২৬ বছরের প্রেমের পর ৮৪ বছর বয়সে বিয়ে করলেন মাইকেল ব্লুমবার্গ

প্রেমের সম্পর্কের ২৬ বছর পর ৮৪ বছর বয়সে দীর্ঘদিনের সঙ্গী ডায়ানা টেলরকে বিয়ে করেছেন যুক্তরাষ্ট্রের ধনকুবের ও নিউইয়র্কের সাবেক মেয়র মাইকেল ব্লুমবার্গ। ৭১ বছর বয়সী ডায়ানার সঙ্গে দীর্ঘদিনের সম্পর্ককে এবার আনুষ্ঠানিক পরিণতি দিলেন তিনি।
সোমবার (৯ নভেম্বর) নিউইয়র্কের আপার ইস্ট সাইডে নিজেদের বাড়িতে ঘরোয়া আয়োজনে বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন করেন এই জুটি। অনুষ্ঠানে পরিবারের সদস্যদের পাশাপাশি উপস্থিত ছিলেন ব্লুমবার্গের দুই মেয়ে এমা ও জর্জিনা। বিয়ের খবরটি সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে এক পোস্টের মাধ্যমে নিশ্চিত করেন তাঁর মুখপাত্র। পরে প্রায় ১৫ জন অতিথিকে নিয়ে মধ্যাহ্নভোজের আয়োজন করেন নবদম্পতি।
২০০০ সালে একটি ব্যবসায়িক মধ্যাহ্নভোজে প্রথম পরিচয় হয় ব্লুমবার্গ ও ডায়ানার। সে সময় নিউইয়র্কের মেয়র নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছিলেন ব্লুমবার্গ। পরে একটি রেস্তোরাঁয় আবার দেখা হলে ডায়ানাকে একসঙ্গে পানীয় পানের আমন্ত্রণ জানান তিনি। সেই পরিচয় থেকেই শুরু হয় তাঁদের সম্পর্ক।
এর আগে ১৯৭৫ সালে সুসান ব্রাউনকে বিয়ে করেছিলেন ব্লুমবার্গ। ১৯৯৩ সালে তাঁদের বিচ্ছেদ হয়। আগের সংসারে এমা ও জর্জিনা নামে তাঁর দুই মেয়ে রয়েছে। অন্যদিকে, ডায়ানা ও ব্লুমবার্গের একসঙ্গে কোনো সন্তান নেই।
২০২০ সালে দ্য ওয়াশিংটন পোস্টকে দেওয়া এক সাক্ষাৎকারে ডায়ানা তাঁদের সম্পর্ক ও পরিবার নিয়ে কথা বলেছিলেন। সেখানে ব্লুমবার্গের দুই মেয়েকে নিজের বন্ধুর মতো মনে করেন বলে জানিয়েছিলেন তিনি।
সাবেক ভোগ সম্পাদক অ্যানা উইনটোরও ডায়ানার প্রশংসা করেছেন। তাঁর মতে, ব্লুমবার্গের সঙ্গী হিসেবে পরিচিত হওয়ার বাইরেও ডায়ানার নিজস্ব পরিচয় ও ব্যক্তিত্ব রয়েছে। তিনি বুদ্ধিমতী ও স্বাধীনচেতা একজন নারী।
দীর্ঘ ২৬ বছরের সম্পর্কের পর বিয়ের সিদ্ধান্ত এবং ঘরোয়া আয়োজন—সব মিলিয়ে এই জুটির গল্প আবারও মনে করিয়ে দিল, ভালোবাসার ক্ষেত্রে বয়স কোনো বাধা নয়।
সূত্র: পিপল



