অনেক নারীর বিয়ে হচ্ছে না এই গ্রামে, কারণ কী?

বিয়ের বয়স হয়েছে, নিজের সংসার গড়ার স্বপ্নও রয়েছে। কিন্তু বিয়ের জন্য পাত্র খুঁজে পাওয়া যাচ্ছে না! কারণ তাদের গ্রামে পুরুষের সংখ্যা তুলনামূলকভাবে অনেক কম। আর যারা বিয়ে করতে চান, তাদের জন্য রয়েছে একটি বিশেষ শর্ত-বিয়ের পর গ্রাম ছেড়ে অন্য কোথাও যাওয়া যাবে না, বরং স্বামীকেই স্ত্রীর সঙ্গে এসে থাকতে হবে। শুনতে অবাক লাগলেও, ব্রাজিলের পাহাড়ঘেরা নোইভা দো কোরদেইরো নামের গ্রামকে ঘিরে এমনই এক সামাজিক গল্প দীর্ঘদিন ধরে আলোচনায় রয়েছে। গ্রামটির কাহিনি শুধু বিয়ের জন্য পাত্রের সংকটের নয়, বরং নারীদের স্বাধীনতা, আত্মপরিচয় এবং নিজেদের মতো করে সমাজ গড়ে তোলার এক ব্যতিক্রমী ইতিহাস।
১৩০ বছর আগে যেভাবে গড়ে ওঠে নোইভা দো কোরদেইরো গ্রাম
নোইভা দো কোরদেইরোর ইতিহাসের শুরু উনিশ শতকের শেষ দিকে। ১৮৯১ সালের দিকে মারিয়া সেনহোরিনা দে লিমা নামের এক নারীকে তার পরিবারের সিদ্ধান্তে বিয়ে করতে হয়েছিল। কিন্তু সেই দাম্পত্য জীবন তিনি মেনে নিতে পারেননি। বিয়ের মাত্র কয়েক মাসের মধ্যে স্বামীর সংসার ছেড়ে ভালোবাসার মানুষ ফ্রান্সিসকো ফার্নান্দেসের সঙ্গে চলে যান।
সেই সময়ের রক্ষণশীল সমাজে ঘটনাটি সহজভাবে নেওয়া হয়নি। স্থানীয় ক্যাথলিক গির্জা তাদের সম্পর্ককে মেনে নেয়নি। এমনকি প্রচলিত ঐতিহাসিক বিবরণ অনুযায়ী, তাদের এবং পরবর্তী চার প্রজন্মকে গির্জা থেকে বহিষ্কার করা হয়েছিল। আশপাশের মানুষের সামাজিক বঞ্চনা ও অপমানের মুখে তারা লোকালয় থেকে দূরে একটি এলাকায় বসতি গড়ে তোলেন।
সেখানেই ধীরে ধীরে গড়ে ওঠে নোইভা দো কোরদেইরো। মারিয়া ও ফ্রান্সিসকোর পরিবার বড় হতে থাকে। তাদের বংশধরদের পাশাপাশি সমাজের নানা কারণে উপেক্ষিত মানুষও এই বসতিতে আশ্রয় পান। একসময় এটি একটি স্বতন্ত্র গ্রামীণ সম্প্রদায়ে পরিণত হয়।
নারীদের হাতে গড়ে ওঠা ব্যতিক্রমী সমাজ
এই গ্রামের সবচেয়ে উল্লেখযোগ্য দিক হলো, এখানকার বাসিন্দারা দীর্ঘদিন ধরে সম্মিলিতভাবে জীবনযাপন করে আসছেন। কৃষিকাজ, রান্নাবান্না, ঘরবাড়ির দেখাশোনা, উৎপাদন ও আয়-বিভিন্ন কাজে নারী-পুরুষ একসঙ্গে অংশ নেন। গ্রামের জমি ও সম্পদ ব্যবহারের ক্ষেত্রেও রয়েছে সম্মিলিত উদ্যোগ।
নারীরা শুধু ঘরের কাজেই সীমাবদ্ধ নন। তারা কৃষিকাজ করেন, নিজেদের উৎপাদিত পণ্য বিক্রি করেন এবং গ্রামের অর্থনৈতিক কর্মকাণ্ড পরিচালনায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন। ফলমূল, শাকসবজি, মসলাজাতীয় পণ্য ও নানা ধরনের ঘরোয়া খাবার উৎপাদন করে এই সম্প্রদায় নিজেদের আয়ের পথ তৈরি করেছে।
মিনাস জেরাইস রাজ্যের পর্যটনবিষয়ক সরকারি ওয়েবসাইটেও নোইভা দো কোরদেইরোকে নারীদের নেতৃত্ব ও সম্মিলিত শ্রমের ভিত্তিতে গড়ে ওঠা একটি গ্রামীণ সম্প্রদায় হিসেবে তুলে ধরা হয়েছে।
সত্যিই কি এই গ্রামে পুরুষের অভাব?
নোইভা দো কোরদেইরোকে নিয়ে সবচেয়ে বেশি প্রচারিত গল্প হলো, এখানে নাকি বেশিরভাগ নারী অবিবাহিত এবং বিয়ের জন্য পাত্র পাওয়া যায় না। এমনকি পুরুষদের বিয়ের পর স্ত্রীর গ্রামে এসে থাকতে হয় বলেও বিভিন্ন সংবাদমাধ্যমে দাবি করা হয়েছে।
কিন্তু এই গল্পের বড় একটি অংশই অতিরঞ্জিত। ২০২৩ সালে ন্যাশনাল জিওগ্রাফিক সরেজমিনে অনুসন্ধান করে জানায়, গ্রামটি মোটেও পুরুষশূন্য নয়। সেখানে নারী ও পুরুষের সংখ্যা প্রায় সমান। প্রায় ৩৫০ মানুষের বসবাস এই সম্প্রদায়ে। গ্রামের অনেক পুরুষ কাজের প্রয়োজনে সপ্তাহের বেশির ভাগ সময় বাইরে থাকেন এবং ছুটির দিনে ফিরে আসেন। এ কারণেই বাইরে থেকে গ্রামটিকে নারীদের বসতি বলে মনে হতে পারে।
একই বছর ব্রাজিলের সংবাদমাধ্যম ফোলহা দে সাও পাওলো জানায়, গ্রামটি সম্পর্কে প্রায় এক দশক ধরে ছড়িয়ে পড়া অবিবাহিত নারীদের গ্রাম এবং পাত্রের সংকটের গল্প আসলে ভুয়া খবরের মাধ্যমে জনপ্রিয় হয়েছিল। সেই খবরের প্রভাবে বিদেশ থেকেও অনেক পুরুষ বিয়ের প্রস্তাব পাঠিয়েছিলেন।
বিয়ের চেয়েও বড় নিজের পরিচয় ও স্বাধীনতা
নোইভা দো কোরদেইরোর আসল বিশেষত্ব বিয়ের জন্য পাত্রের অভাব নয়। বরং সমাজের প্রচলিত বৈষম্য ও ধর্মীয়-সামাজিক বঞ্চনার বিরুদ্ধে দাঁড়িয়ে নিজেদের মতো করে জীবন গড়ে তোলার ইতিহাস। এখানে নারীরা নিজেদের কাজ, মতামত ও সিদ্ধান্তের গুরুত্ব দেন। গ্রামের বাসিন্দাদের কাছে পারস্পরিক সহযোগিতা এবং সমান অধিকার গুরুত্বপূর্ণ।
একসময় যে নারীকে সমাজের নিয়ম ভাঙার অপরাধে অপমানিত হতে হয়েছিল, তার নামেই আজ পরিচিত একটি স্বতন্ত্র সম্প্রদায়। মারিয়া সেনহোরিনা দে লিমার সেই প্রতিবাদই পরবর্তী প্রজন্মের কাছে স্বাধীনভাবে বেঁচে থাকার অনুপ্রেরণা হয়ে উঠেছে।
তাই ব্রাজিলের এই গ্রামকে শুধু অবিবাহিত নারীদের গ্রাম বললে এর প্রকৃত ইতিহাস আড়াল হয়ে যায়। এটি মূলত নারীদের নেতৃত্ব, সম্মিলিত জীবনযাপন এবং সামাজিক স্বাধীনতার এক ব্যতিক্রমী উদাহরণ। স্বাধীনভাবে থাকতে অনেকেই বিয়ে করেন না। এটা একান্তই তাদের ব্যক্তিগত পছন্দ। তবে পুরুষের অভাব কথাটা পুরোপুরি সঠিক নাও হতে পারে। গ্রামের ছেলে সন্তানরা বড় হয়ে বাইরে কাজের জন্য চলে যায়। যেখানে বিয়ে করেও অনেকে সংসার করে। এজন্য পুরুষের বসবাস এখানে নারীদের চেয়ে খানিকটা কম।
সূত্র: ন্যাশনাল জিওগ্রাফি



