বিপদে-আপদে ছায়ার মতো পাশে! হবু স্বামী নন, মিমির জীবনের বিশেষ মানুষ কে?

তারকাদের ব্যক্তিগত জীবন নিয়ে ভক্তদের কৌতূহলের শেষ নেই। পর্দার ঝলমলে দুনিয়ার বাইরেও তাঁদের জীবনে এমন কিছু মানুষ থাকেন, যাঁরা নিঃস্বার্থভাবে পাশে থাকেন প্রতিটি মুহূর্তে। অভিনেত্রী মিমি চক্রবর্তীর জীবনেও তেমনই একজন মানুষ রয়েছেন। তিনি পরিবারের সদস্য নন, এমনকি হবু স্বামীও নন। দীর্ঘ ১৫ বছর ধরে অভিনেত্রীর ছায়াসঙ্গী হয়ে রয়েছেন বাড়ির পরিচারিকা বুল্টি।
সম্প্রতি একটি অনুষ্ঠানে বুল্টিকে পাশে নিয়ে তাঁর প্রতি ভালোবাসা ও কৃতজ্ঞতা প্রকাশ করেন মিমি। বুল্টিকে বুকে জড়িয়ে আবেগঘন কণ্ঠে অভিনেত্রী বলেন, ‘পনেরো বছর ধরে ও আমার সঙ্গে আছে। আমি হসপিটালে থাকলেও ও আমার পাশে থাকে। আমার দুঃখ-কষ্ট, আমার মা-বাবার থেকে মনে হয় এই বাচ্চাটা বেশি বোঝে।’
এদিন অনুষ্ঠানে বুল্টির ভাইও উপস্থিত ছিলেন। ছবি তোলার আবদার করায় তাঁর ভাইয়ের সঙ্গে ছবি তোলেন মিমি। পাশাপাশি নিজের ভাইদের সঙ্গেও ছবি তোলার কথা জানান অভিনেত্রী। মিমির এই আন্তরিক মুহূর্তের ভিডিও ছড়িয়ে পড়তেই সামাজিক যোগাযোগমাধ্যমে তা নিয়ে শুরু হয়েছে আলোচনা।
উল্লেখ্য, মিমির বিয়ে নিয়েও সম্প্রতি টালিপাড়ায় নানা গুঞ্জন ছড়িয়েছে। ইন্ডাস্ট্রির কানাঘুষো, সিদ্ধার্থ নামে এক ব্যক্তির সঙ্গে চলতি মাসে রেজিস্ট্রি এবং ডিসেম্বরে বিয়ের পরিকল্পনা রয়েছে অভিনেত্রীর। যদিও এ বিষয়ে আনুষ্ঠানিকভাবে কিছু জানাননি মিমি। তবে বিয়ের গুঞ্জনের মাঝেই তাঁর জীবনের এই নিঃস্বার্থ সম্পর্কের গল্প নজর কেড়েছে অনুরাগীদের।



