৩০ টাকা কেজি দরে মাসে ১০ কেজি চাল পাবেন পোশাকশ্রমিকেরা

তৈরি পোশাকশিল্পে কর্মরত শ্রমিকদের জন্য বিশেষ ওএমএস (ওপেন মার্কেট সেল) কর্মসূচি চালু করেছে সরকার। এ কর্মসূচির আওতায় প্রতি মাসে সর্বোচ্চ ১০ কেজি চাল কিনতে পারবেন পোশাকশ্রমিকেরা। প্রতি কেজি চালের দাম নির্ধারণ করা হয়েছে ৩০ টাকা।

শুক্রবার (১৩ নভেম্বর) থেকে প্রাথমিকভাবে ঢাকা মহানগর ও জেলার বিভিন্ন এলাকা, গাজীপুর, নারায়ণগঞ্জ এবং চট্টগ্রাম মহানগর ও জেলায় ট্রাকসেলের মাধ্যমে চাল বিক্রি শুরু হয়েছে।
খাদ্য মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, প্রত্যেক পোশাকশ্রমিক মাসে সর্বোচ্চ ১০ কেজি চাল কেনার সুযোগ পাবেন। প্রতি শুক্রবার সকাল ১০টা থেকে দুপুর সাড়ে ১২টা এবং বিকেল আড়াইটা থেকে ৫টা পর্যন্ত নির্ধারিত ট্রাক থেকে চাল বিক্রি করা হবে। তবে চালের মজুত থাকা সাপেক্ষে এ কার্যক্রম পরিচালিত হবে।
চাল কিনতে হলে শ্রমিকদের নিজ নিজ পোশাক কারখানার পরিচয়পত্র প্রদর্শন করতে হবে। পাশাপাশি সংশ্লিষ্ট কারখানার মাস্টাররোলে স্বাক্ষর নেওয়ার মাধ্যমে চাল বিক্রি করা হবে। এর ফলে প্রকৃত পোশাকশ্রমিকদের কাছে কর্মসূচির সুবিধা পৌঁছানো নিশ্চিত করা হবে।
খাদ্য মন্ত্রণালয়ের অধীন খাদ্য অধিদপ্তরের সার্বিক ব্যবস্থাপনায় এ কার্যক্রম পরিচালিত হচ্ছে। কর্মসূচির স্বচ্ছতা ও সুষ্ঠু বাস্তবায়ন নিশ্চিত করতে খাদ্য মন্ত্রণালয় এবং খাদ্য অধিদপ্তরের পক্ষ থেকে পৃথক মনিটরিং টিম গঠন করা হয়েছে।



