৪ নভেম্বর, ২০২৬ | বুধবারবাংলা: ১৯ কার্তিক ১৪৩৩
ধর্ম

ভ্রমণে নামাজের জায়গা না পেলে কী করবেন নারীরা?

IMG_7409

ভ্রমণে গিয়ে অনেক সময় নারীদের জন্য নামাজ আদায়ের উপযুক্ত জায়গা খুঁজে পাওয়া কঠিন হয়ে পড়ে। বিশেষ করে পর্যটনকেন্দ্র কিংবা জনসমাগমপূর্ণ স্থানে পর্দার উপযুক্ত পরিবেশ না থাকায় অনেক নারী দ্বিধায় পড়ে যান। এমন পরিস্থিতিতে বসে ইশারায় রুকু-সিজদা করে ফরজ নামাজ আদায় করা যাবে কি না, তা নিয়েও রয়েছে নানা প্রশ্ন।

এ বিষয়ে ইসলামী শরিয়তের বিধান তুলে ধরেছেন রাজধানীর মোহাম্মদপুরের জামিআ মুহাম্মাদিয়া আরাবিয়ার মুফতি ও মুহাদ্দিস শফিকুল ইসলাম হাটহাজারী।

তিনি জানান, শুধু নামাজের নির্দিষ্ট জায়গা না পাওয়া, পর্দার অসুবিধা কিংবা লোকলজ্জার কারণে ফরজ নামাজের রুকু ও সিজদা বাদ দিয়ে বসে ইশারায় নামাজ আদায় করা জায়েজ নয়।

ইসলামে নারীদের ঘরে নামাজ আদায় করাকে অধিক উত্তম ও ফজিলতপূর্ণ বলা হয়েছে। এ প্রসঙ্গে রাসুলুল্লাহ (সা.) বলেছেন, ‘তাদের ঘরই তাদের জন্য উত্তম।’ (আবু দাউদ, হাদিস: ৫৬৭)

তবে প্রয়োজন হলে নারীরা মসজিদেও নামাজ আদায় করতে পারবেন। এ বিষয়ে রাসুলুল্লাহ (সা.) বলেছেন, ‘তোমরা আল্লাহর বান্দীদের আল্লাহর মসজিদে যেতে বাধা দিও না।’ (সহিহ বুখারি, হাদিস: ৯০০)

শফিকুল ইসলাম হাটহাজারী বলেন, কোনো নারী বাড়ি থেকে দূরে থাকলে এবং বাড়ি ফিরতে ফিরতে নামাজের ওয়াক্ত শেষ হয়ে যাওয়ার আশঙ্কা থাকলে কাছাকাছি কোনো নিরাপদ স্থানে নামাজ আদায় করতে হবে। এ ক্ষেত্রে মসজিদ, ইবাদতখানা, নামাজের নির্ধারিত কক্ষ কিংবা পর্দার উপযোগী নিরাপদ জায়গা বেছে নেওয়া যেতে পারে।

Advertisements

এমনকি মসজিদ বা ইবাদতখানায় পুরুষের উপস্থিতি থাকলেও প্রয়োজনের কারণে সেখানে নামাজ আদায় করা বৈধ। তবে এ সময় অপ্রয়োজনীয় মেলামেশা, দৃষ্টি আকর্ষণ কিংবা অনিরাপদ পরিস্থিতি এড়িয়ে চলতে হবে।

আলাদা নামাজের জায়গা পাওয়া না গেলেও নামাজ ছেড়ে দেওয়ার সুযোগ নেই। কোনো নিরিবিলি কোণ, নিরাপদ স্থান কিংবা পরিষ্কার খোলা জায়গায়ও নামাজ আদায় করা যাবে। বোরকা-নিকাব পরিহিত অবস্থায় পরপুরুষের সামনে নামাজ পড়লেও নামাজ সহিহ হবে বলে জানিয়েছেন এই আলেম।

অর্থাৎ, ভ্রমণের সময় পর্দার উপযুক্ত আলাদা জায়গা না পেলেও ফরজ নামাজের রুকু-সিজদা বাদ দেওয়া যাবে না। বরং নিরাপদ ও পরিষ্কার কোনো স্থান খুঁজে নিয়ে যথাযথ নিয়মে নামাজ আদায় করতে হবে।

Advertisements