কেন বারবার ইউরিন ইনফেকশনে আক্রান্ত হন নারীরা?

নারীদের মূত্রনালির সংক্রমণ বা ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশন (ইউটিআই) বেশ পরিচিত একটি স্বাস্থ্যসমস্যা। প্রস্রাবের সময় জ্বালাপোড়া, ঘন ঘন প্রস্রাবের চাপ, অল্প পরিমাণ প্রস্রাব হওয়া, প্রস্রাব ঘোলা বা দুর্গন্ধযুক্ত হওয়া এবং কখনো প্রস্রাবের সঙ্গে রক্ত যাওয়ার মতো লক্ষণ দেখা দিতে পারে।
একবার ইউটিআইয়ে আক্রান্ত হওয়ার পরও অনেক নারীর ক্ষেত্রে আবার সংক্রমণ দেখা দেয়। গবেষণা অনুযায়ী, প্রথমবার সংক্রমণের পর প্রায় ২৫ থেকে ৩০ শতাংশ নারীর ছয় মাসের মধ্যে পুনরায় ইউটিআই হতে পারে। বারবার এ সমস্যা দেখা দিলে দৈনন্দিন জীবন ব্যাহত হওয়ার পাশাপাশি শারীরিক অস্বস্তিও বাড়ে।
চিকিৎসকদের মতে, বারবার ইউরিন ইনফেকশন হওয়ার জন্য নারীদের ব্যক্তিগত পরিচ্ছন্নতার অভাবকে একমাত্র কারণ হিসেবে দেখা ঠিক নয়। বরং শারীরিক গঠন, হরমোনের পরিবর্তন, যৌনজীবন, জন্মনিয়ন্ত্রণ পদ্ধতি এবং বংশগত প্রবণতাসহ বিভিন্ন বিষয় এর পেছনে ভূমিকা রাখতে পারে।
কেন নারীদের ইউরিন ইনফেকশনের ঝুঁকি বেশি?
নারীদের মূত্রনালি পুরুষদের তুলনায় ছোট এবং মলদ্বারের কাছাকাছি অবস্থিত। ফলে অন্ত্রে থাকা ব্যাকটেরিয়া সহজেই মূত্রনালিতে প্রবেশ করতে পারে। এ কারণেই পুরুষদের তুলনায় নারীরা ইউটিআইয়ে বেশি আক্রান্ত হন।
মূত্রনালির সংক্রমণের অন্যতম প্রধান কারণ ইশেরিশিয়া কোলাই বা ই-কোলাই নামের ব্যাকটেরিয়া। এটি সাধারণত মানুষের অন্ত্রে বসবাস করে। মলদ্বার থেকে এই ব্যাকটেরিয়া মূত্রনালিতে প্রবেশ করলে মূত্রথলিতে সংক্রমণ হতে পারে। সময়মতো চিকিৎসা না করালে সংক্রমণ কিডনি পর্যন্ত ছড়িয়ে পড়ার আশঙ্কাও থাকে।
হার্ভার্ড মেডিকেল স্কুলের চিকিৎসাবিষয়ক প্রভাষক ও সংক্রামক রোগ বিশেষজ্ঞ ডা. কল্পনা গুপ্তের মতে, কিছু নারী জন্মগতভাবেই বারবার মূত্রনালির সংক্রমণে আক্রান্ত হওয়ার প্রবণতা নিয়ে জন্মান।
যেসব কারণে সংক্রমণের ঝুঁকি বাড়ে
যৌনমিলন: মেনোপজের আগে যৌনমিলনের কারণে নারীদের ইউরিন ইনফেকশনের ঝুঁকি বাড়তে পারে। যৌনমিলনের সময় আশপাশের ব্যাকটেরিয়া মূত্রনালিতে প্রবেশের সুযোগ পায়। ফলে মূত্রথলিতে সংক্রমণ তৈরি হতে পারে।
জন্মনিয়ন্ত্রণ পদ্ধতি: স্পার্মিসাইডযুক্ত কনডম বা অন্যান্য জন্মনিয়ন্ত্রণ পদ্ধতি ব্যবহারের কারণেও ইউটিআইয়ের ঝুঁকি বাড়তে পারে। স্পার্মিসাইড যোনিপথের উপকারী ল্যাকটোব্যাসিলাস ব্যাকটেরিয়ার সংখ্যা কমিয়ে দিতে পারে। ফলে ক্ষতিকর ব্যাকটেরিয়ার বংশবিস্তারের সুযোগ তৈরি হয়।
মেনোপজ বা ঋতুস্রাব বন্ধ হওয়া: বয়স বাড়ার সঙ্গে মেনোপজ হলে শরীরে ইস্ট্রোজেন হরমোনের মাত্রা কমে যায়। এর প্রভাবে যোনিপথের স্বাভাবিক পরিবেশ ও উপকারী ব্যাকটেরিয়ার ভারসাম্য পরিবর্তিত হতে পারে। পাশাপাশি মূত্রথলি পুরোপুরি খালি করতে সমস্যা হলে সংক্রমণের ঝুঁকি বাড়ে।
বংশগত কারণ: পরিবারের মা বা বোনের বারবার ইউরিন ইনফেকশনের ইতিহাস থাকলে অন্য নারী সদস্যদেরও এ ধরনের সংক্রমণের প্রবণতা বেশি থাকতে পারে। অর্থাৎ জিনগত বৈশিষ্ট্যও ইউটিআইয়ের ঝুঁকিতে ভূমিকা রাখতে পারে।



