রাসায়নিক দিয়ে পাকানো কলা চেনার ৬ উপায়

সকালের নাশতা কিংবা দিনের অন্য সময়ে অনেকেই কলা খেতে পছন্দ করেন। পুষ্টিগুণ ও সহজলভ্যতার কারণে জনপ্রিয় এই ফল কেনার সময় কিছুটা সতর্ক থাকা জরুরি। কারণ, দ্রুত পাকিয়ে বাজারজাত করতে কিছু অসাধু ব্যবসায়ী অননুমোদিত রাসায়নিক ব্যবহার করেন বলে অভিযোগ রয়েছে। এসব রাসায়নিক বা এর সঙ্গে থাকা ক্ষতিকর দূষক স্বাস্থ্যের জন্য ঝুঁকিপূর্ণ হতে পারে।

তবে শুধু কলার রং বা বাহ্যিক চেহারা দেখে রাসায়নিক দিয়ে পাকানো হয়েছে কি না, তা নিশ্চিত হওয়া সম্ভব নয়। তারপরও কয়েকটি লক্ষণ দেখে সতর্ক হওয়া যায়।
রাসায়নিক দিয়ে পাকানো কলা চেনার ৬টি লক্ষণ তুলে ধরা হলো—
১. খোসায় বাদামি ছোপ নেই
প্রাকৃতিকভাবে পাকলে অনেক কলার খোসায় ছোট ছোট বাদামি বা কালচে ছোপ দেখা যায়। অন্যদিকে, কিছু কৃত্রিমভাবে পাকানো কলার খোসা তুলনামূলকভাবে দাগহীন থাকতে পারে। তবে সব প্রাকৃতিকভাবে পাকা কলায় বাদামি ছোপ থাকে না। তাই এটিকে একমাত্র মানদণ্ড হিসেবে বিবেচনা করা ঠিক নয়।
২. অস্বাভাবিক উজ্জ্বল হলুদ রং
কলার খোসা যদি পুরোপুরি একই রকম উজ্জ্বল হলুদ হয় এবং কোথাও রঙের তেমন পার্থক্য না থাকে, তাহলে সতর্ক হওয়া উচিত। এটি কৃত্রিমভাবে পাকানোর সম্ভাব্য লক্ষণ হতে পারে। তবে কলার জাত ও পাকার পর্যায় অনুযায়ী রঙের ভিন্নতা স্বাভাবিক।
৩. বোঁটা সবুজ, কিন্তু কলা হলুদ
কলার খোসা পুরোপুরি হলুদ হয়ে গেছে, অথচ বোঁটা এখনো সবুজ বা কাঁচা অবস্থায় রয়েছে—এমন হলে সন্দেহ হতে পারে। কারণ, ফলের বাইরের অংশ ও বোঁটার পাকার মধ্যে অস্বাভাবিক পার্থক্য দেখা গেলে তা কৃত্রিমভাবে পাকানোর সম্ভাব্য ইঙ্গিত হতে পারে।
৪. বাইরে পাকা, ভেতরে কাঁচা
কলা বাইরে থেকে দেখতে পাকা ও হলুদ হলেও ভেতরের অংশ শক্ত থাকতে পারে। খাওয়ার সময় কাঁচা স্বাদ বা কষভাব অনুভূত হলে বুঝতে হবে কলাটি পুরোপুরি পাকার আগেই বাজারজাত করা হয়েছে কি না, তা খেয়াল করা প্রয়োজন।
৫. স্বাভাবিক মিষ্টি গন্ধ নেই
প্রাকৃতিকভাবে পাকা কলায় সাধারণত পরিচিত মিষ্টি সুগন্ধ থাকে। কিন্তু কোনো কলা দেখতে পাকা হলেও তাতে স্বাভাবিক গন্ধ না থাকলে সতর্ক হওয়া উচিত। তবে গন্ধের পার্থক্য কলার জাত ও সংরক্ষণের অবস্থার কারণেও হতে পারে।
৬. থোকার সব কলা একই রকম পাকা
একটি থোকার সব কলা যদি একই সময়ে একই রঙে ও একই অবস্থায় পেকে যায়, তাহলে কৃত্রিমভাবে পাকানোর সম্ভাবনা থাকতে পারে। প্রাকৃতিকভাবে পাকানোর ক্ষেত্রে একই থোকার কলায় কিছুটা তারতম্য দেখা যেতে পারে।
রাসায়নিক দিয়ে পাকানো কলা খেলে কী হতে পারে?
কলা পাকাতে ক্যালসিয়াম কার্বাইডের মতো অননুমোদিত রাসায়নিক ব্যবহার করা হলে তা স্বাস্থ্যের জন্য ক্ষতিকর হতে পারে। বিশেষ করে এসব রাসায়নিকের সঙ্গে আর্সেনিক বা ফসফরাসজাতীয় ক্ষতিকর দূষক থাকলে শরীরে বিরূপ প্রতিক্রিয়া দেখা দিতে পারে।
এ ধরনের দূষিত রাসায়নিকের সংস্পর্শে এলে বমি, পেটব্যথা, ডায়রিয়া, মাথাব্যথা ও মাথা ঘোরার মতো সমস্যা হতে পারে। দীর্ঘমেয়াদি ঝুঁকিও উড়িয়ে দেওয়া যায় না।
কলা কেনার সময় সতর্কতা
কলা কেনার সময় শুধু উজ্জ্বল রং বা বাহ্যিক সৌন্দর্য দেখে সিদ্ধান্ত নেওয়া উচিত নয়। ফলের গন্ধ, গঠন ও পাকার অবস্থা খেয়াল করুন। বিশ্বস্ত বিক্রেতার কাছ থেকে কলা কিনুন এবং খাওয়ার আগে পরিষ্কার পানিতে ভালোভাবে ধুয়ে নিন।



