১৫ কোটি টাকার ফড়িং ব্রোচে নজর কাড়লেন নীতা আম্বানি, তৈরিতে লেগেছে ১০ বছর!

বিশ্বের অন্যতম দামি ও ব্যতিক্রমী গয়নার সংগ্রহ রয়েছে ভারতের ধনকুবের মুকেশ আম্বানির স্ত্রী নীতা আম্বানির। এবার নতুন এক বিলাসবহুল গয়না পরে আলোচনায় এসেছেন তিনি। তাঁর পরনে দেখা গেছে ফড়িং আকৃতির একটি বিশেষ ব্রোচ, যার আনুমানিক মূল্য ১২ থেকে ১৫ কোটি টাকা। সবচেয়ে অবাক করা বিষয়, এই গয়নাটি তৈরি করতে সময় লেগেছে দীর্ঘ ১০ বছর।
সম্প্রতি বই, আড্ডা ও খাবারের সমন্বয়ে গড়ে ওঠা সাংস্কৃতিক কেন্দ্র ‘দ্য লাইব্রেরি’র উদ্বোধনী অনুষ্ঠানে হাজির হয়েছিলেন নীতা আম্বানি। এটি নীতা মুকেশ আম্বানি কালচারাল সেন্টারের (এনএমএসিসি) নতুন সংযোজন। অনুষ্ঠানে বেইজ রঙের লেসের কাজ করা প্যান্টস্যুট পরেছিলেন তিনি। তবে তাঁর পুরো সাজের মধ্যে সবচেয়ে বেশি নজর কেড়েছে পোশাকের বুক পকেটে থাকা ফড়িং আকৃতির ব্রোচটি।
‘সোরিং স্পিরিট’ নামের এই ব্রোচটি তৈরি করেছেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন জুয়েলারি শিল্পী ওয়ালেস চ্যান। এটি তৈরিতে ব্যবহার করা হয়েছে ১৭ দশমিক ৬৭ ক্যারেটের দুর্লভ সাভোরাইট গার্নেট, বিশেষভাবে কাট করা হলুদ ও বিভিন্ন রঙের হীরা, চুনি এবং গোলাপি স্যাফায়ার। পাশাপাশি ব্রোচটির কাঠামো তৈরিতে ব্যবহার করা হয়েছে হালকা অথচ শক্তিশালী ধাতু টাইটানিয়াম।
গয়নাটির সবচেয়ে বিস্ময়কর বৈশিষ্ট্য হলো এর নমনীয় কাঠামো। ব্রোচটি এমনভাবে তৈরি করা হয়েছে, যাতে এটি পরিধানকারীর শরীরের নড়াচড়ার সঙ্গে সঙ্গে ফড়িংয়ের ডানাও নড়াচড়া করে। আন্তর্জাতিক বাজারে এর আনুমানিক মূল্য ১৫ থেকে ১৮ লাখ মার্কিন ডলার, যা ভারতীয় মুদ্রায় প্রায় ১২ থেকে ১৫ কোটি টাকা।
ওয়ালেস চ্যানের নকশা অনুযায়ী, সত্যিকারের ফড়িং থেকেই এই ব্রোচ তৈরির অনুপ্রেরণা নেওয়া হয়েছে। ফড়িং এখানে স্বপ্ন, স্বাধীনতা ও অসীম সম্ভাবনার প্রতীক। এর ডানায় ফুটিয়ে তোলা হয়েছে অ্যাবাকাসের গাণিতিক গণনার নকশা। প্রতিটি ডানার নড়াচড়ার মধ্য দিয়ে সময়ের হিসাব এবং প্রতিকূলতা পেরিয়ে আরও উঁচুতে এগিয়ে যাওয়ার দর্শন তুলে ধরা হয়েছে।
দামি ব্রোচটির সৌন্দর্য ফুটিয়ে তুলতে পোশাক ও সাজেও রেখেছিলেন পরিমিতি। বেইজ রঙের প্যান্টস্যুটের সঙ্গে নরম ঢেউ খেলানো চুল এবং নিজের সংগ্রহের সূক্ষ্ম হীরার গয়না পরেছিলেন নীতা। ফলে পোশাকের ওপর লাল, সবুজ ও সোনালি রঙের ব্রোচটি হয়ে ওঠে তাঁর পুরো সাজের প্রধান আকর্ষণ।
উল্লেখ্য, ‘দ্য লাইব্রেরি’তে রয়েছে ইংরেজি ও আঞ্চলিক ভাষার প্রায় সাড়ে চার হাজারের বেশি বই। বই পড়ার পাশাপাশি এখানে সৃজনশীল কর্মশালা, আলোচনা সভা এবং খাবারের আয়োজনও রাখা হয়েছে। উদ্বোধনী অনুষ্ঠানে নীতা আম্বানির উপস্থিতির পাশাপাশি তাঁর ব্যতিক্রমী গয়নাটিও এখন আলোচনায় ফ্যাশনপ্রেমীদের মধ্যে।



