জন্মদিনের আগে রুনা লায়লাকে উপহার দেওয়া হলো স্বর্ণের গিটার

জন্মদিনের আগেই বিশেষ উপহার পেলেন কিংবদন্তি সংগীতশিল্পী রুনা লায়লা। আগামী ১৭ নভেম্বর তাঁর জন্মদিন উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে তাঁকে স্বর্ণের গিটার উপহার দেওয়া হয়েছে।
রুনা লায়লার জন্মদিন উপলক্ষে ‘রুনা মহল’ শিরোনামে বিশেষ অনুষ্ঠানের আয়োজন করেছে চ্যানেল আই। সম্প্রতি আয়োজিত এ অনুষ্ঠানে শিল্পীকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়ে স্বর্ণের গিটার উপহার দেন চ্যানেল আইয়ের ব্যবস্থাপনা পরিচালক ও শিশুসাহিত্যিক ফরিদুর রেজা সাগর।
বিশেষ এই উপহার পেয়ে উচ্ছ্বাস প্রকাশ করেন রুনা লায়লা। অনুষ্ঠানটি উপস্থাপনা করেন অভিনেতা আফজাল হোসেন। এ সময় উপস্থিত ছিলেন চিত্রনায়ক আলমগীর, চিত্রশিল্পী রফিকুন নবী এবং সংগীতশিল্পী আঁখি আলমগীর।
‘রুনা মহল’ অনুষ্ঠানে রুনা লায়লার জীবনের নানা অজানা অধ্যায় ও উল্লেখযোগ্য ঘটনা তুলে ধরা হবে। আগামী ১৭ নভেম্বর রাত ১০টা ১৫ মিনিটে চ্যানেল আইয়ে প্রচারিত হবে অনুষ্ঠানটি। এটি পরিচালনা করেছেন আরিফ খান এবং প্রযোজনা করেছেন অনন্যা রুমা।
উল্লেখ্য, দীর্ঘ সংগীতজীবনে বাংলা চলচ্চিত্রের কয়েক হাজার গানে কণ্ঠ দিয়েছেন রুনা লায়লা। চলচ্চিত্রের গান ছাড়াও দেশাত্মবোধকসহ বিভিন্ন ধারার সংগীতে রয়েছে তাঁর উল্লেখযোগ্য অবদান। নিজস্ব কণ্ঠশৈলী ও গায়কির মাধ্যমে কয়েক দশক ধরে শ্রোতাদের মুগ্ধ করে আসছেন এই শিল্পী।



