৫ নভেম্বর, ২০২৬ | বৃহস্পতিবারবাংলা: ২০ কার্তিক ১৪৩৩
বিনোদন

স্বামীর প্রথম সিনেমাতেই নায়িকা মেহজাবীন, সঙ্গে আফরান নিশো

IMG_7436

নির্মাতা আদনান আল রাজীবের প্রথম পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্রে অভিনয় করতে যাচ্ছেন স্ত্রী ও অভিনেত্রী মেহজাবীন চৌধুরী। সিনেমাটিতে তার সঙ্গে দেখা যাবে জনপ্রিয় অভিনেতা আফরান নিশোকেও। নতুন এই সিনেমার নাম ‘অপলক’। বুধবার (৪ নভেম্বর) সামাজিক যোগাযোগমাধ্যমে বিষয়টি নিজেই জানিয়েছেন নির্মাতা।

আদনান আল রাজীব ও মেহজাবীন চৌধুরী দুজনই দীর্ঘদিন ধরে শোবিজে কাজ করছেন। তবে মেহজাবীন সিনেমায় অভিনয় শুরু করলেও এতদিন পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র নির্মাণে আসেননি আদনান। সম্প্রতি নিজের প্রথম সিনেমা নির্মাণের ঘোষণা দেন তিনি। এরই মধ্যে গুঞ্জন ছড়িয়েছিল, সিনেমাটিতে নায়ক হিসেবে থাকছেন সিয়াম আহমেদ। তবে শেষ পর্যন্ত সেই গুঞ্জন সত্যি হয়নি। বরং মেহজাবীন ও আফরান নিশোকে নিয়ে সাজছে আদনানের প্রথম সিনেমা।

চুক্তিস্বাক্ষরের কয়েকটি ছবি প্রকাশ করে আদনান জানান, ‘অপলক’ ঘিরে পুরো দলের অনেক স্বপ্ন ও ভালোবাসা জড়িয়ে রয়েছে। তিনি বলেন, আফরান নিশো ও মেহজাবীন চৌধুরী সেই ভালোবাসার পৃথিবীতে যুক্ত হয়েছেন। নির্মাতার পরিকল্পনা, একটি সৎ, সরল ও মন ছুঁয়ে যাওয়া রোমান্টিক সিনেমা তৈরি করা, যেখানে দর্শক ভালোবাসার পাশাপাশি নিজেদেরও খুঁজে পাবেন।

সিনেমাটি নিয়ে নিজের প্রত্যাশার কথাও জানিয়েছেন আদনান। তার আশা, যে মায়া ও ভালোবাসা নিয়ে ছবিটি নির্মাণ করতে যাচ্ছেন, তা দর্শকের মনেও পৌঁছাবে।

অন্যদিকে, সিনেমাটিতে যুক্ত হতে পেরে উচ্ছ্বাস প্রকাশ করেছেন মেহজাবীনও। নিজের ফেসবুক পেজে চুক্তিস্বাক্ষরের ছবি পোস্ট করে তিনি লেখেন, ‘আমাদের সিনেমা ‘অপলক’ অবশেষে হচ্ছে। সিনেমাটির জন্য আমি উদগ্রীব হয়ে আছি। আমাদের জন্য দোয়া করবেন।’

উল্লেখ্য, নাটক ও বিজ্ঞাপনচিত্র নির্মাণের মাধ্যমে দীর্ঘদিন ধরে পরিচিতি পেয়েছেন আদনান আল রাজীব। নির্মাণ করেছেন স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ‘আলী’। ছবিটি কান চলচ্চিত্র উৎসবের মূল প্রতিযোগিতা বিভাগে জায়গা করে নেয় এবং স্পেশাল মেনশন অর্জন করে। আন্তর্জাতিক অঙ্গনে এমন সাফল্যের পর এবার তার প্রথম পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র ‘অপলক’ নিয়ে দর্শকের আগ্রহ তৈরি হয়েছে।

Advertisements
Advertisements