রাত ৮টার বদলে ১০টা পর্যন্ত দোকান খোলা রাখার দাবি ব্যবসায়ীদের

বিদ্যুৎ সাশ্রয়ের লক্ষ্যে রাত ৮টার মধ্যে দোকানপাট ও বিপণিবিতান বন্ধ রাখার নির্দেশনা পরিবর্তনের দাবি জানিয়েছে বাংলাদেশ দোকান ব্যবসায়ী মালিক সমিতি। সংগঠনটির পক্ষ থেকে দেশের সব মার্কেট, শপিং মল ও দোকানপাট রাত ১০টা পর্যন্ত খোলা রাখার অনুমতি চাওয়া হয়েছে। তাদের মতে, নির্ধারিত সময়ের মধ্যে ব্যবসাপ্রতিষ্ঠান বন্ধ রাখতে হওয়ায় বিক্রিতে নেতিবাচক প্রভাব পড়ছে এবং আর্থিক চাপে পড়ছেন অনেক ব্যবসায়ী।
সোমবার (২ নভেম্বর) বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত মন্ত্রীর কাছে পাঠানো এক লিখিত আবেদনে এ দাবি জানায় সংগঠনটি। বাংলাদেশ দোকান ব্যবসায়ী মালিক সমিতির সভাপতি মো. নাজমুল হাসান মাহমুদ এবং সাধারণ সম্পাদক মো. আরিফুর রহমান টিপু আবেদনে স্বাক্ষর করেন।

আবেদনে ব্যবসায়ী নেতারা জানান, বিদ্যুৎ সাশ্রয়ের প্রয়োজনীয়তা এবং এ বিষয়ে সরকারের নেওয়া উদ্যোগের প্রতি তাঁদের সমর্থন রয়েছে। তবে দেশের বর্তমান ব্যবসায়িক পরিস্থিতি বিবেচনায় রাত ৮টার মধ্যে সব দোকানপাট বন্ধ রাখার নির্দেশনা ব্যবসায়ীদের জন্য বাড়তি চাপ তৈরি করছে। এতে বিভিন্ন এলাকার মার্কেট ও বিপণিবিতানে ক্রেতার উপস্থিতি কমে যাওয়ার পাশাপাশি বিক্রিও আশঙ্কাজনকভাবে কমেছে বলে দাবি তাদের।
বিশেষ করে ক্ষুদ্র ও মাঝারি পর্যায়ের ব্যবসায়ীরা এ সিদ্ধান্তের কারণে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছেন বলে আবেদনে উল্লেখ করা হয়েছে। নির্ধারিত সময়ের মধ্যে দোকান বন্ধ করতে গিয়ে অনেক ব্যবসায়ী তাঁদের স্বাভাবিক ব্যবসায়িক কার্যক্রম পরিচালনায় সমস্যায় পড়ছেন। এমন পরিস্থিতিতে কেউ কেউ ব্যবসা বন্ধ করে দেওয়ার কথাও ভাবছেন। এতে শুধু ব্যবসায়ীদের বিনিয়োগই ঝুঁকির মুখে পড়ছে না, কর্মসংস্থান ও সামগ্রিক অর্থনীতিতেও নেতিবাচক প্রভাব পড়ার আশঙ্কা রয়েছে।

সংগঠনটির মতে, দোকানপাট খোলা রাখার সময় বাড়ানো হলে ব্যবসায়ীরা বিক্রির জন্য প্রয়োজনীয় বাড়তি সময় পাবেন। বিশেষ করে শীত মৌসুমে সন্ধ্যার পর থেকে রাত পর্যন্ত অনেক মানুষ কেনাকাটা করতে মার্কেটে যান। ফলে রাত ৮টায় দোকান বন্ধ হয়ে গেলে ক্রেতা ও বিক্রেতা—উভয় পক্ষই অসুবিধায় পড়েন। ব্যবসায়ীরা এ সময়টিকে বিক্রির জন্য গুরুত্বপূর্ণ বলে মনে করছেন।
আবেদনে আরও বলা হয়েছে, রাত ১০টা পর্যন্ত মার্কেট ও দোকানপাট খোলা রাখার অনুমতি দেওয়া হলে ক্রেতারা স্বাচ্ছন্দ্যে কেনাকাটার সুযোগ পাবেন। একই সঙ্গে ব্যবসায়ীদের বিক্রি বাড়বে এবং আর্থিক ক্ষতি কিছুটা পুষিয়ে নেওয়ার সুযোগ তৈরি হবে।
ব্যবসায়ীদের বিনিয়োগের সুরক্ষা, কর্মসংস্থান বজায় রাখা এবং জাতীয় অর্থনীতির স্বার্থ বিবেচনায় নিয়ে রাত ৮টার পরিবর্তে রাত ১০টা পর্যন্ত দেশের সব মার্কেট, বিপণিবিতান ও দোকানপাট খোলা রাখার অনুমতি চেয়েছে বাংলাদেশ দোকান ব্যবসায়ী মালিক সমিতি। এ বিষয়ে প্রয়োজনীয় সরকারি নির্দেশনা জারিরও অনুরোধ জানিয়েছে সংগঠনটি।



