৪ নভেম্বর, ২০২৬ | বুধবারবাংলা: ১৯ কার্তিক ১৪৩৩
বিনোদন

শাকিব খানের নতুন পাকিস্তানি নায়িকা কিনজা হাশমি, কে এই অভিনেত্রী?

Pak-6ae312858688f

ঢালিউড সুপারস্টার শাকিব খানের আসন্ন সিনেমা ‘মহব্বত’-এ তার বিপরীতে অভিনয় করতে যাচ্ছেন পাকিস্তানের জনপ্রিয় অভিনেত্রী কিনজা হাশমি। একাধিক সূত্রের বরাতে জানা গেছে, সিনেমাটিতে শাকিবের নায়িকা হিসেবে তাকে চূড়ান্ত করা হয়েছে। এ খবর ছড়িয়ে পড়ার পর থেকেই অভিনেত্রীকে নিয়ে দর্শকদের মধ্যে কৌতূহল তৈরি হয়েছে।

সংগৃহীত

তবে এ বিষয়ে এখনো আনুষ্ঠানিক কোনো ঘোষণা দেননি সিনেমাটির পরিচালক হিমেল আশরাফ কিংবা প্রযোজক আরশাদ আদনান। চুক্তির আনুষ্ঠানিকতা সম্পন্ন হওয়ার খবর প্রকাশ্যে আসার পর শাকিবের নতুন নায়িকা হিসেবে কিনজা হাশমির নাম আলোচনায় এসেছে।

২০২৭ সালের ঈদুল আজহায় মুক্তির পরিকল্পনা নিয়ে নির্মিত হচ্ছে ‘মহব্বত’। গত অক্টোবরের প্রথম সপ্তাহে সিনেমাটির ঘোষণা দেওয়া হয়। এরপর থেকেই শাকিব খানের বিপরীতে কে অভিনয় করবেন, তা নিয়ে চলচ্চিত্রপ্রেমীদের মধ্যে নানা আলোচনা চলছিল।

সম্ভাব্য নায়িকা হিসেবে পাকিস্তানের বেশ কয়েকজন জনপ্রিয় অভিনেত্রীর নাম উঠে এসেছিল। তাদের মধ্যে ছিলেন হানিয়া আমির, সজল আলি, ইয়ামনা জায়েদী ও দুর-ই-ফিশান সেলিম। তবে শেষ পর্যন্ত কিনজা হাশমিকে নির্বাচন করা হয়েছে বলে দাবি করছেন সংশ্লিষ্ট সূত্রগুলো।

কে এই কিনজা হাশমি?

কিনজা হাশমি পাকিস্তানের টেলিভিশন নাটকের পরিচিত মুখ। ২০১৪ সালে অভিনয়ের মধ্য দিয়ে বিনোদনজগতে যাত্রা শুরু করেন তিনি। অল্প সময়ের মধ্যেই ছোট পর্দায় নিজের অবস্থান তৈরি করে নেন এই অভিনেত্রী।

Advertisements

‘ইশক তামাশা’ নাটকে রুশনা চরিত্রে অভিনয় করে বিশেষ পরিচিতি পান কিনজা। এরপর একের পর এক জনপ্রিয় নাটকে অভিনয় করে দর্শকদের নজর কাড়েন। তার অভিনীত উল্লেখযোগ্য নাটকের মধ্যে রয়েছে ‘গুল-ও-গুলজার’, ‘মোহলত’, ‘দিল আওয়াইজ’, ‘হুক’ ও ‘মেরে বান জাও’। এ ছাড়া টেলিছবি ‘রূপোশ’-এও অভিনয় করেছেন তিনি।

টেলিভিশন নাটকের পাশাপাশি চলচ্চিত্রেও কাজ করেছেন কিনজা হাশমি। তার অভিনীত সিনেমার মধ্যে রয়েছে ‘কট্টর করাচি’ ও ‘শিরোস’।

সবকিছু ঠিক থাকলে ‘মহব্বত’ সিনেমার মাধ্যমে প্রথমবারের মতো শাকিব খানের সঙ্গে বড় পর্দায় জুটি বাঁধবেন এই পাকিস্তানি অভিনেত্রী। তবে বিষয়টি নিয়ে এখনো আনুষ্ঠানিক ঘোষণা না আসায় চূড়ান্ত নিশ্চিত হওয়ার জন্য অপেক্ষা করতে হচ্ছে দর্শকদের।

Advertisements