৫ নভেম্বর, ২০২৬ | বৃহস্পতিবারবাংলা: ২০ কার্তিক ১৪৩৩
বিনোদন

আকাশছোঁয়া পারিশ্রমিকেও কেন মন গলেনি শ্রদ্ধার?

IMG_7441

‘স্ত্রী ২’ সিনেমার অভাবনীয় সাফল্যের পর একের পর এক সিনেমার প্রস্তাব পেয়েছেন বলিউড অভিনেত্রী শ্রদ্ধা কাপুর। শুধু কাজের সুযোগই নয়, ছিল মোটা অঙ্কের পারিশ্রমিকের প্রস্তাবও। কিন্তু অর্থের হাতছানিতে সাড়া দেননি অভিনেত্রী। বরং নিজের পছন্দের গল্পের অপেক্ষায় থেকে নতুন কোনো সিনেমায় চুক্তিবদ্ধ না হওয়ার সিদ্ধান্ত নিয়েছিলেন তিনি।

সাধারণত কোনো সিনেমা বক্স অফিসে বড় সাফল্য পেলে তারকাদের কাছে নতুন কাজের প্রস্তাবের পাশাপাশি বাড়তি পারিশ্রমিকের সুযোগও আসে। তবে শ্রদ্ধা কাপুরের ক্ষেত্রে বিষয়টি ছিল কিছুটা ভিন্ন। ‘স্ত্রী ২’-এর সাফল্যের পর অনেক সিনেমার প্রস্তাব পেলেও শুধু অর্থের জন্য কোনো কাজ বেছে নিতে চাননি তিনি।

সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যম ইনস্টাগ্রামে ভক্তদের সঙ্গে প্রশ্নোত্তর পর্বে নিজের ক্যারিয়ারের এই অভিজ্ঞতার কথা জানান অভিনেত্রী। এক ভক্ত তরুণীদের ক্যারিয়ার গড়ার ক্ষেত্রে কী পরামর্শ দেবেন, তা জানতে চান। উত্তরে নিজের জীবনের অভিজ্ঞতা তুলে ধরে শ্রদ্ধা বলেন, ‘স্ত্রী ২’ সিনেমার সাফল্যের পর তাকে অনেক সিনেমার প্রস্তাব দেওয়া হয়েছিল। সেসব কাজের জন্য পারিশ্রমিকের অঙ্কও ছিল বেশ বড়। কিন্তু তিনি সিদ্ধান্ত নিয়েছিলেন, পছন্দসই গল্প না পাওয়া পর্যন্ত কোনো সিনেমায় চুক্তিবদ্ধ হবেন না।

শ্রদ্ধার ভাষায়, নিজের মনের কথা শুনে এই সিদ্ধান্ত নিয়েছিলেন তিনি। ধৈর্য ধরে অপেক্ষা করার সিদ্ধান্তে অটল ছিলেন, যদিও সেই সময়টা মোটেও সহজ ছিল না।

অভিনেত্রী জানান, মন থেকে কোনো কিছু চাইলে সেটির জন্য অপেক্ষা করা কঠিন। তবে এখন পেছনে ফিরে তাকালে নিজের সিদ্ধান্ত নিয়ে গর্ববোধ করেন তিনি। তার মতে, জীবনের গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে নিজের মনের কথা শোনা জরুরি। পথ কঠিন হলেও ধৈর্য ধরে অপেক্ষা করলে শেষ পর্যন্ত তার সুফল পাওয়া যেতে পারে।

তরুণীদের উদ্দেশে শ্রদ্ধার পরামর্শ, অন্যের সাফল্য কিংবা অর্থের প্রলোভনে নিজের সিদ্ধান্ত বদলে ফেলা উচিত নয়। বরং নিজের পছন্দ ও লক্ষ্যকে গুরুত্ব দিয়ে এগিয়ে যেতে হবে।

Advertisements
Advertisements