ঢাকায় হঠাৎ বৃষ্টি, শীত নামছে কবে?

সকাল থেকে রাজধানী ঢাকার আকাশ ছিল পরিষ্কার। তবে দুপুরের পর থেকেই বদলাতে শুরু করে আবহাওয়া। আকাশে জমে কালো মেঘ, সঙ্গে বইতে থাকে হালকা শীতল বাতাস। সন্ধ্যার পর রাজধানীর বিভিন্ন এলাকায় শুরু হয় গুঁড়িগুঁড়ি বৃষ্টি। কোথাও কোথাও শোনা যায় মেঘের গর্জনও। এতে আবহাওয়ায় শীতের আমেজ আরও স্পষ্ট হয়ে ওঠে।
আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, সোমবার (৯ নভেম্বর) সন্ধ্যা ৭টা থেকে পরবর্তী ছয় ঘণ্টায় ঢাকা ও আশপাশের এলাকার আকাশ মেঘলা থেকে অস্থায়ীভাবে মেঘাচ্ছন্ন থাকতে পারে। এ সময় হালকা বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। পাশাপাশি কমতে পারে রাতের তাপমাত্রা।
নভেম্বরের মাঝামাঝি বাড়বে শীতের অনুভূতি
দেশে ধীরে ধীরে শীতের আগমনী বার্তা পাওয়া যাচ্ছে। ঋতুচক্র অনুযায়ী, কার্তিকের শেষভাগ অর্থাৎ নভেম্বরের মাঝামাঝি সময় থেকেই শীতের আমেজ শুরু হয়। এরপর ধীরে ধীরে বাড়তে থাকে শীতের তীব্রতা।
আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাস অনুযায়ী, নভেম্বরের তৃতীয় সপ্তাহে দেশের বিভিন্ন অঞ্চলে শীতের অনুভূতি আরও বাড়তে পারে। বিশেষ করে ১৮ নভেম্বরের পর থেকে তাপমাত্রা কমে শীতের আবহ আরও স্পষ্ট হওয়ার সম্ভাবনা রয়েছে।
আবহাওয়াবিদ এ কে এম নাজমুল হক জানিয়েছেন, ইতোমধ্যে উত্তরবঙ্গের বিভিন্ন এলাকায় তাপমাত্রা কমতে শুরু করেছে। বর্তমানে এসব অঞ্চলে তাপমাত্রা ১৮ থেকে ২০ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে রয়েছে। তাপমাত্রা ২৪ ডিগ্রি সেলসিয়াসের নিচে নামলে শীতের আবহ তৈরি হতে শুরু করে। উত্তরবঙ্গের বিভিন্ন এলাকায় ইতোমধ্যে সেই পরিস্থিতি দেখা যাচ্ছে।
তিনি আরও জানান, আগামী কয়েক দিনে সারা দেশে দিন ও রাতের তাপমাত্রা আরও কিছুটা কমতে পারে। ১৮ নভেম্বরের পর রংপুর, রাজশাহী, ময়মনসিংহ ও সিলেট বিভাগসহ দেশের বিভিন্ন অঞ্চলে শীতের অনুভূতি বাড়ার সম্ভাবনা রয়েছে। পাশাপাশি সামনে বৃষ্টিপাতেরও পূর্বাভাস রয়েছে।
উত্তরাঞ্চলে কমেছে তাপমাত্রা
আবহাওয়া অধিদপ্তরের সোমবারের বুলেটিন অনুযায়ী, ওই দিন সকাল ৬টা পর্যন্ত আগের ২৪ ঘণ্টায় দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে পঞ্চগড়ের তেঁতুলিয়ায়, ১৫ ডিগ্রি সেলসিয়াস।
এ ছাড়া দেশের উত্তরাঞ্চলের কয়েকটি জেলায় তাপমাত্রা ২০ ডিগ্রি সেলসিয়াসের নিচে নেমে এসেছে। এর মধ্যে নীলফামারীর ডিমলায় ১৮ দশমিক ৫, দিনাজপুরে ১৯ দশমিক ৩, কুড়িগ্রামের রাজারহাটে ১৯ দশমিক ৪ এবং সৈয়দপুরে ১৯ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। অন্যদিকে রংপুরে সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২০ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস।
সব মিলিয়ে নভেম্বরের মাঝামাঝি থেকেই দেশের বিভিন্ন অঞ্চলে শীতের উপস্থিতি বাড়তে পারে। বিশেষ করে নভেম্বরের তৃতীয় সপ্তাহে উত্তরাঞ্চলসহ দেশের অন্যান্য এলাকায় শীতের আমেজ আরও স্পষ্ট হওয়ার সম্ভাবনা রয়েছে।



