৭ নভেম্বর, ২০২৬ | শনিবারবাংলা: ২২ কার্তিক ১৪৩৩
বিনোদন

বাংলাদেশের প্রথম এআই সিনেমায় অভিনয়ে সিনথিয়া

1665224658647

অভিনয়, নাচ ও মডেলিং—তিন মাধ্যমেই নিজের প্রতিভার স্বাক্ষর রেখে চলেছেন সিনথিয়া ইয়াসমিন। এবার নতুন এক অভিজ্ঞতা যুক্ত হলো তার ক্যারিয়ারে। প্রথমবারের মতো সিনেমায় অভিনয় করেছেন এই অভিনেত্রী ও নৃত্যশিল্পী। আর তার অভিষেকটিও হয়েছে ব্যতিক্রমী এক আয়োজনে। মাবরুর রশীদ বান্নাহ পরিচালিত স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ‘গ্যাপ’-এ অভিনয় করেছেন তিনি। নির্মাতার দাবি, এটি বাংলাদেশের প্রথম এআই প্রযুক্তিনির্ভর সিনেমা।

সংগৃহীত

সিনেমাটিতে মীরা নামের একটি চরিত্রে দেখা যাবে সিনথিয়াকে। অভিনয়ের পাশাপাশি নতুন প্রযুক্তির এমন একটি চলচ্চিত্রে যুক্ত হতে পেরে বেশ উচ্ছ্বসিত তিনি। তার মতে, কাজটি যেমন অভিজ্ঞতার দিক থেকে আলাদা, তেমনি গল্পের দিক থেকেও দর্শকদের জন্য রয়েছে নতুনত্ব।

প্রথম সিনেমায় কাজের অভিজ্ঞতা জানিয়ে সিনথিয়া বলেন, ‘দেশের প্রথম এআই সিনেমায় অভিনয় করতে পেরে আমি ভীষণ আনন্দিত। এই সিনেমার জন্য পাঁচ দিন শুটিং করেছি। এরপর এআই প্রযুক্তির ব্যবহার করা হয়েছে। গল্পটিও চমৎকার। আশা করছি, দর্শকের ভালো লাগবে। বান্নাহ ভাইকে ধন্যবাদ আমাকে এমন একটি কাজের সঙ্গে যুক্ত করার জন্য।’

অভিনয়ের পাশাপাশি নাচের জগতেও নিয়মিত ব্যস্ততা রয়েছে সিনথিয়ার। নৃত্যশিল্পী হিসেবে নিজের পরিচিতি ধরে রাখার পাশাপাশি অভিনয়েও সমানভাবে এগিয়ে যেতে চান তিনি। তবে দুটি মাধ্যমের কাজ একসঙ্গে সামলানো যে সহজ নয়, সেটিও স্বীকার করেছেন এই শিল্পী।

এ প্রসঙ্গে সিনথিয়া বলেন, ‘নৃত্যশিল্পী হিসেবে অভিনয়ে নিয়মিত থাকা সহজ নয়। দুই মাধ্যমেই সমানভাবে কাজ করে যেতে চাই। ভবিষ্যতে ভালো কাজের পাশাপাশি ওটিটিতেও অভিনয়ের ইচ্ছা রয়েছে।’

এদিকে টেলিভিশন নাটকেও নিজের অবস্থান তৈরি করছেন সিনথিয়া। সালাহউদ্দিন লাভলুর পরিচালনায় ‘ফুলগাঁও’ ধারাবাহিকে একটি গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন তিনি। ধারাবাহিকটিতে তার অভিনয়জীবনের নতুন অভিজ্ঞতা যুক্ত হয়েছে।

Advertisements

শুধু অভিনয় নয়, নৃত্যশিল্পী হিসেবেও সাম্প্রতিক সময়ে প্রশংসা কুড়িয়েছেন সিনথিয়া। গত আগস্টে ফ্রান্সের বিভিন্ন স্থানে ‘মহুয়া পালা’য় মহুয়ার চরিত্রে নৃত্য পরিবেশন করে দর্শকদের প্রশংসা পান তিনি। দেশের বাইরে এমন সাংস্কৃতিক পরিবেশনায় অংশ নেওয়া তার নৃত্যজীবনের উল্লেখযোগ্য অভিজ্ঞতা হয়ে রয়েছে।

এ ছাড়া সম্প্রতি ‘নৃত্যকলা সম্মাননা ২০২৬’ অর্জন করেছেন এই শিল্পী। সব মিলিয়ে অভিনয়, নৃত্য ও মডেলিং—তিন ক্ষেত্রেই নিজের কাজের পরিধি বাড়াচ্ছেন সিনথিয়া ইয়াসমিন। এবার এআই প্রযুক্তিনির্ভর সিনেমায় অভিষেকের মধ্য দিয়ে তার ক্যারিয়ারে যুক্ত হলো নতুন এক অধ্যায়। ভবিষ্যতে বড় পর্দার পাশাপাশি ওটিটি প্ল্যাটফর্মেও তাকে নিয়মিত দেখা যাবে—এমন প্রত্যাশা তাঁর ভক্তদের।

Advertisements