১৬ নভেম্বর, ২০২৬ | সোমবারবাংলা: ১ অগ্রহায়ণ ১৪৩৩
বিনোদন

‘তুমি, আমি আর ড্যানিশ’–এর সেই প্রীতিকার বিয়ে, স্বামীর পরিচয় রাখলেন গোপন

IMG-20261115-WA0036

‘তুমি, আমি আর ড্যানিশ’—একসময় বাংলাদেশের টেলিভিশন দর্শকদের মুখে মুখে ফিরেছে এই স্লোগান। ড্যানিশ কনডেন্সড মিল্কের জনপ্রিয় বিজ্ঞাপনে অভিনেতা রিয়াজের সঙ্গে জুটি বেঁধে পরিচিতি পাওয়া সেই প্রীতিকা রাও এবার জীবনের নতুন অধ্যায় শুরু করলেন। বিয়ের পিঁড়িতে বসেছেন ভারতীয় এই অভিনেত্রী। তবে বিয়ের সুখবর দিলেও স্বামীর পরিচয় প্রকাশ্যে আনতে চাননি তিনি।

ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদন অনুযায়ী, সম্প্রতি বেঙ্গালুরুর আর্ট অব লিভিং আশ্রমে বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন করেন প্রীতিকা। ঐতিহ্যবাহী তামিল ব্রাহ্মণ পরিবারের এক ছেলেকে বিয়ে করেছেন তিনি। সামাজিক যোগাযোগমাধ্যম ইনস্টাগ্রামে বিয়ের কয়েকটি ছবি প্রকাশ করে ভক্তদের সঙ্গে আনন্দের খবর ভাগ করে নেন অভিনেত্রী।

ছবিতে নবদম্পতিকে একসঙ্গে দেখা গেলেও স্বামীর মুখ ঝাপসা করে রেখেছেন প্রীতিকা। ব্যক্তিগত জীবনের গোপনীয়তা বজায় রাখতেই এমন সিদ্ধান্ত তাঁর। অর্থাৎ বিয়ের খবর জানালেও জীবনসঙ্গীকে আপাতত আড়ালেই রাখতে চান এই অভিনেত্রী।

বিয়ে প্রসঙ্গে প্রীতিকা জানিয়েছেন, তাঁর কাছে বিয়ে অত্যন্ত ব্যক্তিগত ও পবিত্র একটি অধ্যায়। তিনি এখন এমন একটি পরিবারে যুক্ত হয়েছেন, যাদের সংস্কৃতির সঙ্গে তাঁর নিজের শিকড়েরও বেশ মিল রয়েছে। অভিনেত্রীর ভাষ্য, তাঁর স্বামীর পরিবারের তামিল সংস্কৃতি এবং কর্ণাটকে তাঁর ম্যাঙ্গালোরীয় পারিবারিক ঐতিহ্যের মধ্যে অনেক সাদৃশ্য রয়েছে। দুই সংস্কৃতিকেই তিনি প্রাচীন ও মূল্যবান বলে উল্লেখ করেছেন।

প্রীতিকা রাও বলিউড অভিনেত্রী অমৃতা রাওয়ের ছোট বোন। ভারতীয় টেলিভিশন ধারাবাহিক ‘বেইনতে হা’-তে অভিনয়ের মাধ্যমে তিনি পরিচিতি পান। তবে বাংলাদেশের দর্শকদের কাছে তাঁর জনপ্রিয়তার পেছনে বড় ভূমিকা রেখেছে ড্যানিশ কনডেন্সড মিল্কের বিজ্ঞাপনটি।

সেই বিজ্ঞাপনে রিয়াজের সঙ্গে তাঁর রোমান্টিক রসায়ন, গান ও নাচ দর্শকদের দারুণভাবে আকৃষ্ট করেছিল। ‘তুমি, আমি আর ড্যানিশ’ স্লোগানটিও হয়ে উঠেছিল বেশ পরিচিত। সময় পেরিয়ে গেলেও বিজ্ঞাপনটির স্মৃতি এখনো অনেক দর্শকের মনে অমলিন।

Advertisements

এবার পর্দার সেই পরিচিত মুখ বাস্তব জীবনে নতুন সম্পর্কে বাঁধা পড়লেন। তবে তারকাখ্যাতির বাইরে নিজের ব্যক্তিগত জীবনকে আড়ালে রাখার সিদ্ধান্তেই যেন আলাদা বার্তা দিলেন প্রীতিকা।

Advertisements