যশের সঙ্গে ঘনিষ্ঠ দৃশ্য, সিদ্ধার্থের প্রতিক্রিয়া জানালেন কিয়ারা

যশের বিপরীতে অভিনীত সিনেমা ‘টক্সিক’ মুক্তির আগে থেকেই আলোচনায় ছিলেন অভিনেত্রী কিয়ারা আদভানি। বিশেষ করে ছবিতে যশের সঙ্গে তার রসায়ন ও ঘনিষ্ঠ দৃশ্য নিয়ে দর্শকদের মধ্যে তৈরি হয়েছিল ব্যাপক আগ্রহ। তবে প্রত্যাশা অনুযায়ী বক্স অফিসে সাফল্য পায়নি সিনেমাটি। এবার ছবিতে অন্তরঙ্গ দৃশ্যে অভিনয় এবং এ বিষয়ে স্বামী সিদ্ধার্থ মলহোত্রার মনোভাব নিয়ে মুখ খুলেছেন কিয়ারা।
করণ জোহরের জনপ্রিয় অনুষ্ঠান ‘কফি উইথ করণ’-এ উপস্থিত হয়ে এ বিষয়ে কথা বলেন অভিনেত্রী। অনুষ্ঠানে করণ জানতে চান, যশের সঙ্গে তার ঘনিষ্ঠ দৃশ্যগুলো দেখে সিদ্ধার্থের প্রতিক্রিয়া কেমন ছিল।
জবাবে কিয়ারা জানান, তিনি সিদ্ধার্থকে ভালো করেই চেনেন। তাই এ ধরনের দৃশ্য নিয়ে স্বামীর বিশেষ কোনো সমস্যা নেই বলেই মনে করেন তিনি। তবে সিদ্ধার্থের নির্দিষ্ট কোনো প্রতিক্রিয়ার কথা জানাননি অভিনেত্রী।
ঘনিষ্ঠ দৃশ্য নিয়ে দর্শকদের প্রতিক্রিয়া এবং সামাজিক দৃষ্টিভঙ্গি নিয়েও কথা বলেন কিয়ারা। এ প্রসঙ্গে ঐশ্বরিয়া রাইয়ের উদাহরণ টানেন তিনি। নিজের অভিনীত দৃশ্যগুলো নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে দর্শকদের নানা মন্তব্য দেখেছেন বলে জানান অভিনেত্রী। তার মতে, অনেকেই বিষয়টি নিয়ে তীব্র প্রতিক্রিয়া জানিয়েছেন। একই সঙ্গে এ ধরনের ঘটনায় সমাজের দ্বিচারিতাও তার নজরে এসেছে। তাই নিজের অভিনয়ের পক্ষে আলাদা করে কোনো ব্যাখ্যা দেওয়ার প্রয়োজন মনে করেননি তিনি।
অন্যদিকে, ‘টক্সিক’-এর বক্স অফিসের ফলাফল নিয়েও হতাশার কথা জানিয়েছেন কিয়ারা। সিনেমাটির এমন পরিণতি পুরো দলের কারও প্রত্যাশায় ছিল না বলে জানান তিনি। মুক্তির প্রথম সপ্তাহান্তের ফলাফল দেখে মানসিকভাবে ভেঙে পড়েছিলেন অভিনেত্রী।
তবে পরবর্তী সময়ে দর্শকদের কাছ থেকে পাওয়া ইতিবাচক প্রতিক্রিয়া তাকে কিছুটা স্বস্তি দিয়েছে। বিশেষ করে পরিচিত অভিনয়গণ্ডি পেরিয়ে ভিন্নধর্মী চরিত্রে কাজ করার জন্য প্রশংসা পেয়েছেন তিনি।



