৭ নভেম্বর, ২০২৬ | শনিবারবাংলা: ২২ কার্তিক ১৪৩৩
স্বাস্থ্য

ডেঙ্গুর ভয়াবহতা বাড়ছেই, ২৪ ঘণ্টায় ৩ জনের মৃত্যু

920844e3-6e03-4229-8ec1-0963fd882339-4c0YzX

দেশজুড়ে ডেঙ্গুর সংক্রমণ ও মৃত্যুর সংখ্যা উদ্বেগজনক পর্যায়ে রয়েছে। গত ২৪ ঘণ্টায় মশাবাহিত এই রোগে আক্রান্ত হয়ে আরও তিনজনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে হাসপাতালে ভর্তি হয়েছেন ১ হাজার ৬৭৪ জন। এ নিয়ে চলতি বছর ডেঙ্গুতে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৪৫৮ জনে। অন্যদিকে, বছরের শুরু থেকে এখন পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে চিকিৎসা নিয়েছেন ১ লাখ ৪৭ হাজার ৫৮০ জন।

শনিবার (৭ নভেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের প্রকাশিত ডেঙ্গুবিষয়ক নিয়মিত প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়েছে।

স্বাস্থ্য অধিদপ্তরের সর্বশেষ পরিসংখ্যান অনুযায়ী, চলতি বছরের শুরু থেকে ৭ নভেম্বর পর্যন্ত ডেঙ্গুতে প্রাণ হারিয়েছেন মোট ৪৫৮ জন। মাসভিত্তিক হিসাব পর্যালোচনা করলে দেখা যায়, নভেম্বরের প্রথম সপ্তাহেই ডেঙ্গুতে মারা গেছেন ৩৫ জন। এর আগে অক্টোবর মাসে প্রাণহানি হয়েছে সর্বোচ্চ ১৭৪ জনের। সেপ্টেম্বরে ১৪৮ জন, আগস্টে ৪৩ জন এবং জুলাইয়ে ৩৬ জনের মৃত্যু হয়েছে।

এ ছাড়া জুন মাসে ডেঙ্গুতে ১৩ জনের মৃত্যু হয়। মে মাসে মারা যান একজন। বছরের প্রথম দুই মাস জানুয়ারি ও ফেব্রুয়ারিতে দুজন করে মোট চারজনের প্রাণহানি ঘটে। সব মিলিয়ে চলতি বছরের ডেঙ্গু পরিস্থিতি জনস্বাস্থ্যের জন্য বড় উদ্বেগের কারণ হয়ে উঠেছে।

স্বাস্থ্য অধিদপ্তরের প্রতিবেদনে বলা হয়েছে, শুক্রবার (৬ নভেম্বর) সকাল ৮টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় দেশের বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে নতুন করে ১ হাজার ৬৭৪ জন ডেঙ্গু রোগী ভর্তি হয়েছেন। তাঁদের মধ্যে সবচেয়ে বেশি রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন ঢাকা বিভাগে। এ নিয়ে চলতি বছরে ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি রোগীর মোট সংখ্যা দাঁড়িয়েছে ১ লাখ ৪৭ হাজার ৫৮০ জনে।

তবে সংক্রমণের পাশাপাশি সুস্থ হয়ে ওঠা রোগীর সংখ্যাও বাড়ছে। স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, চলতি বছর এ পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়ে চিকিৎসা নেওয়ার পর সুস্থ হয়েছেন ১ লাখ ৪১ হাজার ২৯৬ জন।

Advertisements

বিভাগভিত্তিক হাসপাতালে ভর্তি রোগীর চিত্র

গত ২৪ ঘণ্টায় দেশের আটটি বিভাগেই ডেঙ্গু আক্রান্ত রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। বিভাগভিত্তিক পরিসংখ্যানে দেখা যায়, ঢাকা বিভাগে সর্বোচ্চ ৭১৪ জন রোগী ভর্তি হয়েছেন। এরপর চট্টগ্রাম বিভাগে ৩১১ জন এবং বরিশাল বিভাগে ২১৩ জন হাসপাতালে চিকিৎসা নিতে এসেছেন।

এ ছাড়া খুলনা বিভাগে ১৯০ জন, রাজশাহী বিভাগে ১৫৩ জন, রংপুর বিভাগে ৬০ জন এবং ময়মনসিংহ বিভাগে ৫০ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। সবচেয়ে কম ২১ জন রোগী ভর্তি হয়েছেন সিলেট বিভাগে।

বিভাগভিত্তিক এই পরিসংখ্যান থেকে দেখা যাচ্ছে, রাজধানীসহ ঢাকা বিভাগে ডেঙ্গু আক্রান্ত রোগীর চাপ সবচেয়ে বেশি। পাশাপাশি চট্টগ্রাম ও বরিশাল বিভাগেও উল্লেখযোগ্যসংখ্যক রোগী হাসপাতালে ভর্তি হচ্ছেন।

Advertisements