মোবাইল হাতছাড়া হলেই অস্থিরতা? অজান্তেই ভুগছেন না তো নোমোফোবিয়ায়!

সকালে ঘুম থেকে উঠেই প্রথম কাজ মোবাইলের নোটিফিকেশন দেখা। বাইরে বের হওয়ার সময় বারবার পকেটে হাত দিয়ে ফোন আছে কি না নিশ্চিত হওয়া। কিছুক্ষণের জন্য ফোন চোখের আড়াল হলেই অস্থির লাগা। ইন্টারনেট সংযোগ চলে গেলে কিংবা মোবাইলের চার্জ শেষ হয়ে এলে মেজাজ খারাপ হয়ে যাওয়া।কালে ঘুম থেকে উঠেই প্রথম কাজ মোবাইলের নোটিফিকেশন দেখা। বাইরে বের হওয়ার সময় বারবার পকেটে হাত দিয়ে ফোন আছে কি না নিশ্চিত হওয়া। কিছুক্ষণের জন্য ফোন চোখের আড়াল হলেই অস্থির লাগা। ইন্টারনেট সংযোগ চলে গেলে কিংবা মোবাইলের চার্জ শেষ হয়ে এলে মেজাজ খারাপ হয়ে যাওয়া। এমন অভিজ্ঞতা কি আপনারও হয়? তাহলে বিষয়টি কেবল মোবাইলের প্রতি অতিরিক্ত ভালো লাগা নয়, এর পেছনে থাকতে পারে একধরনের মানসিক অস্বস্তি, যার নাম নোমোফোবিয়া।
নোমোফোবিয়া কী?
নোমোফোবিয়া শব্দটি এসেছে ‘নো মোবাইল ফোন ফোবিয়া’ থেকে। অর্থাৎ মোবাইল ফোন ব্যবহার করতে না পারা কিংবা ফোন থেকে বিচ্ছিন্ন হয়ে পড়ার ভয় বা উদ্বেগ। ২০০৮ সালে যুক্তরাজ্যে পরিচালিত একটি গবেষণায় প্রথমবারের মতো বিষয়টি আলোচনায় আসে। স্মার্টফোন ও ইন্টারনেটের ওপর মানুষের নির্ভরশীলতা বাড়ার সঙ্গে সঙ্গে এই প্রবণতাও আলোচনায় এসেছে।
নোমোফোবিয়া এখনো স্বতন্ত্রভাবে স্বীকৃত কোনো মানসিক রোগের আনুষ্ঠানিক নাম নয়। তবে ফোন থেকে বিচ্ছিন্ন হওয়ার আশঙ্কায় অতিরিক্ত উদ্বেগ, অস্থিরতা ও দৈনন্দিন জীবনে ব্যাঘাত ঘটার বিষয়টি মানসিক স্বাস্থ্যের আলোচনায় গুরুত্ব পাচ্ছে।
কীভাবে বুঝবেন আপনি নোমোফোবিয়ায় আক্রান্ত হওয়ার ঝুঁকিতে আছেন?
নোমোফোবিয়ার কিছু সাধারণ লক্ষণ রয়েছে। যেমন—ফোন কাছে না থাকলে অস্থিরতা অনুভব করা, বারবার ফোনের চার্জ পরীক্ষা করা, প্রয়োজন না থাকলেও ঘন ঘন নোটিফিকেশন দেখা, ইন্টারনেট সংযোগ না থাকলে উদ্বিগ্ন হয়ে পড়া কিংবা ফোন হারিয়ে যাওয়ার আশঙ্কায় ভোগা। এ ছাড়া ফোন ছাড়া কোথাও যেতে অস্বস্তি বোধ করা, ঘুমানোর সময়ও ফোন হাতের কাছে রাখা, মাঝরাতে ঘুম ভেঙে ফোন পরীক্ষা করা এবং পরিবারের সদস্য বা বন্ধুদের সঙ্গে সময় কাটানোর সময়ও বারবার ফোন দেখা এই প্রবণতার ইঙ্গিত হতে পারে। কারও কারও ক্ষেত্রে ফোন ব্যবহার করতে না পারলে হৃদস্পন্দন বেড়ে যাওয়া, ঘাম হওয়া, হাত-পা কাঁপা কিংবা শ্বাস নিতে অস্বস্তিও দেখা দিতে পারে। তবে এসব লক্ষণ অন্য উদ্বেগজনিত সমস্যার কারণেও হতে পারে।
কেন বাড়ছে নোমোফোবিয়ার প্রবণতা?
স্মার্টফোন এখন শুধু যোগাযোগের মাধ্যম নয়। বিনোদন, কেনাকাটা, পড়াশোনা, অফিসের কাজ, সামাজিক যোগাযোগ—সবকিছুই যেন একটি ছোট পর্দায় বন্দি। ফলে ফোন থেকে দূরে থাকা মানেই অনেকের কাছে প্রয়োজনীয় তথ্য, যোগাযোগ কিংবা বিনোদনের সুযোগ হারানোর আশঙ্কা। সামাজিক যোগাযোগমাধ্যমে অন্যদের জীবনযাপন, ছবি কিংবা নতুন কোনো ঘটনার আপডেট জানার আগ্রহও ফোনের প্রতি নির্ভরশীলতা বাড়ায়। বিশেষ করে কোনো গুরুত্বপূর্ণ বার্তা বা নোটিফিকেশন মিস হয়ে যাওয়ার ভয় অনেককে বারবার ফোন পরীক্ষা করতে বাধ্য করে। একে বলা হয় ফিয়ার অব মিসিং আউট বা ফোমো।
একাকিত্ব, মানসিক চাপ, উদ্বেগ, অবসর কাটানোর বিকল্পের অভাব এবং সামাজিক স্বীকৃতি পাওয়ার আকাঙ্ক্ষাও অতিরিক্ত ফোন ব্যবহারের পেছনে ভূমিকা রাখতে পারে।
নোমোফোবিয়া থেকে বেরিয়ে আসবেন কীভাবে?
প্রথমেই নিজের ফোন ব্যবহারের অভ্যাস সম্পর্কে সচেতন হতে হবে। অপ্রয়োজনীয় নোটিফিকেশন বন্ধ রাখুন। ঘুমানোর অন্তত এক ঘণ্টা আগে ফোন থেকে দূরে থাকার চেষ্টা করুন। খাওয়ার সময়, পরিবারের সঙ্গে গল্প করার সময় কিংবা বন্ধুদের সঙ্গে আড্ডায় ফোন ব্যবহার এড়িয়ে চলুন।
প্রতিদিন কিছুটা সময় ফোন ছাড়াই কাটানোর অভ্যাস তৈরি করুন। বই পড়া, হাঁটাহাঁটি, শরীরচর্চা, বাগান করা কিংবা পছন্দের কোনো কাজে নিজেকে ব্যস্ত রাখুন। প্রয়োজন ছাড়া বারবার ফোন হাতে নেওয়ার অভ্যাস কমাতে স্ক্রিন টাইম পর্যবেক্ষণ করতে পারেন।
তবে ফোন ব্যবহার কমানোর চেষ্টা করতে গিয়ে যদি তীব্র উদ্বেগ তৈরি হয় কিংবা পড়াশোনা, কাজ, ঘুম ও ব্যক্তিগত সম্পর্কে নেতিবাচক প্রভাব পড়ে, তাহলে মনোরোগ বিশেষজ্ঞ বা মনোবিজ্ঞানীর পরামর্শ নেওয়া জরুরি। প্রয়োজনে মনস্তাত্ত্বিক চিকিৎসা সহায়ক হতে পারে।
মনে রাখতে হবে, প্রযুক্তি আমাদের জীবনকে সহজ করার জন্য, আমাদের জীবন নিয়ন্ত্রণ করার জন্য নয়। তাই মোবাইল ফোনের সঙ্গে সম্পর্কটা এমন হওয়া জরুরি, যেখানে প্রয়োজনের সময় ফোন ব্যবহার করবেন আপনি, ফোনের প্রয়োজনের কাছে জিম্মি হয়ে পড়বেন না।



