বিয়ের পর রামশার সরে যাওয়ার কারণ জানালেন খুশাল

পাকিস্তানি অভিনেত্রী রামশা খান বিয়ের পর সামাজিক যোগাযোগমাধ্যম থেকে নিজেকে গুটিয়ে নিয়েছেন। এ নিয়ে ভক্তদের মধ্যে নানা আলোচনা-সমালোচনা চলছে। এমনকি অভিযোগ উঠেছে, স্ত্রীকে সামাজিক যোগাযোগমাধ্যম ছাড়তে বাধ্য করেছেন অভিনেতা খুশাল খান। তবে এসব অভিযোগ অস্বীকার করে রামশার সরে যাওয়ার আসল কারণ জানিয়েছেন খুশাল।
সম্প্রতি এক সাক্ষাৎকারে নিজেদের বিয়ে ও পরবর্তী পরিস্থিতি নিয়ে কথা বলেন এই অভিনেতা। তিনি জানান, বিয়ের বিষয়টি ব্যক্তিগত রাখার সিদ্ধান্ত নিয়েছিলেন তারা। নির্ধারিত সময়েই বিষয়টি প্রকাশ্যে আনার পরিকল্পনা ছিল এবং সেটিই করেছেন তারা।
খুশাল জানান, বিয়ের দিনই নিজের পক্ষ থেকে বিয়ের খবর প্রকাশ করেছিলেন তিনি। তবে এর আগেই তাদের সম্মতি ছাড়াই বিয়ের অনুষ্ঠানের ছবি ও ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। এ ঘটনায় রামশা বিষয়টিকে অনধিকার চর্চা, অসম্মানজনক ও অনৈতিক বলে অভিহিত করেছিলেন।
স্ত্রীকে সামাজিক যোগাযোগমাধ্যম ছাড়তে বাধ্য করার অভিযোগ প্রসঙ্গে খুশাল বলেন, ইন্টারনেট থেকে দূরে থাকার সিদ্ধান্ত রামশা নিজেই নিয়েছেন। বিয়ের পর অনলাইনে পাওয়া বিভিন্ন প্রতিক্রিয়া ও নেতিবাচক মন্তব্য দেখেই তিনি এমন সিদ্ধান্ত নিয়েছেন।
খুশাল আরও জানান, রামশা এই সিদ্ধান্তে নিশ্চিত কি না, এমনকি অভিনয় ও নাটক থেকেও দূরে থাকতে চান কি না, তা তিনি জানতে চেয়েছিলেন। জবাবে রামশা নিজের সিদ্ধান্তের ব্যাপারে স্পষ্ট অবস্থান জানান।
অভিনেতার ভাষ্য, ছোটবেলা থেকেই ইন্টারনেটে নানা ধরনের আলোচনা ও সমালোচনা দেখে অভ্যস্ত তিনি। তাই নেতিবাচক মন্তব্য তাকে খুব একটা প্রভাবিত করে না। তবে বিয়ের পর তাদের ঘিরে জাতিগত বিদ্বেষমূলক মন্তব্যের পরিমাণ দেখে দুজনেই বিস্মিত হয়েছেন।
বিশেষ করে পশতুন জনগোষ্ঠীকে নিয়ে নেতিবাচক মন্তব্যের সমালোচনা করেন খুশাল। তার মতে, কোনো জনগোষ্ঠীকে এভাবে ছোট করে দেখা উচিত নয়। পাঞ্জাবি, সিন্ধি কিংবা বেলুচদের নিয়েও তিনি কখনো এমন মন্তব্য করেননি বলে জানান অভিনেতা।



