বেলুন কেনার সামর্থ্য নেই, পলিথিনে বাতাস ভরেই বাবার জন্মদিন পালন

দামি কেক কিংবা রঙিন বেলুন কেনার সামর্থ্য নেই। তাই সাধারণ পলিথিনের ব্যাগে বাতাস ভরে বেলুন বানিয়ে বাবার জন্মদিন উদযাপন করেছে ফিলিপাইনের এক পরিবারের শিশুরা। সন্তানদের এমন ব্যতিক্রমী আয়োজন সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে আবেগাপ্লুত হন নেটিজেনরা।
ঘটনাটি ২০২১ সালের এপ্রিলের। পরিবারের আর্থিক সংকটের কারণে বাবার জন্মদিনে প্রচলিত বেলুন বা কেক কেনা সম্ভব ছিল না শিশুদের। তবে বাবার বিশেষ দিনটি আনন্দময় করে তুলতে নিজেদের মতো করে আয়োজন করে তারা।
এ জন্য মুদি দোকান থেকে সংগ্রহ করা স্বচ্ছ পলিথিনের ব্যাগে ফুঁ দিয়ে বাতাস ভরে বেলুনের মতো তৈরি করে শিশুরা। এরপর সেগুলোতে লিখে দেয় ‘হ্যাপি বার্থডে পাপা’। পাশাপাশি ঘরে থাকা সামান্য উপকরণ ও ডিম দিয়ে তৈরি করে জন্মদিনের জন্য একটি প্রতীকী কেক।
সারাদিনের কাজ শেষে বাড়ি ফিরে সন্তানদের এমন আয়োজন দেখে আবেগাপ্লুত হয়ে পড়েন বাবা। সন্তানদের সামর্থ্যের মধ্যে করা এই ছোট্ট আয়োজনই তাঁর কাছে হয়ে ওঠে বিশেষ উপহার।
ঘটনাটির ছবি ও ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে ব্যাপক প্রশংসা করেন নেটিজেনরা। সম্প্রতি একই ধরনের একটি কাল্পনিক বর্ণনা সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর ২০২১ সালের পুরোনো ঘটনাটিও নতুন করে আলোচনায় আসে।
অনেকের মতে, ভালোবাসার প্রকাশে অর্থ-সম্পদ কখনোই মুখ্য নয়। দামি উপহারের চেয়ে প্রিয়জনের জন্য আন্তরিকতা ও ভালোবাসা অনেক বেশি মূল্যবান। শিশুদের এই ছোট্ট উদ্যোগ যেন সেই কথাই আবারও মনে করিয়ে দিয়েছে।
তথ্যসূত্র: ওয়ার্ল্ড অব বাজ



