মাস শেষ হওয়ার আগেই বেতন শেষ? খরচ নিয়ন্ত্রণে রাখবেন যেভাবে

মাসের শুরুতে বেতন হাতে পেয়ে অনেকেই স্বস্তি অনুভব করেন। বাড়িভাড়া, ঋণের কিস্তি, ক্রেডিট কার্ডের বিল, সন্তানের স্কুলের বেতনসহ প্রয়োজনীয় খরচ মিটিয়ে মনে হয়, মাসের বাজেট ঠিকঠাক রয়েছে। কিন্তু মাসের তৃতীয় সপ্তাহে এসে ব্যাংক হিসাবের ব্যালেন্স কমতে শুরু করে। তখন অনেকের মনেই প্রশ্ন জাগে, এত দ্রুত বেতনের টাকা শেষ হয়ে গেল কীভাবে?
বিশেষজ্ঞদের মতে, দ্রুত বেতন শেষ হয়ে যাওয়ার পেছনে সব সময় কম আয় কিংবা অতিরিক্ত খরচ দায়ী নয়। বরং নিয়মিত ব্যয়ের চাপ, জীবনযাত্রার মানের পরিবর্তন এবং ছোট ছোট অপ্রয়োজনীয় খরচ মিলেই তৈরি করে এই পরিস্থিতি।
যে ৭ কারণে দ্রুত শেষ হয়ে যায় বেতন
১. নির্দিষ্ট খরচের চাপ: বাড়িভাড়া, ঋণের কিস্তি, সন্তানের পড়াশোনার খরচ, বিমার প্রিমিয়াম, গৃহকর্মীর বেতন ও বিদ্যুৎ-গ্যাস-পানির বিল পরিশোধ করতেই বেতনের বড় অংশ চলে যায়। ফলে মাসের শুরুতেই হাতে থাকা অর্থের পরিমাণ অনেক কমে আসে।
২. ছোট ছোট অদৃশ্য খরচ: প্রতিদিনের কফি, বাইরে থেকে খাবার অর্ডার, ঘন ঘন ডিজিটাল লেনদেন কিংবা ছোটখাটো কেনাকাটার খরচ আলাদাভাবে খুব বেশি মনে হয় না। কিন্তু মাস শেষে হিসাব করলে দেখা যায়, এসব খরচেই বড় অঙ্কের টাকা চলে গেছে।
৩. জীবনযাত্রার ব্যয় বৃদ্ধি: আয় বাড়ার সঙ্গে অনেকের খরচও বেড়ে যায়। নতুন ফোন কেনা, ব্যয়বহুল ভ্রমণ কিংবা দামি রেস্তোরাঁয় খাওয়ার অভ্যাস তৈরি হয়। ফলে বেতন বাড়লেও সঞ্চয়ের পরিমাণ বাড়ে না।
৪. ক্রেডিট কার্ডের ফাঁদ: ক্রেডিট কার্ডে কেনাকাটা কিংবা কিস্তিতে পণ্য কেনার সুবিধা তাৎক্ষণিক খরচের চাপ কম মনে করায়। কিন্তু পরবর্তী সময়ে একাধিক কার্ডের বিল ও সুদ পরিশোধ করতে গিয়ে নতুন মাসের বেতনের ওপর চাপ তৈরি হয়।
৫. সাবস্ক্রিপশনের খরচ: ওটিটি প্ল্যাটফর্ম, গান শোনার অ্যাপ, বিভিন্ন সফটওয়্যার ও অনলাইন সদস্যপদের স্বয়ংক্রিয় বিল অনেক সময় খেয়ালই থাকে না। প্রতিটি খরচ সামান্য হলেও সব মিলিয়ে মাস শেষে বড় অঙ্ক দাঁড়ায়।
৬. জরুরি তহবিলের অভাব: হঠাৎ চিকিৎসা ব্যয়, গাড়ি মেরামত, পারিবারিক অনুষ্ঠান কিংবা সন্তানের স্কুলের অতিরিক্ত খরচের জন্য আলাদা সঞ্চয় না থাকলে নিয়মিত বাজেট থেকে টাকা খরচ করতে হয়। এতে মাসের বাকি সময় আর্থিক সংকট তৈরি হতে পারে।
৭. মানসিক ও আচরণগত অভ্যাস: অনেকেই বেতন পাওয়ার পর হাতে থাকা পুরো অর্থকে ইচ্ছামতো খরচ করার টাকা হিসেবে বিবেচনা করেন। প্রয়োজনীয় ব্যয়ের পাশাপাশি শখের কেনাকাটা ও তাৎক্ষণিক ইচ্ছা পূরণ করতে গিয়ে অজান্তেই খরচ বেড়ে যায়।
যেভাবে নিয়ন্ত্রণে রাখবেন মাসের খরচ
মাস শেষ হওয়ার আগেই বেতন শেষ হওয়ার সমস্যা এড়াতে প্রথমেই বেতন পাওয়ার সঙ্গে সঙ্গে নির্দিষ্ট পরিমাণ টাকা সঞ্চয়ের জন্য আলাদা করে রাখতে হবে। এরপর অন্তত ৩০ দিন প্রতিটি খরচের হিসাব রাখলে কোন খাতে কত টাকা ব্যয় হচ্ছে, তা সহজেই বোঝা যাবে।
যেসব সাবস্ক্রিপশন নিয়মিত ব্যবহার করা হয় না, সেগুলো বন্ধ করে দিতে হবে। একই সঙ্গে প্রয়োজনীয় খরচ এবং শখ পূরণের খরচের জন্য আলাদা বাজেট নির্ধারণ করা জরুরি।
ক্রেডিট কার্ডের বিল ও ঋণের বোঝা কমানোর দিকেও নজর দিতে হবে। পাশাপাশি ধীরে ধীরে তিন থেকে ছয় মাসের প্রয়োজনীয় ব্যয়ের সমপরিমাণ অর্থ দিয়ে জরুরি তহবিল গড়ে তোলার চেষ্টা করতে হবে।
মনে রাখতে হবে, বেতন দ্রুত শেষ হওয়ার সমস্যা সব সময় কম আয় কিংবা অতিরিক্ত খরচের ফল নয়। অনেক সময় আয়ের তুলনায় আর্থিক দায়বদ্ধতা ও জীবনযাত্রার ব্যয় বেড়ে যাওয়াও এর কারণ। তাই আয় বাড়ানোর পাশাপাশি অর্থের সঠিক ব্যবস্থাপনা নিশ্চিত করাও জরুরি।



