১৫ নভেম্বর, ২০২৬ | রবিবারবাংলা: ৩০ কার্তিক ১৪৩৩
বাংলাদেশ

সড়ক দুর্ঘ’টনায় স্বামী-সন্তানের মৃ’ত্যুর ২৪ দিন পর মা’রা গেলেন রেশমীও

IMG_20261115_223035

চট্টগ্রামের সাতকানিয়ায় সড়ক দুর্ঘটনায় স্বামী ও দেড় বছর বয়সি মেয়েকে হারানোর ২৪ দিন পর মারা গেলেন রেশমী আক্তার।

শনিবার (১৪ নভেম্বর) রাত ৩টা ৩০ মিনিটে চট্টগ্রামের একটি হাসপাতালে চিকিৎসাধীন তার মৃত্যু হয়। টানা ২৪ দিন আইসিইউতে লাইফ সাপোর্টে ছিলেন তিনি।

গত ২৩ অক্টোবর রাতে স্বামী মো. দেলোয়ার (৩১), মেয়ে ওয়াসিফা জান্নাত ও স্বজনদের নিয়ে অটোরিকশায় কেরানীহাটের একটি মেলায় যাওয়ার পথে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের জাফর আহমদ চৌধুরী ডিগ্রি কলেজ এলাকায় একটি মিনিবাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে দেলোয়ার এবং হাসপাতালে নেওয়ার পর দেড় বছরের শিশু ওয়াসিফা মারা যায়। গুরুতর আহত রেশমীকে হাসপাতালে ভর্তি করা হয়েছিল।

দোহাজারী হাইওয়ে থানার ওসি নুরুল আবচার রেশমীর মৃত্যুর বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করে বলেন, চিকিৎসাধীন তার মৃত্যু হয়েছে। লাশ বিনা ময়নাতদন্তে দাফনের ব্যবস্থা করা হচ্ছে।

Advertisements