বুলেটপ্রুফ কাচের ভেতর থেকে ভক্তদের সামনে এলেন অমিতাভ বচ্চন

মুম্বাইয়ের জুহুতে নিজ বাসভবন ‘জলসা’র বাইরে প্রতি রোববার ভক্তদের সঙ্গে দেখা করার দীর্ঘদিনের রীতি রয়েছে বলিউড তারকা অমিতাভ বচ্চনের।
গত রোববারও ভক্তদের সামনে এসেছিলেন তিনি, তবে এবার তাকে দেখা গেছে বিশেষ এক বুলেটপ্রুফ কাচের বক্সের ভেতর।
ভারতীয় সংবাদমাধ্যম দ্য হিন্দুর প্রতিবেদনে বলা হয়েছে, সম্প্রতি এক অজ্ঞাতপরিচয় ইমেইলে অমিতাভ বচ্চনের বাসভবনে বোমা হামলার হুমকি দেওয়া হয়। এরপরই মুম্বাই পুলিশের পরামর্শে বাড়তি সুরক্ষা হিসেবে এই স্বচ্ছ বুলেটপ্রুফ কাচের নিরাপত্তা বেষ্টনী তৈরি করা হয়।
বুলেটপ্রুফ কাচের ভেতর থেকে ভক্তদের অভিবাদন
প্রতি সপ্তাহের মতো গত রোববারও প্রবীণ এই অভিনেতাকে একনজর দেখতে ‘জলসা’র সামনে ভিড় করেছিলেন শত শত ভক্ত ও শুভাকাঙ্ক্ষী। অমিতাভ বচ্চন যথারীতি বাইরে এলেও এবার তার উপস্থিতির ধরন ছিল ভিন্ন। খোলা জায়গায় না দাঁড়িয়ে তিনি বাসভবনের সামনে বসানো বুলেটপ্রুফ কাচের ঘরের ভেতরে ঢোকেন এবং সেখান থেকেই হাত নেড়ে ভক্তদের শুভেচ্ছার জবাব দেন।
হিন্দুস্তান টাইমসের এক প্রতিবেদনে বলা হয়েছে, এ সময় নিরাপত্তার বাড়তি সতর্কতার অংশ হিসেবে তার ঠিক পেছনেই দাঁড়িয়ে থাকতে দেখা যায় ছেলে ও অভিনেতা অভিষেক বচ্চনকে। বাবার সুরক্ষায় যেন কোনো বিঘ্ন না ঘটে, সে জন্য পুরোটা সময় ভিড়ের গতিবিধির ওপর সতর্ক নজর রাখছিলেন অভিষেক। একই সময় ‘জলসা’ প্রাঙ্গণে সশস্ত্র পুলিশ সদস্য ও বিশেষ নিরাপত্তাকর্মীদের কড়া পাহারায় থাকতে দেখা যায়।



