১০ নভেম্বর, ২০২৬ | মঙ্গলবারবাংলা: ২৫ কার্তিক ১৪৩৩
বিবিধ

সিলেটে অন্নকূট মহোৎসব, রান্না হচ্ছে ১২০০ পদের নিরামিষ খাবার

Sylhet-Annakut-6af1fa5b6b5a7

শ্রীকৃষ্ণের গোবর্ধন লীলাকে স্মরণ করে সিলেটে আয়োজন করা হচ্ছে বর্ণাঢ্য অন্নকূট মহোৎসব। এ উপলক্ষে প্রায় ১ হাজার ২০০ পদের নিরামিষ ব্যঞ্জন রান্না করা হচ্ছে। মঙ্গলবার সিলেট নগরের আন্তর্জাতিক কৃষ্ণভাবনামৃত সংঘের (ইসকন) মন্দিরে দিনব্যাপী নানা ধর্মীয় আয়োজনের মধ্য দিয়ে উদযাপিত হবে এ উৎসব।

অন্নকূট শব্দের বৈদিক অর্থ ‘অন্নের পাহাড়’। ইসকন সিলেট মন্দিরের সাধারণ সম্পাদক ভাগবত করুণা দাস ব্রহ্মচারী জানান, দেবরাজ ইন্দ্রের অতিবৃষ্টি থেকে ব্রজবাসীদের রক্ষা করতে শ্রীকৃষ্ণ গোবর্ধন পর্বত ধারণ করেছিলেন। শ্রীকৃষ্ণের সেই লীলাকে স্মরণ করেই প্রতিবছর অন্নকূট মহোৎসবের আয়োজন করা হয়।

তিনি জানান, এবারের উৎসব উপলক্ষে সারা রাত ধরে মন্দিরে একাধিক চুলায় ভক্তদের সহযোগিতায় প্রায় ১ হাজার ২০০ পদের নিরামিষ খাবার রান্না করা হচ্ছে। পরে এসব খাবার ভগবান গোবর্ধনের উদ্দেশে নিবেদন করা হবে।

উৎসবে অংশগ্রহণকারী সব ধর্ম ও বর্ণের অনুসারীদের মধ্যে মহাপ্রসাদ বিতরণ করা হবে। পাশাপাশি শিবমন্দিরেও প্রসাদ বিতরণের আয়োজন রাখা হয়েছে।

আয়োজকদের ঘোষিত কর্মসূচি অনুযায়ী, মঙ্গলবার ভোরে মঙ্গল আরতির মধ্য দিয়ে উৎসবের আনুষ্ঠানিক সূচনা হবে। এরপর সকালে অনুষ্ঠিত হবে দর্শন আরতি ও গুরুপূজা। এ ছাড়া শ্রীমদ্ভাগবত পাঠের আয়োজনও রয়েছে।

দুপুরে অনুষ্ঠিত হবে গো-ব্রাহ্মণ পূজা, গিরিগোবর্ধন পূজা ও ভোগ আরতি। পাশাপাশি ‘অন্নকূট লীলা’ শীর্ষক আলোচনা সভার আয়োজন করা হয়েছে। দিনব্যাপী এসব ধর্মীয় আনুষ্ঠানিকতা ও আয়োজনের মধ্য দিয়ে শ্রীকৃষ্ণের গোবর্ধন লীলার তাৎপর্য তুলে ধরা হবে।

Advertisements

অন্নকূট মহোৎসবে প্রধান আশীর্বাদক হিসেবে উপস্থিত থাকবেন ইসকন বাংলাদেশের সহ-সভাপতি ও ইসকন সিলেটের অধ্যক্ষ শ্রীমৎ ভক্তি অদ্বৈত নবদ্বীপ স্বামী মহারাজ।

সিলেট নগরের ইসকন মন্দিরে আয়োজিত এ উৎসবকে ঘিরে ভক্তদের মধ্যে উৎসাহ-উদ্দীপনা বিরাজ করছে। বিপুলসংখ্যক নিরামিষ পদ নিবেদন এবং বিভিন্ন ধর্মীয় অনুষ্ঠানের মধ্য দিয়ে এবারের অন্নকূট মহোৎসব উদযাপিত হবে।

Advertisements