‘বাংলা চলচ্চিত্রের শেষ মেগাস্টার তুমি’, মৌসুমীর জন্মদিনে আবেগঘন বার্তা ওমর সানীর

ঢাকাই চলচ্চিত্রের জনপ্রিয় অভিনেত্রী মৌসুমীর জন্মদিনে ভালোবাসা ও শুভেচ্ছায় ভরিয়ে দিলেন স্বামী ও অভিনেতা ওমর সানী। বিশেষ এই দিনে স্ত্রীকে ‘বাংলা চলচ্চিত্রের শেষ মেগাস্টার’ আখ্যা দিয়েছেন তিনি। সামাজিক যোগাযোগমাধ্যমে মৌসুমীর কয়েকটি ছবি দিয়ে তৈরি কোলাজ পোস্ট করে জন্মদিনের শুভেচ্ছা জানান সানী।
মঙ্গলবার (৩ নভেম্বর) মৌসুমীর জন্মদিন। গত কয়েক বছরের মতো এবারও বিশেষ দিনটি দেশের বাইরে, যুক্তরাষ্ট্রে কাটাচ্ছেন অভিনেত্রী। দূরে থাকলেও স্ত্রীকে নিয়ে নিজের ভালোবাসার কথা প্রকাশ করতে ভোলেননি ওমর সানী। ছবির কোলাজের সঙ্গে তিনি লিখেছেন, ‘শুভ জন্মদিন প্রিয়দর্শিনী মৌসুমী। বাংলা চলচ্চিত্রের শেষ মেগাস্টার শুধু তুমি।’
এর আগে জন্মদিনের প্রথম প্রহরেও মৌসুমীর উদ্দেশে একটি ভিডিও বার্তা প্রকাশ করেন এই অভিনেতা। সেখানে তিনি বলেন, দূরত্ব কখনোই তাদের সম্পর্কের ক্ষেত্রে বাধা হয়ে দাঁড়াতে পারে না। প্রায় ৩৫ বছর ধরে তারা একসঙ্গে মৌসুমীর জন্মদিন উদ্যাপন করে আসছেন বলেও জানান তিনি।
ভিডিও বার্তায় ওমর সানী বলেন, মৌসুমীর গ্রিন কার্ড পাওয়ার খবরে অনেকেই তাকে শুভেচ্ছা জানিয়েছেন। তিনিও স্ত্রীকে অভিনন্দন জানিয়েছেন। সবকিছু ঠিক থাকলে শিগগিরই তাদের দেখা হবে বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি। পাশাপাশি সৃষ্টিকর্তার কাছে স্ত্রীর সুস্থতা ও আরও সম্মানিত হওয়ার প্রার্থনাও করেন।
১৯৭৩ সালের ৩ নভেম্বর সাতক্ষীরায় জন্মগ্রহণ করেন মৌসুমী। তার পুরো নাম আরিফা পারভীন জামান মৌসুমী। নব্বইয়ের দশকের শুরুতে একটি সুন্দরী প্রতিযোগিতায় বিজয়ী হওয়ার মধ্য দিয়ে আলোচনায় আসেন তিনি। ১৯৯৩ সালে সোহানুর রহমান সোহান পরিচালিত ‘কেয়ামত থেকে কেয়ামত’ সিনেমার মাধ্যমে বড় পর্দায় অভিষেক হয় তার। একই সিনেমায় অভিষেক হয়েছিল প্রয়াত অভিনেতা সালমান শাহরও।
অভিষেকের পর থেকেই দর্শকদের মন জয় করেন মৌসুমী। দীর্ঘ অভিনয়জীবনে উপহার দিয়েছেন অসংখ্য জনপ্রিয় সিনেমা। তার উল্লেখযোগ্য চলচ্চিত্রের মধ্যে রয়েছে ‘দোলা’, ‘অন্তরে অন্তরে’, ‘আম্মাজান’, ‘লাল দরিয়া’, ‘খায়রুন সুন্দরী’, ‘মোল্লা বাড়ির বউ’, ‘প্রজাপতি’, ‘দেবদাস’ ও ‘তারকাঁটা’।
অভিনয়ে অসামান্য অবদানের স্বীকৃতিস্বরূপ তিনবার জাতীয় চলচ্চিত্র পুরস্কারে শ্রেষ্ঠ অভিনেত্রীর সম্মাননা পেয়েছেন তিনি। এ ছাড়া মেরিল প্রথম আলো পুরস্কার ও বাচসাস পুরস্কার পেয়েছেন ছয়বার করে।
শুধু অভিনয়েই নয়, নির্মাতা ও সংগীতশিল্পী হিসেবেও নিজের প্রতিভার স্বাক্ষর রেখেছেন মৌসুমী। ২০০৩ সালে ‘কখনো মেঘ কখনো বৃষ্টি’ সিনেমার মাধ্যমে পরিচালক হিসেবে আত্মপ্রকাশ করেন তিনি। পরে নির্মাণ করেন ‘মেহের নিগার’। পাশাপাশি বেশ কয়েকটি সিনেমায় প্লেব্যাকেও কণ্ঠ দিয়েছেন এই অভিনেত্রী।



