যে গ্রামের সবাই ব্যবহার করে ইনস্টাগ্রাম, চ্যাট করে তারকাদের সঙ্গে!

শহুরে মেয়ে সাবিহা। বেড়াতে গিয়ে চাচার বাড়িতে এসে এক অদ্ভুত অভিজ্ঞতার মুখোমুখি হয় সে। গ্রামের শিশু থেকে শুরু করে বৃদ্ধ, এমনকি ঝালমুড়ি বিক্রেতাও ব্যবহার করেন ইনস্টাগ্রাম। শুধু তাই নয়, সামাজিক যোগাযোগমাধ্যমটিতে তারা নিয়মিত কথাও বলেন নিজেদের পছন্দের তারকাদের সঙ্গে!
কেউ চ্যাট করেন বলিউড অভিনেতা রণবীর সিংয়ের সঙ্গে, কেউ আবার মাধুরী দীক্ষিতের সঙ্গে। এমনকি ফুটবল তারকা ক্রিশ্চিয়ানো রোনালদো ও আরলিং হালান্ডের সঙ্গেও নাকি নিয়মিত যোগাযোগ রয়েছে গ্রামের বাসিন্দাদের। শুনতে অবাক লাগলেও এমনই মজার গল্প নিয়ে তৈরি হয়েছে ইউটিউব ফিল্ম ‘Instaগ্রাম’।
মাসুদুল হাসানের ভাবনায় গল্পটি লিখেছেন সিদ্দিক আহমেদ। পরিচালনা করেছেন মোহাম্মদ মোস্তফা কামাল রাজ। গত ১৪ নভেম্বর সিনেমাওয়ালা ইউটিউব চ্যানেলে মুক্তি পেয়েছে ফিল্মটি। মুক্তির পর থেকেই দর্শকদের মধ্যে বেশ সাড়া ফেলেছে এটি। এরই মধ্যে ফিল্মটির ভিউ ৮০ লাখ ছাড়িয়েছে।
ফিল্মটির কেন্দ্রীয় চরিত্র সালেকের ভূমিকায় অভিনয় করেছেন খায়রুল বাসার। গ্রামের এই যুবকই মূলত সবাইকে ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট খুলে দেন। বিনিময়ে নেন টাকা। তবে তার কাজ শুধু অ্যাকাউন্ট খুলে দেওয়ার মধ্যেই সীমাবদ্ধ নয়। গ্রামের মানুষের পছন্দের তারকাদের নামে ভুয়া অ্যাকাউন্ট খুলে তাদের সঙ্গে চ্যাটও করেন তিনি।
শহর থেকে আসা তরুণী সাবিহা, যার চরিত্রে অভিনয় করেছেন নাজনীন নীহা, একসময় সালেকের এই কাণ্ডের রহস্য উন্মোচন করেন। তবে গল্পের শেষ দিকে জানা যায়, সালেকের এমন কর্মকাণ্ডের পেছনে রয়েছে ভিন্ন উদ্দেশ্য। সবার ভালো চাওয়ার পাশাপাশি মানুষে মানুষে সৌহার্দ্য ও সামাজিক সম্প্রীতির বার্তাও তুলে ধরা হয়েছে গল্পে।
হাস্যরসের মধ্য দিয়ে এগিয়ে যাওয়া ফিল্মটিতে আরও অভিনয় করেছেন ফারুক আহমেদ, ডা. এজাজুল ইসলাম, রোজী সিদ্দিকী, মাহমুদুল হাসান মিঠু, ইসরাত অতিথি, এমএনইউ রাজুসহ অনেকে।



