১৮ বছর বয়সে প্রেম, ২১-এ বিয়ে; দাম্পত্যে তিক্ত অভিজ্ঞতার কথা জানালেন অভিনেত্রী

ভালোবাসার টানে ছেড়েছিলেন প্রতিষ্ঠিত ক্যারিয়ার। কিন্তু বিয়ের পর নতুন দেশে গিয়ে কঠিন বাস্তবতার মুখোমুখি হতে হয় অভিনেত্রী শম্ভবী শর্মাকে। আর্থিক সংকট, মানসিক নির্যাতন ও পরিচয় হারানোর যন্ত্রণায় একসময় নিজের জীবন নিয়েও হতাশ হয়ে পড়েছিলেন তিনি। সম্প্রতি রিয়্যালিটি শো ‘এমটিভি রোডিজ ২১: রিবার্থ’-এর মঞ্চে জীবনের সেই কঠিন অভিজ্ঞতার কথা তুলে ধরেছেন অভিনেত্রী।
২০০৭ সালে ‘এমটিভি রোডিজ ৫.০’-এর প্রতিযোগী হিসেবে পরিচিতি পান শম্ভবী। দীর্ঘ ১৯ বছর পর আবারও ফিরেছেন এই অনুষ্ঠানে। এবার নিজের জীবনের নানা অজানা অধ্যায় তুলে ধরেন তিনি।
শম্ভবী জানান, মাত্র ১৮ বছর বয়সে প্রেমের সম্পর্কে জড়ান তিনি। ২১ বছর বয়সে বিয়ে করেন। বিয়ের তিন মাস পর স্বামীর সঙ্গে অস্ট্রেলিয়ায় পাড়ি জমান। সে সময় ভারতে এমটিভিতে কাজ করে ভালো উপার্জন করতেন তিনি। তবে ভালোবাসার টানে প্রতিষ্ঠিত পেশাগত জীবন ছেড়ে নতুন দেশে যাওয়ার সিদ্ধান্ত নেন।
অস্ট্রেলিয়ায় যাওয়ার পর ধীরে ধীরে কঠিন পরিস্থিতির মুখোমুখি হতে থাকেন শম্ভবী। তাঁর ভাষ্য অনুযায়ী, একসময় নিজের পরিচয় হারিয়ে ফেলেছিলেন। শ্বশুরবাড়ির পক্ষ থেকে আর্থিক সহায়তা বন্ধ হয়ে যায়। অন্যদিকে স্বামীর আয়েও সংসারের খরচ চালানো কঠিন হয়ে পড়ে। এমন পরিস্থিতিও তৈরি হয়েছিল, যখন খাবার কেনার মতো পর্যাপ্ত অর্থ ছিল না তাঁর হাতে। রুটি ও পানি খেয়ে দিন কাটাতে হয়েছে।
একপর্যায়ে সংসারের আর্থিক দায়িত্ব নিজের কাঁধে তুলে নেন শম্ভবী। ভিসার আবেদনে তিনিই প্রধান আবেদনকারী হন, অন্যদিকে স্বামী তাঁর ওপর নির্ভরশীল হয়ে পড়েন। শম্ভবীর অভিযোগ, তাঁর পেশাগত সাফল্য নিয়ে স্বামী নিরাপত্তাহীনতায় ভুগতেন। এমনকি কর্মক্ষেত্র থেকে স্পনসরশিপ পাওয়ার বিষয়টি নিয়েও প্রশ্ন তুলতেন। স্বামীর কাছ থেকে মানসিক নির্যাতনের শিকার হয়েছেন বলেও অভিযোগ করেন তিনি। সেই সময়ের অভিজ্ঞতা বর্ণনা করতে গিয়ে অভিনেত্রী বলেন, ‘আমি যেন একটা খাঁচার মধ্যে বন্দি ছিলাম।’
দাম্পত্য জীবনের এই পরিস্থিতির প্রভাব পড়ে তাঁর শারীরিক ও মানসিক স্বাস্থ্যের ওপরও। টানা প্রায় ৪৮ ঘণ্টা কাজ করার পাশাপাশি সংসারের দায়িত্ব সামলাতে হতো তাঁকে। একসময় ব্রেন ফগসহ নানা শারীরিক সমস্যায় ভুগতে শুরু করেন। জীবনের প্রতি আশা হারিয়ে দুবার আত্মহত্যার পরিকল্পনাও করেছিলেন বলে জানান অভিনেত্রী।
শেষ পর্যন্ত অস্ট্রেলিয়া ছেড়ে ভারতে ফিরে আসেন শম্ভবী। সেখানে নতুন করে জীবন ও পেশাগত যাত্রা শুরু করেন। আইন বিষয়ে পড়াশোনা শেষে দিল্লি হাইকোর্টের আইনজীবী হিসেবে কাজ শুরু করেন। বিশেষ করে বিয়ে ও দাম্পত্যসংক্রান্ত মামলায় দক্ষতা অর্জন করেন তিনি।
অন্যদিকে, তাঁর সাবেক স্বামীও অভিনয়ের স্বপ্ন পূরণে পরে মুম্বাই ফিরে আসেন বলে জানান শম্ভবী। তবে রিয়্যালিটি শোর মঞ্চে সাবেক স্বামীর নাম সরাসরি উল্লেখ করেননি তিনি। ওই সম্পর্কের সঙ্গে অভিনেতা সুদেশ বেরীর ছেলে সূরজ বেরীর নাম জড়িয়ে থাকলেও তাঁদের সম্পর্কের বিষয়টি নিশ্চিত করেননি অভিনেত্রী।
দীর্ঘদিন পর নিজের জীবনের কঠিন অভিজ্ঞতা প্রকাশ্যে এনে নতুন করে আলোচনায় এসেছেন শম্ভবী।



