৯ নভেম্বর, ২০২৬ | সোমবারবাংলা: ২৪ কার্তিক ১৪৩৩
নারী

এনসিপির নারী সংগঠনের দায়িত্বে পাইলট ফারিয়াল হামিদ

ncp-6af1e2d830050

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) অঙ্গসংগঠন জাতীয় নারী শক্তির ঢাকা মহানগর দক্ষিণের নবগঠিত আহ্বায়ক কমিটিতে সদস্য সচিবের দায়িত্ব পেয়েছেন বাণিজ্যিক সিভিল পাইলট ইথার ফারিয়াল হামিদ। পেশাগত জীবনে বিমান চালানোর পাশাপাশি বিমান চলাচলের নিরাপত্তা ও বিমান দুর্ঘটনা নিয়ে উচ্চতর গবেষণার সঙ্গেও যুক্ত রয়েছেন তিনি।

রোববার (৮ নভেম্বর) রাতে জাতীয় নারী শক্তির ঢাকা মহানগর দক্ষিণের তিন সদস্যবিশিষ্ট আংশিক আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়। সংগঠনটির মুখ্য সংগঠক মনজিলা ঝুমার সুপারিশের ভিত্তিতে নতুন কমিটি গঠন করা হয়েছে। এ সংক্রান্ত বিজ্ঞপ্তিতে স্বাক্ষর করেন জাতীয় নারী শক্তির আহ্বায়ক মাহমুদা আলম মিতু এমপি এবং সদস্য সচিব নুসরাত তাবাসসুম জ্যোতি এমপি।

ঘোষিত কমিটিতে ঢাকা মহানগর দক্ষিণের আহ্বায়ক হিসেবে দায়িত্ব পেয়েছেন সিফাত সুলতানা মিম। সদস্য সচিব করা হয়েছে বাণিজ্যিক সিভিল পাইলট ইথার ফারিয়াল হামিদকে। অন্যদিকে মুখ্য সংগঠকের দায়িত্ব পেয়েছেন ফাতেমা রহমান মেঘা।

এদিকে একই দিনে জাতীয় নারী শক্তির ঢাকা মহানগর উত্তরেরও তিন সদস্যবিশিষ্ট আংশিক আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়েছে। এই কমিটিতে আহ্বায়ক হিসেবে মনোনীত হয়েছেন খন্দকার খালেদা আক্তার। সদস্য সচিবের দায়িত্ব পেয়েছেন রেহানা আক্তার রুমা এবং মুখ্য সংগঠক হয়েছেন সালমা আক্তার।

সংগঠনটির বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণের নবনিযুক্ত নেতাদের আগামী ১৫ দিনের মধ্যে নিজ নিজ এলাকার পূর্ণাঙ্গ কমিটি গঠনের প্রস্তাব জমা দিতে হবে।

উল্লেখ্য, জাতীয় নারী শক্তি জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) একটি অঙ্গসংগঠন। নতুন এই কমিটি ঘোষণার মধ্য দিয়ে রাজধানীর দুই মহানগর এলাকায় সংগঠনটির সাংগঠনিক কার্যক্রম আরও বিস্তৃত করার উদ্যোগ নেওয়া হয়েছে।

Advertisements
Advertisements