মিস ইউনিভার্সের মঞ্চে মাহির নতুন লুক, নীল পোশাকে মুগ্ধ ভক্তরা

শুরু হয়েছে মিস ইউনিভার্স ২০২৬-এর ৭৫তম আসর। এবার ক্যারিবীয় দ্বীপাঞ্চল পুয়ের্তো রিকোয় বসেছে বিশ্বসুন্দরীদের এই আন্তর্জাতিক প্রতিযোগিতার আয়োজন। এরই মধ্যে সেখানে পৌঁছে প্রতিযোগিতার বিভিন্ন আয়োজনে অংশ নিচ্ছেন মিস ইউনিভার্স বাংলাদেশ ২০২৬-এর প্রতিনিধি সামিরা খান মাহি।
বৃহস্পতিবার সন্ধ্যায় সামাজিক যোগাযোগমাধ্যমে একগুচ্ছ নতুন ছবি প্রকাশ করেছেন মাহি। ছবিগুলোতে নীল রঙের পোশাকে দেখা গেছে তাকে। প্রতিযোগিতার দ্বিতীয় দিনের অভিজ্ঞতা ভাগ করে নিয়ে অভিনেত্রী লিখেছেন, ‘মিস ইউনিভার্সে দ্বিতীয় দিন! সুন্দর কিছু মুহূর্ত, নতুন বন্ধুত্ব, কঠোর পরিশ্রম আর স্মরণীয় সব অভিজ্ঞতায় কাটল আরও একটি দিন। প্রতিটি পদক্ষেপে নিজের সেরাটা দেওয়ার চেষ্টা করছি।’
মাহির নতুন ছবিগুলো প্রকাশের পরপরই ভক্ত-অনুসারীদের মধ্যে বেশ সাড়া পড়ে। মাত্র ১৫ মিনিটে ছবিগুলোতে এক হাজারের বেশি প্রতিক্রিয়া জমা পড়ে। মন্তব্যের ঘরেও মাহির সৌন্দর্য ও পোশাকের প্রশংসা করার পাশাপাশি তার এবং বাংলাদেশের জন্য শুভকামনা জানিয়েছেন অনেকে।
এবার ৭৫ বছরে পা দিচ্ছে মিস ইউনিভার্স প্রতিযোগিতা। আগামী ২৪ নভেম্বর পুয়ের্তো রিকোয় অনুষ্ঠিত হবে এর চূড়ান্ত পর্ব। আন্তর্জাতিক এই মঞ্চে বাংলাদেশের প্রতিনিধিত্ব করার সুযোগ পেয়ে উচ্ছ্বসিত সামিরা খান মাহিও।
প্রতিযোগিতায় অংশ নিতে দেশ ছাড়ার আগে মাহি জানিয়েছিলেন, রোমাঞ্চের পাশাপাশি তার মধ্যে কিছুটা নার্ভাসনেসও কাজ করছে। কারণ, প্রস্তুতির জন্য খুব বেশি সময় পাননি তিনি। তবে সীমিত সময়ের মধ্যেই নিজেকে প্রস্তুত করে আন্তর্জাতিক মঞ্চে সেরাটা তুলে ধরতে চান এই সুন্দরী।
এর আগে মিস ইউনিভার্সের মঞ্চে বাংলাদেশের প্রতিনিধিত্ব করেছেন শিরিন শিলা, আনিকা আলম ও তানজিয়া জামান মিথিলা। এবার সেই তালিকায় যুক্ত হয়েছেন সামিরা খান মাহি।



