১৫ নভেম্বর, ২০২৬ | রবিবারবাংলা: ৩০ কার্তিক ১৪৩৩
বিনোদন

সোনাক্ষীর বিকৃত ছবি ছড়ানোর অভিযোগে গ্রেপ্তার, আইনি জটিলতায় মুক্তি পেলেন অভিযুক্ত

sonakshi_sinha

বলিউড অভিনেত্রী সোনাক্ষী সিনহার বিকৃত ও অশ্লীল ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়ার অভিযোগে গ্রেপ্তার হওয়া এক ব্যক্তিকে মুক্তির নির্দেশ দিয়েছেন মুম্বাইয়ের আদালত। পুলিশের গ্রেপ্তারের পদ্ধতিতে আইনি ত্রুটি থাকায় অভিযুক্তের মুক্তির নির্দেশ দেওয়া হয়। এতে মামলার তদন্তে নতুন মোড় এসেছে।

গত শুক্রবার (১৩ নভেম্বর) সোনাক্ষী সিনহার অভিযোগের ভিত্তিতে মুম্বাইয়ের বান্দ্রা থানায় মামলা দায়ের করা হয়। অভিযোগের পরিপ্রেক্ষিতে তদন্ত শুরু করে পুলিশ। পরদিন শনিবার (১৪ নভেম্বর) দিল্লির শাহদরা এলাকার জগৎপুরি থানা এলাকা থেকে আরিয়ান দীপক জৈন নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়। পরে তাঁকে মুম্বাইয়ের বান্দ্রা আদালতে হাজির করা হয়।

তবে অভিযুক্তকে দিল্লি থেকে গ্রেপ্তারের পর স্থানীয় ম্যাজিস্ট্রেটের আদালতে হাজির না করেই মুম্বাইয়ে নিয়ে আসা হয়। বিষয়টিকে গ্রেপ্তার প্রক্রিয়ার গুরুতর আইনি ত্রুটি হিসেবে দেখেন বিচারক।

আদালতের পর্যবেক্ষণ অনুযায়ী, এক রাজ্য থেকে অন্য রাজ্যে কাউকে গ্রেপ্তার করে নিয়ে যাওয়ার ক্ষেত্রে নির্দিষ্ট আইনি প্রক্রিয়া অনুসরণ করা বাধ্যতামূলক। কিন্তু এ ক্ষেত্রে কেন সেই নিয়ম মানা হয়নি, তার সন্তোষজনক ব্যাখ্যা দিতে পারেনি তদন্তকারী সংস্থা।

অন্যদিকে, অভিযুক্তকে তিন দিনের পুলিশি হেফাজতে রাখার আবেদন জানিয়েছিল বান্দ্রা পুলিশ। তাদের দাবি, সোনাক্ষীর বিকৃত ছবি তৈরিতে ব্যবহৃত ইলেকট্রনিক যন্ত্র বা মাধ্যম উদ্ধার এবং ঘটনার সঙ্গে জড়িত অন্য বিষয়গুলো খতিয়ে দেখতে অভিযুক্তকে জিজ্ঞাসাবাদ করা প্রয়োজন।

তবে পুলিশের আবেদনের বিরোধিতা করেন অভিযুক্তের আইনজীবীরা। তাঁদের দাবি, গ্রেপ্তারের আগে প্রয়োজনীয় নোটিশ দেওয়া হয়নি এবং গ্রেপ্তারের কারণও যথাযথভাবে জানানো হয়নি। পাশাপাশি দিল্লির স্থানীয় আদালতে হাজির না করেই অভিযুক্তকে বিমানে করে মুম্বাইয়ে নিয়ে আসা হয়েছে।

Advertisements

আদালত জানান, অভিযুক্তের বিরুদ্ধে আনা অভিযোগে সর্বোচ্চ সাত বছরের কারাদণ্ডের বিধান রয়েছে। এ ধরনের ক্ষেত্রে ভারতীয় ন্যায় সংহিতার (বিএনএস) ৩৫(১)(বি) ধারার নির্ধারিত নিয়ম অনুসরণ করতে হয়। গ্রেপ্তারের প্রয়োজনীয় কারণ নথিভুক্ত করাও বাধ্যতামূলক। কিন্তু তদন্তকারী কর্মকর্তা এসব নিয়ম যথাযথভাবে অনুসরণ করেছেন, এমন প্রমাণ আদালতে উপস্থাপন করা সম্ভব হয়নি।

বিচারকের পর্যবেক্ষণ, শুধু তদন্তের স্বার্থে কোনো ব্যক্তিকে গ্রেপ্তার করে হেফাজতে রাখা যায় না। এ ক্ষেত্রে আইন নির্ধারিত প্রক্রিয়া মেনে চলা জরুরি। এসব বিষয় বিবেচনায় নিয়ে গ্রেপ্তারকে বেআইনি ঘোষণা করেন আদালত এবং অভিযুক্তকে মুক্তি দেওয়ার নির্দেশ দেন।

তবে অভিযুক্তের মুক্তির নির্দেশের অর্থ মামলার অভিযোগ থেকে অব্যাহতি পাওয়া নয়। ঘটনার তদন্ত ও অভিযোগের সত্যতা যাচাইয়ের বিষয়টি আলাদা।

Advertisements