ভৌতিক গল্পে আলোচনায় তুর্কি সিনেমা ‘সয়’, মুক্তি বাংলাদেশে

তুর্কি টিভি সিরিজের জনপ্রিয়তা বিশ্বজুড়ে। বাংলাদেশেও দেশটির সিরিজের দর্শক রয়েছে উল্লেখযোগ্যসংখ্যক। এবার সিরিজের পাশাপাশি তুর্কি সিনেমাও জায়গা করে নিচ্ছে দেশের দর্শকদের কাছে। এরই ধারাবাহিকতায় ভৌতিক গল্প নিয়ে নির্মিত আলোচিত তুর্কি সিনেমা ‘সয়’ মুক্তি পাচ্ছে বাংলাদেশের প্রেক্ষাগৃহে।
শুক্রবার (১৩ নভেম্বর) থেকে স্টার সিনেপ্লেক্সের বিভিন্ন শাখায় সিনেমাটি প্রদর্শিত হবে।
অতিপ্রাকৃত ও ভৌতিক গল্পের সিনেমাটি পরিচালনা করেছেন ম্যাক্সিম আলেকজান্দ্রে। পারিবারিক অভিশাপ, প্রাচীন মিসরীয় রহস্য, অশুভ শক্তি এবং রহস্যে ঘেরা একটি প্রাসাদকে কেন্দ্র করে এগিয়েছে এর কাহিনি।
সিনেমার গল্পের শুরু প্রায় ৬০ বছর আগের মিসরের একটি প্রাচীন সমাধি লুণ্ঠনের ঘটনা দিয়ে। সেখানে মুরাত নামের এক ব্যক্তি একটি প্রাচীন চিত্রকর্ম খুঁজে পান। তবে সেটি হাতে পাওয়ার পরই অজান্তে এক ভয়ংকর অভিশাপের শিকার হন তিনি। এর পরিণতিতে পরিবার থেকে বিচ্ছিন্ন হয়ে ইস্তাম্বুলের একটি অন্ধকার প্রাসাদে বন্দিজীবন কাটাতে হয় তাঁকে।
বহু বছর পর মৃত্যুশয্যায় থাকা মুরাত তাঁর নাতি ক্যানকে সেই প্রাসাদে ডেকে পাঠান। দাদার ডাকে প্রেমিকা বাসাক ও কয়েকজন বন্ধুকে নিয়ে পরিবারের পুরোনো প্রাসাদে হাজির হয় ক্যান। কিন্তু সেখানে পৌঁছানোর পরই শুরু হয় অস্বাভাবিক সব ঘটনা। ঘন কুয়াশা পুরো প্রাসাদকে বাইরের পৃথিবী থেকে বিচ্ছিন্ন করে ফেলে। একপর্যায়ে উন্মোচিত হতে থাকে পরিবারের অতীতের ভয়ংকর ও অজানা ইতিহাস।
মিসরীয় অভিশাপ, রহস্যময় প্রাসাদ, পারিবারিক গোপনীয়তা এবং মনস্তাত্ত্বিক আতঙ্ক—সব মিলিয়ে ভিন্নধর্মী ভৌতিক অভিজ্ঞতার আয়োজন রয়েছে সিনেমাটিতে। এতে অভিনয় করেছেন বরিস আর্ডুক, তুবা বুয়ুকুস্তুন ও ফারাহ জেনেপ আব্দুল্লাহসহ আরও অনেকে।



