এইচএসসিতে এক-দুই বিষয়ে ফেল করা শিক্ষার্থীদের পুনঃপরীক্ষার সিদ্ধান্ত বুধবার

চলতি বছরের এইচএসসি ও সমমানের পরীক্ষায় এক বা দুই বিষয়ে অকৃতকার্য শিক্ষার্থীদের পুনঃপরীক্ষা নেওয়ার বিষয়ে আগামী বুধবার (৪ নভেম্বর) চূড়ান্ত সিদ্ধান্ত আসতে পারে। এ বিষয়ে মঙ্গলবার শিক্ষা বোর্ডগুলোর একটি সভা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। সভায় সিদ্ধান্ত চূড়ান্ত হলে পরদিন বুধবার আনুষ্ঠানিকভাবে বিজ্ঞপ্তি প্রকাশ করা হবে।
সোমবার (২ নভেম্বর) সন্ধ্যায় এ তথ্য জানিয়েছেন আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি ও ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক সৈয়দ আখতারুজ্জামান। তিনি জানান, এক বা দুই বিষয়ে অকৃতকার্য শিক্ষার্থীদের পরবর্তী করণীয় নির্ধারণে মঙ্গলবার বোর্ড সভায় আলোচনা হবে। সেখানে পুনঃপরীক্ষা নেওয়ার বিষয়ে সিদ্ধান্ত হলে বুধবার নোটিশের মাধ্যমে তা জানিয়ে দেওয়া হবে।
তিনি আরও জানান, পুনঃপরীক্ষা আয়োজন ও ফল প্রকাশের পুরো কার্যক্রম ২ ডিসেম্বর থেকে শুরু করে ৩১ ডিসেম্বরের মধ্যে সম্পন্ন করার পরিকল্পনা রয়েছে।
এর আগে এইচএসসি ও সমমান পরীক্ষায় এক কিংবা দুই বিষয়ে অকৃতকার্য শিক্ষার্থীদের এক মাসের মধ্যে পুনঃপরীক্ষার সুযোগ দেওয়ার পরিকল্পনার কথা জানিয়েছিলেন শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন। গত শনিবার সচিবালয়ে এইচএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ অনুষ্ঠানে তিনি এ বিষয়ে কথা বলেন।
শিক্ষামন্ত্রী জানান, এবারের পরীক্ষায় মোট ৫ লাখ ৯৪ হাজার ১১৩ জন শিক্ষার্থী অকৃতকার্য হয়েছে। তাদের মধ্যে যারা এক বা দুই বিষয়ে ফেল করেছে, তাদের জন্য এক মাসের মধ্যে পুনঃপরীক্ষার ব্যবস্থা করার পরিকল্পনা রয়েছে।
পরীক্ষার ফল অনুযায়ী, এবার এক বিষয়ে অকৃতকার্য হয়েছে ২ লাখ ৯৮ হাজার ৪০ জন শিক্ষার্থী। অন্যদিকে দুই বিষয়ে অকৃতকার্য শিক্ষার্থীর সংখ্যা ১ লাখ ২৪ হাজার ৮৬৫ জন। সব মিলিয়ে এক ও দুই বিষয়ে অকৃতকার্য শিক্ষার্থীর সংখ্যা দাঁড়িয়েছে ৪ লাখ ২২ হাজার ৯০৫ জন।
উত্তরপত্র পুনঃনিরীক্ষণের আবেদন চলছে
এদিকে এইচএসসি পরীক্ষার ফল পুনঃনিরীক্ষণের আবেদন গ্রহণ শুরু হয়েছে ১ নভেম্বর থেকে। আগামী ৭ নভেম্বর পর্যন্ত শিক্ষার্থীরা এ আবেদন করতে পারবেন। তবে এখন পর্যন্ত কতজন শিক্ষার্থী পুনঃনিরীক্ষণের জন্য আবেদন করেছেন, সে বিষয়ে নির্দিষ্ট কোনো পরিসংখ্যান জানাতে পারেননি ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক সৈয়দ আখতারুজ্জামান। তিনি জানান, কয়েক দিনের মধ্যে সব বোর্ডের আবেদনসংক্রান্ত তথ্য একত্র করে হালনাগাদ করা হবে।
যেভাবে করবেন পুনঃনিরীক্ষণের আবেদন
এইচএসসি পরীক্ষার উত্তরপত্র পুনঃনিরীক্ষণের জন্য শিক্ষার্থীদের নির্ধারিত ওয়েবসাইটে প্রবেশ করতে হবে। ওয়েবসাইটের ঠিকানা: https://rescrutiny.eduboardresults.gov.bd।
প্রথমে ওয়েবসাইটে গিয়ে পরীক্ষার্থীর রোল নম্বর ও রেজিস্ট্রেশন নম্বর লিখতে হবে। এরপর সংশ্লিষ্ট শিক্ষা বোর্ড নির্বাচন করে ‘সাবমিট’ বাটনে ক্লিক করতে হবে। পরবর্তী ধাপে একটি সচল মোবাইল নম্বর দিতে হবে। পুনঃনিরীক্ষণের ফল প্রকাশের পর ওই নম্বরেই এসএমএসের মাধ্যমে ফল জানানো হবে।
মোবাইল নম্বর দেওয়ার পর পরীক্ষার্থীর বিষয়ভিত্তিক ফলাফল দেখা যাবে। সেখান থেকে যে বিষয় বা বিষয়গুলোর ফল পুনঃনিরীক্ষণ করতে চান, সেগুলো নির্বাচন করতে হবে। বিষয় নির্বাচন শেষ হলে ‘ফি প্রদান করুন’ অপশনে ক্লিক করে নির্ধারিত ফি পরিশোধ করতে হবে।
প্রতি পত্রের জন্য পুনঃনিরীক্ষণ ফি নির্ধারণ করা হয়েছে ১৫০ টাকা। কোনো বিষয়ের দুটি পত্র থাকলে উভয় পত্রের জন্যই আবেদন করতে হবে। ফি পরিশোধের জন্য বিকাশ, নগদ, রকেট, উপায় ও সোনালী সেবা ব্যবহার করা যাবে। এ বিষয়ে বিস্তারিত নির্দেশনা ওয়েবসাইটের ‘হেল্প’ অপশনে পাওয়া যাবে।
ফি পরিশোধ সম্পন্ন হলে আবার আবেদন পোর্টালে ফিরে ‘জমা দিন’ বাটনে ক্লিক করতে হবে। কোনো শিক্ষার্থী আবেদন জমা দেওয়ার পর নতুন করে অন্য কোনো বিষয় যুক্ত করতে চাইলে একই প্রক্রিয়ায় তা করতে পারবেন। তবে পরবর্তী সময়ে নতুন বিষয় যুক্ত করার ক্ষেত্রে আবার মোবাইল নম্বর দেওয়ার প্রয়োজন হবে না।
আবেদনের ফি পরিশোধের আগে কোনো বিষয় পরিবর্তন বা সংশোধনের প্রয়োজন হলে ‘মুছে ফেলুন’ অপশনে ক্লিক করে আগে নির্বাচিত বিষয় বাদ দিয়ে নতুন বিষয় নির্বাচন করা যাবে। তবে একবার ফি পরিশোধ হয়ে গেলে নির্বাচিত বিষয় বাতিল করার সুযোগ থাকবে না। এ ছাড়া কোনো পরিস্থিতিতেই পরিশোধ করা আবেদন ফি ফেরত দেওয়া হবে না।



