১৬ নভেম্বর, ২০২৬ | সোমবারবাংলা: ১ অগ্রহায়ণ ১৪৩৩
বিনোদন

২৫ বছরে হ্যারি পটারের জাদু, সিনেমা থেকে আয় ৯ লাখ কোটি টাকা

IMG_7763

একটি চিঠি বদলে দিয়েছিল এক অনাথ শিশুর জীবন। সেই চিঠির হাত ধরেই পরিচয় হয়েছিল জাদুর এক বিস্ময়কর জগতের সঙ্গে। হগওয়ার্টস স্কুল, জাদুর কাঠি, উড়ন্ত ঝাড়ু, বন্ধুত্ব আর অশুভ শক্তির বিরুদ্ধে লড়াই—সব মিলিয়ে হ্যারি পটারের গল্প জায়গা করে নেয় কোটি মানুষের হৃদয়ে। দেখতে দেখতে সেই জাদুর বয়স পেরিয়ে গেছে ২৫ বছর।

২০০১ সালের ১৬ নভেম্বর বিশ্বজুড়ে মুক্তি পায় ‘হ্যারি পটার অ্যান্ড দ্য ফিলোসফার্স স্টোন’। এটি ছিল হ্যারি পটার ফ্র্যাঞ্চাইজির প্রথম সিনেমা। যুক্তরাষ্ট্র, ভারত ও ফিলিপাইনে ছবিটি ‘হ্যারি পটার অ্যান্ড দ্য সরসারার্স স্টোন’ নামে পরিচিত। সিনেমাটি মুক্তির মধ্য দিয়ে বইয়ের পাতায় থাকা জাদুর জগৎ প্রথমবারের মতো বড় পর্দায় জীবন্ত হয়ে ওঠে।

ব্রিটিশ লেখক জে কে রোলিংয়ের লেখা প্রথম উপন্যাস ‘হ্যারি পটার অ্যান্ড দ্য ফিলোসফার্স স্টোন’ প্রকাশিত হয় ১৯৯৭ সালে। বইটির জনপ্রিয়তার পর ১৯৯৯ সালে এর চলচ্চিত্রস্বত্ব কিনে নেয় ওয়ার্নার ব্রাদার্স। পরিচালক ক্রিস কলম্বাসের হাত ধরে ২০০১ সালে সিনেমাটি মুক্তি পায়।

গল্পের কেন্দ্রীয় চরিত্র হ্যারি পটার ছোটবেলায় মা-বাবাকে হারিয়ে খালা-খালুর কাছে অবহেলার মধ্যে বড় হয়। নিজের পরিচয় সম্পর্কে কিছুই জানত না সে। একাদশ জন্মদিনের আগে হ্যাগ্রিডের কাছ থেকে জানতে পারে, সে একজন জাদুকর। এরপর ভর্তি হয় জাদুবিদ্যার স্কুল হগওয়ার্টসে। সেখানে রন উইজলি ও হারমায়োনি গ্রেঞ্জারের সঙ্গে গড়ে ওঠে তার বন্ধুত্ব। শুরু হয় রহস্য, রোমাঞ্চ ও নানা বিপদের মধ্য দিয়ে এক জাদুকরি যাত্রা।

হ্যারি চরিত্রে অভিনয় করেন ড্যানিয়েল র‍্যাডক্লিফ, রনের ভূমিকায় ছিলেন রুপার্ট গ্রিন্ট এবং হারমায়োনি চরিত্রে অভিনয় করেন এমা ওয়াটসন। তখন তিনজনই ছিলেন শিশু-কিশোর। তাঁদের স্বাভাবিক অভিনয় ও পর্দার বন্ধুত্ব দর্শকদের কাছে চরিত্রগুলোকে আরও জীবন্ত করে তোলে।

প্রথম সিনেমায় আরও অভিনয় করেন রিচার্ড হ্যারিস, অ্যালান রিকম্যান, ম্যাগি স্মিথ, রবি কোলট্রেন ও জন হার্টের মতো বরেণ্য অভিনয়শিল্পীরা। তাঁদের অভিনয়ও সিনেমাটিকে আলাদা মাত্রা দেয়।

Advertisements

হ্যারি পটার ফ্র্যাঞ্চাইজির আটটি সিনেমা নির্মাণে কাজ করেছেন চারজন পরিচালক। প্রথম দুটি পরিচালনা করেন ক্রিস কলম্বাস। তৃতীয় সিনেমা ‘হ্যারি পটার অ্যান্ড দ্য প্রিজনার অব আজকাবান’ পরিচালনা করেন আলফানসো কুয়ারন। চতুর্থ সিনেমার দায়িত্বে ছিলেন মাইক নিউয়েল। শেষ চারটি সিনেমা পরিচালনা করেন ডেভিড ইয়েটস।

বক্স অফিসে জাদুর রাজত্ব

মুক্তির পর থেকেই বক্স অফিসে দারুণ সাফল্য পায় হ্যারি পটার। প্রথম সিনেমাটির নির্মাণ ব্যয় ছিল প্রায় ১২ কোটি ৫০ লাখ ডলার। পুনর্মুক্তিসহ বিশ্বব্যাপী ছবিটির আয় ১০০ কোটি ডলার ছাড়িয়েছে।

২০১১ সালে আটটি সিনেমার মূল সিরিজের সমাপ্তি ঘটে। ওয়ার্নার ব্রাদার্সের প্রকাশিত তথ্য অনুযায়ী, ফ্র্যাঞ্চাইজির আটটি সিনেমার সম্মিলিত আয় ৭৭০ কোটি ডলারের বেশি। বাংলাদেশি মুদ্রায় এর পরিমাণ প্রায় ৯ লাখ ৬৩ হাজার কোটি টাকা। এই বিপুল আয় হ্যারি পটারকে চলচ্চিত্র ইতিহাসের অন্যতম সফল ফ্র্যাঞ্চাইজিতে পরিণত করেছে।

সিনেমার বাইরেও ছড়িয়েছে জাদু

হ্যারি পটারের জনপ্রিয়তা শুধু সিনেমার মধ্যেই সীমাবদ্ধ থাকেনি। বই, ভিডিও গেম, মঞ্চনাটক, থিম পার্ক ও নানা ধরনের পণ্যের মাধ্যমে বিস্তৃত হয়েছে এই জাদুর জগৎ। জে কে রোলিংয়ের সাতটি বই বিশ্বজুড়ে ৬০ কোটির বেশি কপি বিক্রি হয়েছে। বইগুলো ৮৫টি ভাষায় অনূদিত হয়েছে এবং ২০০টির বেশি অঞ্চলে পৌঁছেছে।

যুক্তরাজ্যের লিভসডেন স্টুডিওতে সিনেমাগুলোর বড় অংশের শুটিং হয়েছে। হ্যারি পটার সিরিজ দেশটির চলচ্চিত্রশিল্প, ভিজ্যুয়াল ইফেক্ট ও সংশ্লিষ্ট কর্মসংস্থানেও গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। ২০১১ সালে ব্রিটিশ একাডেমি অব ফিল্ম অ্যান্ড টেলিভিশন আর্টস (বাফটা) সিরিজটিকে ‘আউটস্ট্যান্ডিং ব্রিটিশ কন্ট্রিবিউশন টু সিনেমা’ সম্মাননা দেয়।

এ ছাড়া লন্ডনের ওয়ার্নার ব্রাদার্স স্টুডিও ট্যুরে এখনো ভক্তরা সিনেমার শুটিং সেট, পোশাক ও ব্যবহৃত বিভিন্ন সামগ্রী দেখার সুযোগ পান। যুক্তরাষ্ট্র, জাপান ও চীনসহ বিভিন্ন দেশে গড়ে উঠেছে হ্যারি পটার থিম পার্ক।

আবারও ফিরছে হ্যারি পটারের জগৎ

২৫ বছর পূর্তির বছরেও হ্যারি পটারকে ঘিরে আগ্রহের কমতি নেই। নতুন করে আলোচনায় এসেছে এইচবিওর নির্মাণাধীন টেলিভিশন সিরিজ। জে কে রোলিংয়ের সাতটি বই অবলম্বনে তৈরি হচ্ছে সিরিজটি। পরিকল্পনা অনুযায়ী, প্রতিটি বই নিয়ে আলাদা মৌসুম নির্মাণ করা হবে। এতে হ্যারি, রন ও হারমায়োনির চরিত্রে দেখা যাবে নতুন প্রজন্মের অভিনয়শিল্পীদের। ২০২৭ সালে সিরিজটি মুক্তির লক্ষ্য নিয়ে কাজ চলছে।

দীর্ঘ ২৫ বছরে বদলেছে দর্শকের বয়স, সময়ের সঙ্গে বদলেছে প্রযুক্তি ও বিনোদনের ধরন। কিন্তু হগওয়ার্টসের প্রতি ভালোবাসা কমেনি। কারও কাছে হ্যারি পটার শৈশবের স্মৃতি, কারও কাছে বন্ধুত্ব ও সাহসের গল্প। তাই ২৫ বছর পরও কোটি মানুষের কাছে হ্যারি পটার শুধুই একটি সিনেমা নয়, বরং এক জাদুকরি আবেগের নাম।

Advertisements