৩ নভেম্বর, ২০২৬ | মঙ্গলবারবাংলা: ১৮ কার্তিক ১৪৩৩
বিনোদন

করণের শো বন্ধে খুশি কারিনা, কেন এমন মন্তব্য?

kareena-6ae9e0877b5ab

জনপ্রিয় সেলিব্রিটি টক শো ‘কফি উইথ করণ’-এর শেষ সিজন নিয়ে ভক্তদের মধ্যে চলছে আলোচনা। অনুষ্ঠানটি বন্ধ হয়ে যাওয়ার খবরে অনেকেই হতাশা প্রকাশ করেছেন। কেউ কেউ সঞ্চালক করণ জোহরকে শো চালিয়ে যাওয়ার অনুরোধও জানিয়েছেন। তবে বিষয়টি নিয়ে একেবারেই ভিন্ন প্রতিক্রিয়া দেখিয়েছেন বলিউড অভিনেত্রী কারিনা কাপুর খান। তার কথায়, অনুষ্ঠানটি শেষ হওয়ায় তিনি বেশ খুশি ও স্বস্তিতে আছেন। কারণ, এরপর আর বারবার এই অনুষ্ঠানে অতিথি হয়ে আসতে হবে না।

করণের ঘনিষ্ঠ বন্ধু হয়েও কারিনার এমন মন্তব্যে মজার পরিস্থিতির সৃষ্টি হয়েছে। যদিও অভিনেত্রীর কথায় ছিল রসিকতার ছোঁয়া। সামাজিক যোগাযোগমাধ্যমেও বিষয়টি নিয়ে আলোচনা শুরু হয়েছে।

ভারতীয় সংবাদমাধ্যমগুলোর প্রতিবেদন অনুযায়ী, দীর্ঘ ১৬ বছর পর আবারও স্বামী ও অভিনেতা সাইফ আলি খানকে নিয়ে ‘কফি উইথ করণ’-এ হাজির হচ্ছেন কারিনা। ইতোমধ্যে প্রকাশ পেয়েছে তাদের পর্বের একটি ঝলক। নির্মাতারা জানিয়েছেন, অনুষ্ঠানটির শেষ সিজনের চতুর্থ পর্বে দেখা যাবে এই তারকা দম্পতিকে। বুধবার জিও হটস্টারে মুক্তি পাওয়ার কথা রয়েছে পর্বটি।

প্রকাশিত ঝলকে দেখা যায়, অনুষ্ঠানের শুরুতেই করণকে খোঁচা দিতে ছাড়েননি কারিনা। শেষ সিজন নিয়ে অন্য অতিথিরা যেখানে মন খারাপ করেছেন, সেখানে কারিনা বলেন, ‘আমি খুব খুশি হয়েছি এবং স্বস্তি পেয়েছি। কারণ, আমাদের বারবার কফি উইথ করণে আসতে হবে না।’

বন্ধুর এমন মন্তব্যের জবাবে করণও রসিকতা করতে ছাড়েননি। তিনি বলেন, ‘অনুষ্ঠানের শেষ সিজন নিয়ে তোমার এই সংবেদনশীলতার জন্য ধন্যবাদ!’

এদিকে, অনুষ্ঠানের জমকালো পরিবেশে নিজেকে খুব একটা মানানসই মনে করেন না সাইফ আলি খান। এবার সেই কথাই স্বীকার করেছেন অভিনেতা। স্ত্রী ও করণের কথোপকথনের মাঝখানে তিনি জানান, এই অনুষ্ঠানে নিজেকে কিছুটা বেমানান মনে হয় তার।

Advertisements

ঝলকে আরও দেখা যায়, কারিনাকে একটি মজার প্রশ্ন করেন করণ। বর্তমান বলিউডের অভিনেতাদের মধ্যে কাকে এক নম্বরে রাখবেন, জানতে চান তিনি। তবে কারিনার উত্তর প্রকাশ করা হয়নি। স্ত্রীর জবাবের অপেক্ষায় না থেকে সাইফ মজা করে বলেন, ‘অন্য অভিনেতাদের প্রশংসাও করতে পারো তুমি।’

এ ছাড়া তারকাসন্তানদের সুযোগ পাওয়া নিয়ে বলিউডের দীর্ঘদিনের বিতর্কও উঠে আসে আলোচনায়। করণের প্রযোজনায় একাধিক তারকাসন্তান অভিনয়ের সুযোগ পাওয়ায় তাকে প্রায়ই সমালোচনার মুখে পড়তে হয়। অনুষ্ঠানের ঝলকে এ প্রসঙ্গেও সাইফের রসিকতার আভাস পাওয়া গেছে।

সব মিলিয়ে কারিনা-সাইফের উপস্থিতি, বন্ধুত্বপূর্ণ খুনসুটি এবং বলিউডের নানা বিতর্ক নিয়ে ‘কফি উইথ করণ’-এর শেষ সিজনের এই পর্ব ঘিরে দর্শকের আগ্রহ তৈরি হয়েছে।

Advertisements