‘নিজের মামাকে বিয়ে করতে হয়েছিল আমার…’

দক্ষিণী সিনেমায় কাজের অভিজ্ঞতা নিয়ে বিস্ফোরক মন্তব্য করেছেন বলিউড অভিনেত্রী রাধিকা আপ্তে। একটি তেলুগু সিনেমায় অভিনয় করতে গিয়ে নিজের মামাকে বিয়ে করার চরিত্রে অভিনয় করতে হয়েছিল তাকে। শুধু তা-ই নয়, নিজের চেয়ে অনেক বেশি বয়সী এক অভিনেতার সঙ্গে প্রেমের দৃশ্যেও অভিনয় করতে হয়েছিল। পুরো অভিজ্ঞতাটিই ছিল তার কাছে অস্বস্তিকর।
সম্প্রতি ভারতীয় একটি সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে দক্ষিণী সিনেমায় কাজের অভিজ্ঞতা তুলে ধরেন রাধিকা। তিনি জানান, একটি তেলুগু ছবিতে তার চরিত্রের বিয়ে হয়েছিল নিজের মামার সঙ্গে। সিনেমাটিতে অভিনয় করা তার জন্য ভীষণ কঠিন ছিল। এমনকি ছবির কোনো কিছুই তার ভালো লাগেনি বলে জানান অভিনেত্রী।
সাক্ষাৎকারে রাধিকার সঙ্গে উপস্থিত ছিলেন অভিনেত্রী কীর্তি সুরেশ। এ সময় তামিল ও তেলুগু সংস্কৃতিতে মামাকে বিয়ে করার প্রচলিত রীতি রয়েছে বলে জানান কীর্তি।
তবে শুধু গল্পের বিষয়বস্তু নয়, সিনেমাটির আরও কিছু বিষয় নিয়ে আপত্তি ছিল রাধিকার। তিনি বলেন, নিজের চেয়ে অনেক বেশি বয়সী এক অভিনেতার সঙ্গে তাকে প্রেমের দৃশ্যে অভিনয় করতে হয়েছিল। পুরো বিষয়টির মধ্যে পুরুষতান্ত্রিক মানসিকতা কাজ করছিল। এমন পরিবেশে কাজ করাই ছিল তার কাছে সবচেয়ে কঠিন।
যদিও সিনেমাটির নাম সরাসরি প্রকাশ করেননি রাধিকা, তবে নেটিজেনদের ধারণা, তিনি ২০১৪ সালে মুক্তি পাওয়া তেলুগু সিনেমা ‘লেজেন্ড’-এর কথা বলেছেন। ছবিটিতে তার বিপরীতে অভিনয় করেছিলেন নন্দমুরি বালাকৃষ্ণ। দুজনের বয়সের ব্যবধানও ছিল বেশ উল্লেখযোগ্য।
রাধিকার এমন মন্তব্য ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে শুরু হয়েছে আলোচনা-সমালোচনা। অভিনেতার ভক্তদের একাংশ তার বক্তব্যের সমালোচনা করেছেন। এক ভক্তের দাবি, সিনেমাটির চিত্রনাট্য কিংবা নায়কের বয়স নিয়ে আপত্তি থাকলে ছবিতে অভিনয়ের আগেই বিষয়টি জানানো উচিত ছিল।
এদিকে রাধিকার মন্তব্যের বিষয়ে এখন পর্যন্ত কোনো প্রতিক্রিয়া জানাননি নন্দমুরি বালাকৃষ্ণ। অভিনেত্রীও এ নিয়ে নতুন করে কোনো বক্তব্য দেননি।



