১৩ নভেম্বর, ২০২৬ | শুক্রবারবাংলা: ২৮ কার্তিক ১৪৩৩
বিনোদন

‘আমার বিয়ে বৈধ ছিল না’, ৩৩ বছরের দাম্পত্য নিয়ে মজার স্মৃতি জিনাতের

IMG_7677

দীর্ঘ ৩৩ বছরের দাম্পত্য জীবন পার করেছেন ছোট পর্দার জনপ্রিয় অভিনেতা আজিজুল হাকিম ও নাট্যকার জিনাত হাকিম। সম্প্রতি বিবাহবার্ষিকী উপলক্ষে রাজধানীর একটি ওয়েডিং কার্নিভ্যালে বর-কনের সাজে হাজির হয়েছিলেন এই তারকা দম্পতি। সেখানে নিজেদের বিয়ের একটি মজার ঘটনা শেয়ার করেন জিনাত, যা শুনে হাসিতে মেতে ওঠেন উপস্থিত সবাই।

অনুষ্ঠানে জিনাত হাকিম মজা করে বলেন, ‘আমার বিয়ে কিন্তু বৈধ ছিল না।’ তাঁর এমন মন্তব্যে পাশে বসা আজিজুল হাকিমও হেসে ওঠেন। এরপর বিয়ের দিনের সেই ঘটনার স্মৃতিচারণা করে জিনাত জানান, নব্বইয়ের দশকে আজিজুল হাকিম ছিলেন বেশ জনপ্রিয় তারকা। তাঁদের বিয়ের দিন বরযাত্রার সঙ্গে কাউকে কিছু না জানিয়ে একদল সাংবাদিকও চলে এসেছিলেন।

জিনাতের ভাষ্য অনুযায়ী, আজিজুল হাকিম ভেবেছিলেন সাংবাদিকেরা তাঁর স্ত্রীর অতিথি, অন্যদিকে জিনাত মনে করেছিলেন তাঁরা স্বামীর অতিথি। বিয়ের আনুষ্ঠানিকতায় কাজি সাহেব যখন তাঁকে কবুল বলার পর রেজিস্ট্রির খাতায় স্বাক্ষর করতে বলেন, ঠিক তখনই একজন ফটোগ্রাফার ছবি তোলার জন্য একটু অপেক্ষা করতে বলেন। এতে কিছুটা নার্ভাস হয়ে কলম থামিয়ে ছবির জন্য পোজ দেন জিনাত। আর সেই ব্যস্ততার মধ্যেই বিয়ের রেজিস্ট্রিতে স্বাক্ষর করা আর হয়ে ওঠেনি।

ঘটনার বাকি অংশ তুলে ধরে আজিজুল হাকিম বলেন, স্বাক্ষর না থাকায় পরবর্তী সময়ে তাঁদের ওই অবস্থাতেই চলতে হয়েছে। পরে অবশ্য এফিডেভিটের মাধ্যমে বিষয়টি সম্পন্ন করেন তাঁরা। তবে তাঁদের মেয়ে নাযাহ হাকিম ও মেয়ের জামাই নাফিস ফুয়াদ বিষয়টি একটু ভিন্নভাবে উপস্থাপন করেন। কয়েক দিন আগে বিবাহবার্ষিকী উপলক্ষে তাঁরা আবারও বিয়ের রেজিস্ট্রিতে স্বাক্ষর করার আয়োজন করেন।

আজিজুল হাকিম ও জিনাত হাকিমের এই স্মৃতিচারণা ঘিরে অনুষ্ঠানে হাস্যরসের সৃষ্টি হয়।

চার দশকের বেশি সময় ধরে টেলিভিশন নাটকে অভিনয় করছেন আজিজুল হাকিম। ১৯৮১ সালে বাংলাদেশ টেলিভিশনে তালিকাভুক্ত হওয়ার পর ‘এখানে নোঙর’ নাটকের মাধ্যমে ছোট পর্দায় তাঁর অভিনয়যাত্রা শুরু হয়। পরে ‘কোন কাননের ফুল’ ধারাবাহিকে অলি চরিত্রে অভিনয় করে ব্যাপক পরিচিতি পান। মঞ্চনাটকের পাশাপাশি ‘পদ্মা নদীর মাঝি’র মতো আলোচিত সিনেমাতেও অভিনয় করেছেন তিনি। সাম্প্রতিক সময়ে ভিকি জাহেদের সিরিজ ‘আকা’ এবং রায়হান রাফীর সিনেমা ‘প্রেশার কুকার’-এ অভিনয় করেও নতুন করে আলোচনায় এসেছেন এই অভিনেতা।

Advertisements
Advertisements