পরীমণির বদলে অতিথি হতে পারেন অপু বিশ্বাস বা বুবলী

চট্টগ্রামে আয়োজিত হতে যাওয়া ‘ফ্যাশন ভ্যান গার্ড ২০২৬’ অনুষ্ঠান থেকে চিত্রনায়িকা পরীমণিকে বাদ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন আয়োজকরা। সাংবাদিকদের প্রতিবাদ ও অনুরোধের পরিপ্রেক্ষিতে অতিথির তালিকায় এই পরিবর্তন আনা হয়েছে বলে জানিয়েছেন আয়োজক কমিটির পক্ষের একজন প্রতিনিধি।
শনিবার (৭ নভেম্বর) বিষয়টি নিশ্চিত করেন অনুষ্ঠানের মিডিয়া কো-অর্ডিনেটর ও পার্টনার খালেদ সুমন। বাংলা ট্রিবিউনকে তিনি জানান, সাংবাদিকদের সঙ্গে পরীমণির সাম্প্রতিক ঘটনার আগেই অনুষ্ঠানে অংশ নেওয়ার বিষয়ে তার সঙ্গে চুক্তি হয়েছিল। তবে পরবর্তী সময়ে গণমাধ্যমকর্মীদের প্রতিবাদ এবং অনুরোধ বিবেচনা করে তাকে অতিথির তালিকা থেকে বাদ দেওয়ার সিদ্ধান্ত নেন আয়োজকরা। সিদ্ধান্তটি পরীমণিকেও জানানো হয়েছে। পাশাপাশি নতুন অতিথির তালিকা অনুযায়ী পোস্টার প্রকাশ করা হয়েছে।
খালেদ সুমন আরও জানান, অনুষ্ঠানে একাধিক শিল্পীর উপস্থিত থাকার কথা রয়েছে। পরীমণির পরিবর্তে চিত্রনায়িকা অপু বিশ্বাস অথবা শবনম বুবলীকে আমন্ত্রণ জানানো হতে পারে। তবে এ বিষয়ে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি।
আগামী ২৮ নভেম্বর চট্টগ্রাম নগরের খুলশী এলাকার একটি কমিউনিটি সেন্টারে ‘ফ্যাশন ভ্যান গার্ড ২০২৬’ আয়োজনের পরিকল্পনা রয়েছে।
এর আগে গত শুক্রবার (৬ নভেম্বর) পরীমণি তার ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে অনুষ্ঠানটির পোস্টার শেয়ার করে চট্টগ্রামের দর্শকদের উদ্দেশে লেখেন, ‘দেখা হচ্ছে প্রিয় চট্টগ্রাম।’ পোস্টারটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর বিষয়টি নিয়ে চট্টগ্রামে কর্মরত সাংবাদিকদের মধ্যে অসন্তোষ তৈরি হয়। অনেকেই আয়োজকদের অতিথি নির্বাচনের সিদ্ধান্ত পুনর্বিবেচনার আহ্বান জানান।
একটি জাতীয় দৈনিকের চট্টগ্রাম প্রতিনিধি পোস্টারটি শেয়ার করে মন্তব্য করেন, সংশ্লিষ্ট সাংবাদিকের কাছে প্রকাশ্যে ক্ষমা চেয়ে বিষয়টির সমাধান না হলে আয়োজকদের বিকল্প অতিথি নির্বাচন করা উচিত। এরপর চট্টগ্রামের একাধিক সাংবাদিক সংগঠন অনুষ্ঠানটি বয়কট এবং প্রতিহতের ঘোষণা দেয়।
পরীমণিকে ঘিরে এই বিতর্কের সূত্রপাত গত বৃহস্পতিবার (৫ নভেম্বর) ঢাকার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত চত্বরে এক সাংবাদিকের সঙ্গে তার বাগ্বিতণ্ডার ঘটনাকে কেন্দ্র করে। ওই ঘটনায় পরীমণি ও তার দেহরক্ষীদের দাবি, সংশ্লিষ্ট সাংবাদিক তার গায়ে হাত দিয়েছিলেন। অন্যদিকে সাংবাদিকের অভিযোগ, ভিডিও ধারণের সময় পরীমণি তার মোবাইল ফোন কেড়ে নেন এবং ট্রাইপড ভেঙে ফেলেন। পরে তিনি নিজের ফোনটি ফিরিয়ে নেন।
ঘটনাটি নিয়ে দুই পক্ষের ভিন্ন বক্তব্যের মধ্যেই চট্টগ্রামের অনুষ্ঠান থেকে পরীমণিকে বাদ দেওয়ার সিদ্ধান্ত এলো। এখন তার পরিবর্তে অপু বিশ্বাস নাকি বুবলীকে অতিথি হিসেবে আমন্ত্রণ জানানো হবে, তা জানতে অপেক্ষা করতে হবে আয়োজকদের আনুষ্ঠানিক ঘোষণার জন্য।



