২ নভেম্বর, ২০২৬ | সোমবারবাংলা: ১৭ কার্তিক ১৪৩৩
বিনোদন

তারকা বাবা-মায়ের ছায়া পেরিয়ে নিজস্ব পরিচয়ে দুই সন্তানকে কী করছেন মৌসুমী–ওমর সানীর ছেলে-মেয়ে?

ovivabke-1793421730

ঢালিউডের নব্বইয়ের দশকের জনপ্রিয় তারকা দম্পতি মৌসুমী ও ওমর সানী। অভিনয়জগতে নিজেদের অবস্থান শক্ত করার পাশাপাশি সন্তানদের সুন্দর ভবিষ্যৎ গড়ে তুলতেও সব সময় সচেতন ছিলেন তাঁরা। তবে সন্তানদের ওপর নিজেদের পছন্দ চাপিয়ে না দিয়ে তাঁদের স্বাধীনভাবে ক্যারিয়ার বেছে নেওয়ার সুযোগ দিয়েছেন এই দম্পতি। বর্তমানে তাঁদের দুই সন্তান দুই দেশে নিজেদের স্বপ্ন পূরণের পথে এগিয়ে যাচ্ছেন।

সম্প্রতি ২৯ অক্টোবর ছিল মৌসুমী ও ওমর সানীর ছোট মেয়ে ফাইজা আবিহা মৌসুমীর জন্মদিন। বিশেষ এই দিনে মেয়েকে কাছে না পেলেও সামাজিক যোগাযোগমাধ্যমে ভালোবাসা ও দোয়ায় ভরিয়ে দিয়েছেন মা মৌসুমী। যুক্তরাষ্ট্রে থাকা মেয়ের উদ্দেশে আবেগঘন একটি বার্তা প্রকাশ করেন তিনি। মেয়েকে নিজের জীবনের সবচেয়ে মূল্যবান উপহার, গর্ব ও আনন্দের উৎস হিসেবে উল্লেখ করেন এই অভিনেত্রী। পাশাপাশি তাঁর সুন্দর জীবন, সুস্বাস্থ্য ও সাফল্য কামনা করেন।

ছবি:সংগৃহীত

মেয়ের জন্মদিনে পিছিয়ে ছিলেন না বাবা ওমর সানীও। বাংলাদেশে থেকে ভিডিও কলে ফাইজার সঙ্গে কথা বলেন তিনি। সেই মুহূর্তের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ করে মেয়েকে জন্মদিনের শুভেচ্ছা জানান। এক পোস্টে তিনি লেখেন, ‘আমার মা, আমার চোখের মণি ফাইজা। শুভ জন্মদিন, দোয়া ও শুভকামনা।’

মৌসুমী ও ওমর সানীর দুই সন্তানের মধ্যে ছোট ফাইজা। দেশে ও লেভেল ও এ লেভেল সম্পন্ন করার পর বর্তমানে যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে কসমেটোলজি বিষয়ে পড়াশোনা করছেন তিনি। এই বিষয়কে কেন্দ্র করেই ভবিষ্যতে নিজের পেশাগত পরিচয় গড়ে তোলার পরিকল্পনা রয়েছে তাঁর।

অন্যদিকে বড় ছেলে ফারদীন এহসান স্বাধীন রয়েছেন সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে। পড়াশোনা শেষ করে বর্তমানে একটি প্রতিষ্ঠিত রিয়েল এস্টেট প্রতিষ্ঠানের সঙ্গে যুক্ত আছেন তিনি। ক্যারিয়ারের শুরুর দিকে নির্মাণ ও চলচ্চিত্র প্রযোজনার কাজেও সম্পৃক্ত ছিলেন ফারদীন। তবে বেশ কিছুদিন ধরে এসব কাজের সঙ্গে তাঁকে আর দেখা যাচ্ছে না।

সন্তানদের পেশাগত জীবন ও ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে ওমর সানী জানান, তাঁদের সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে বাবা-মা হিসেবে কখনোই কঠোর অবস্থান নেননি তিনি ও মৌসুমী। সন্তানদের পড়াশোনার বিষয়ে তাঁরা সচেতন ছিলেন। তবে এ লেভেল শেষ করার পর দুজনকেই নিজেদের পছন্দ ও আগ্রহ অনুযায়ী পড়াশোনা এবং পেশা বেছে নেওয়ার স্বাধীনতা দিয়েছেন।

Advertisements
ছবি:সংগৃহীত

ওমর সানী বলেন, ছেলে ফারদীন পড়াশোনা শেষ করে দুবাইয়ে ভালো আছেন এবং রিয়েল এস্টেট প্রতিষ্ঠানের সঙ্গে কাজ করছেন। অন্যদিকে মেয়ে ফাইজা কসমেটোলজি নিয়ে পড়ছেন। এই বিষয়েই ভবিষ্যৎ গড়তে চান তিনি। সন্তানদের এমন সিদ্ধান্তে বাবা-মা দুজনেরই পূর্ণ সমর্থন রয়েছে।

সন্তানদের প্রতি নিজেদের প্রত্যাশার কথা জানিয়ে এই অভিনেতা বলেন, তাঁরা চান দুজন নিজেদের মতো করে বেড়ে উঠুক, জীবনে প্রতিষ্ঠিত হোক। শুধু ব্যক্তিগত সাফল্য নয়, তাঁদের জীবন যেন অন্য মানুষের উপকারেও আসে—এটাই বাবা-মা হিসেবে সবচেয়ে বড় চাওয়া।

সব মিলিয়ে অভিনয়শিল্পী বাবা-মায়ের পরিচয়ের বাইরে মৌসুমী ও ওমর সানীর দুই সন্তান নিজেদের পছন্দের পথে এগিয়ে চলেছেন। একজন যুক্তরাষ্ট্রে উচ্চশিক্ষা ও পেশাগত প্রস্তুতিতে ব্যস্ত, অন্যজন দুবাইয়ে কর্মজীবন গুছিয়ে নিচ্ছেন। সন্তানদের এই স্বতন্ত্র পথচলায় পাশে থেকে তাঁদের স্বপ্ন পূরণে সহযোগিতা করাকেই সবচেয়ে বেশি গুরুত্ব দিচ্ছেন তারকা দম্পতি।

Advertisements