নভেম্বর) ভোর ৬টার দিকে ওই এলাকায় একটি পুরুষ ও একটি মাদি হাতিকে লোকালয়ে দেখতে পান স্থানীয়রা। তাদের ভাষ্য, মাদি হাতিটির পেছনের ডান পায়ে গভীর ক্ষত রয়েছে। ক্ষতস্থান থেকে পুঁজ বের হচ্ছে। ওপরের চামড়া উঠে যাওয়ায় জায়গাটি সাদা হয়ে গেছে। গুরুতর আঘাতের কারণে স্বাভাবিকভাবে হাঁটাচলাও করতে পারছে না হাতিটি।
প্রত্যক্ষদর্শীদের ধারণা, পাহাড়ে অবস্থানরত সন্ত্রাসী, অপহরণকারী ও মানব পাচারকারীদের গুলিতে মাদি হাতিটি আহত হয়ে থাকতে পারে। তবে কীভাবে বা কারা হাতিটিকে আঘাত করেছে, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি।
স্থানীয়রা জানান, অসুস্থ মাদি হাতিটির পাশে সারাক্ষণ থাকছে একটি সুস্থ পুরুষ হাতি। চলাফেরার সময় তাকে বারবার মাদি হাতিটির পাশে থাকতে এবং এগিয়ে যেতে সহযোগিতা করতে দেখা যাচ্ছে। পায়ের তীব্র যন্ত্রণায় মাদি হাতিটি ঠিকমতো হাঁটতে না পারলেও তাকে ছেড়ে যাচ্ছে না পুরুষ হাতিটি।
এমন দৃশ্য স্থানীয়দের মধ্যে সহানুভূতি ও আবেগ তৈরি করেছে। একই সঙ্গে দ্রুত চিকিৎসা না পেলে অসুস্থ হাতিটির জীবন ঝুঁকিতে পড়তে পারে বলে আশঙ্কা করছেন তারা। এ অবস্থায় বন বিভাগ ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে দ্রুত বিশেষজ্ঞ চিকিৎসক পাঠিয়ে হাতিটির চিকিৎসা নিশ্চিত করার দাবি জানিয়েছেন স্থানীয়রা।
এ বিষয়ে শিলখালী রেঞ্জের রেঞ্জ কর্মকর্তা তৌহিদুল ইসলাম জানান, স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে তিনি ও তাঁর দল দ্রুত ঘটনাস্থলে যান। সেখানে হাতিটিকে গুরুতর আহত অবস্থায় দেখতে পান। বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে। দ্রুত সময়ের মধ্যে চিকিৎসার ব্যবস্থা করা হবে।
আহত হাতিটির কাছে গিয়ে কেউ যেন তাকে বিরক্ত বা আক্রমণ না করেন, সে বিষয়ে স্থানীয়দের সতর্ক থাকার অনুরোধ জানিয়েছেন রেঞ্জ কর্মকর্তা।



