‘আমার অস্থিরতার মাঝেও শান্তির জায়গা ভিকি’, স্বামীর প্রশংসায় ক্যাটরিনা

অভিনেত্রী, ব্যবসায়ী, স্ত্রী ও মা—একসঙ্গে একাধিক দায়িত্ব সামলাচ্ছেন বলিউড তারকা ক্যাটরিনা কাইফ। কাজ ও সংসারের ব্যস্ততার মধ্যে মানসিকভাবে ক্লান্ত হয়ে পড়লেও স্বামী ভিকি কৌশলকে নিজের শান্তির জায়গা বলে উল্লেখ করেছেন তিনি।
সম্প্রতি সিএনবিসি-টিভি১৮-কে দেওয়া এক সাক্ষাৎকারে নিজের কাজ, সংসার ও মাতৃত্বের অভিজ্ঞতা নিয়ে কথা বলেন ক্যাটরিনা। পাশাপাশি নিজের বিউটি ব্র্যান্ড ‘কে বিউটি’ গড়ে তোলার অভিজ্ঞতাও তুলে ধরেন তিনি।

ক্যাটরিনার ভাষ্য, কাজের প্রতি ভালোবাসা এতটাই বেশি যে কাজের সময়ের হিসাব রাখা কঠিন। তবে তাঁর স্বামী নিয়মিত কাজের ব্যস্ততা থেকে বিরতি নেওয়ার কথা মনে করিয়ে দেন। এ প্রসঙ্গে অভিনেত্রী বলেন, ‘কাজের ঘণ্টা গুনে শেষ করা যায় না। তবে একজন রয়েছেন, যিনি নিয়মিত সেই হিসাব রাখেন। তিনি আমার স্বামী। বারবার আমাকে ফোনটা নামিয়ে রাখতে বলেন।’
জীবনের বিভিন্ন দায়িত্ব একসঙ্গে সামলানো সহজ নয় বলে স্বীকার করেছেন ক্যাটরিনা। তবে সবকিছু নিখুঁতভাবে করার জন্য নিজের ওপর অতিরিক্ত চাপ দিতে চান না তিনি। বরং প্রতিটি নতুন দায়িত্বের সঙ্গে মানিয়ে নিতে নিজেকে সময় দেওয়া এবং নিজের প্রতি সহানুভূতিশীল হওয়ার পরামর্শ দিয়েছেন।
অভিনেত্রীর মতে, কোনো কোনো দিন সব দায়িত্ব সামলাতে গিয়ে মানসিকভাবে ক্লান্ত হয়ে পড়া স্বাভাবিক। এমন পরিস্থিতিতে নিজেকে দোষারোপ না করে নিজের প্রতি সদয় হওয়া প্রয়োজন।
এ সময় স্বামী ভিকি কৌশলের প্রশংসা করে ক্যাটরিনা বলেন, ‘আমার স্বামী ভীষণভাবে পাশে থাকে। আমার অস্থিরতার মাঝেও সে শান্তির জায়গা।’
উল্লেখ্য, ২০২১ সালের ডিসেম্বর মাসে রাজস্থানে বিয়ের বন্ধনে আবদ্ধ হন ক্যাটরিনা কাইফ ও ভিকি কৌশল। বিয়ের পর থেকে ব্যক্তিগত জীবন ও পেশাগত ব্যস্ততার মধ্যে ভারসাম্য বজায় রেখেই এগিয়ে চলেছেন এই তারকা দম্পতি।



