গোবিন্দের সঙ্গে ৪০ বছরের সংসার, সম্পর্কের ভবিষ্যৎ নিয়ে মুখ খুললেন সুনীতা

বলিউড অভিনেতা গোবিন্দ ও তার স্ত্রী সুনীতা আহুজার দাম্পত্য জীবন নিয়ে আলোচনা যেন থামছেই না। অভিনেতার বিরুদ্ধে পরকীয়ার অভিযোগ তুলে একাধিকবার নিজের ক্ষোভ ও অসন্তোষ প্রকাশ করেছেন সুনীতা। বিশেষ করে গোবিন্দের সাবেক সহ-অভিনেত্রী কোমল রানিকে ঘিরে বিভিন্ন গুঞ্জন তাদের ব্যক্তিগত জীবনকে নতুন করে আলোচনায় নিয়ে এসেছে। তবে সম্পর্কের টানাপোড়েন থাকলেও দাম্পত্য জীবনের ভবিষ্যৎ নিয়ে এখনো আশাবাদী সুনীতা।
সম্প্রতি এক সাক্ষাৎকারে প্রায় ৪০ বছরের দাম্পত্য জীবন এবং গোবিন্দের সঙ্গে সম্পর্কের ভবিষ্যৎ নিয়ে কথা বলেছেন তিনি। তাদের পরিবার আবারও আগের মতো সুখী ও স্বাভাবিক পরিবেশ ফিরে পাবে কি না, এমন প্রশ্নের মুখোমুখি হন সুনীতা।
জবাবে তিনি জানান, পরিবারের মধ্যে আবারও সুখের পরিবেশ ফিরে আসবে বলে তার বিশ্বাস। বর্তমানে তাদের সম্পর্কের পরিস্থিতি হয়তো খুব একটা অনুকূলে নেই। তবে দীর্ঘ প্রায় চার দশকের দাম্পত্য জীবন এত সহজে শেষ হয়ে যাওয়ার নয় বলেই মনে করেন তিনি।
সুনীতা বলেন, ‘গোবিন্দ তার মতো কাজ করছেন, আমিও নিজের কাজে ব্যস্ত রয়েছি। কিন্তু এই জীবনে কেউ আমাদের আলাদা করতে পারবে না। বাকি সবকিছু ঈশ্বরের ওপর ছেড়ে দিয়েছি।’
নিজেদের ভবিষ্যৎ নিয়েও সৃষ্টিকর্তার ওপর পূর্ণ আস্থা রাখার কথা জানিয়েছেন সুনীতা। তার বিশ্বাস, তাদের দুজনের জন্য যা ভালো, ঈশ্বর শেষ পর্যন্ত সেটাই করবেন। এ নিয়ে কারও কাছে তার বিশেষ কোনো প্রত্যাশা নেই। বরং জীবনের পরবর্তী সিদ্ধান্ত ও পরিস্থিতি সৃষ্টিকর্তার হাতেই ছেড়ে দিতে চান তিনি।
উল্লেখ্য, গোবিন্দ ও সুনীতার দাম্পত্য জীবনের বয়স প্রায় ৪০ বছর। দীর্ঘ এই সময়ে নানা চড়াই-উতরাইয়ের মধ্য দিয়ে যেতে হয়েছে তাদের। সাম্প্রতিক সময়ে সম্পর্কের টানাপোড়েন, পরকীয়ার অভিযোগ এবং বিচ্ছেদের গুঞ্জন নিয়ে বিভিন্ন মহলে আলোচনা চলছে। তবে এত কিছুর পরও নিজেদের সংসার ও সম্পর্কের ভবিষ্যৎ নিয়ে এখনো আশাবাদী সুনীতা।



