৫ নভেম্বর, ২০২৬ | বৃহস্পতিবারবাংলা: ২০ কার্তিক ১৪৩৩
বিনোদন

দ্বিতীয়বার বিচ্ছেদের পথে গায়িকা কনিকা কাপূর

IMG_7434

দ্বিতীয়বারের মতো বিবাহবিচ্ছেদের পথে হাঁটছেন বলিউডের জনপ্রিয় গায়িকা কনিকা কাপূর। স্বামী গৌতম হাথীরমানীর সঙ্গে আর এক ছাদের নিচে থাকছেন না তিনি। মঙ্গলবার রাতে সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক বিবৃতিতে স্বামীর সঙ্গে আলাদা হওয়ার সিদ্ধান্তের কথা জানিয়েছেন গায়িকা। দুজনের সম্মতিতেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানান তিনি।

ইনস্টাগ্রাম স্টোরিতে প্রকাশিত বিবৃতিতে কনিকা লেখেন, ‘প্রিয় বন্ধুরা, অনেক ভেবেচিন্তে আমরা স্বামী-স্ত্রী হিসেবে আলাদা পথে হাঁটার সিদ্ধান্ত নিয়েছি।’

পাশাপাশি গৌতমের আগামী জীবনের জন্য শুভকামনা জানিয়েছেন তিনি। একই সঙ্গে এই কঠিন সময়ে তাঁদের ব্যক্তিগত পরিসরকে সম্মান করার এবং সহানুভূতিশীল থাকার অনুরোধ জানিয়েছেন ভক্ত ও শুভাকাঙ্ক্ষীদের।

২০২২ সালের মে মাসে গৌতম হাথীরমানীর সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন কনিকা। তাঁদের বিয়ের ছবি ও ভিডিও সে সময় সামাজিক যোগাযোগমাধ্যমে বেশ আলোচনার জন্ম দিয়েছিল। তবে বিয়ের চার বছরের মাথায় সেই সম্পর্ক থেকে বেরিয়ে আসার সিদ্ধান্ত নিলেন দুজন।

এটি কনিকার জীবনে দ্বিতীয় বিচ্ছেদের ঘটনা। এর আগে ১৯৯৯ সালে রাজ চন্ডোকের সঙ্গে প্রথমবার বিয়ে হয়েছিল তাঁর। দীর্ঘ ১৩ বছরের সংসারের ইতি ঘটে ২০১২ সালে। প্রথম স্বামীর সঙ্গে কনিকার তিন সন্তান রয়েছে—দুই মেয়ে আয়ানা ও সামারা এবং ছেলে যুবরাজ।

প্রথম সংসার ভাঙার পরই গানের জগতে নিজের অবস্থান শক্ত করতে শুরু করেন কনিকা। পরবর্তী সময়ে বলিউডে একাধিক জনপ্রিয় গান উপহার দিয়ে পরিচিতি পান তিনি। এবার দ্বিতীয় সংসারেও বিচ্ছেদের সিদ্ধান্তের কথা জানালেন এই গায়িকা।

Advertisements

Advertisements