২ নভেম্বর, ২০২৬ | সোমবারবাংলা: ১৭ কার্তিক ১৪৩৩
বিনোদন

দুই বাঙালির সঙ্গে এড শিরানের প্লেব্যাক, ‘কিং’-এর গানে চেনা-অচেনা আমেজ

দুই বাঙালির সঙ্গে এড শিরানের প্লেব্যাক, ‘কিং’-এর গানে চেনা-অচেনা আমেজ

বলিউড বাদশাহ শাহরুখ খানের ৬১তম জন্মদিনে প্রকাশ পেয়েছে তার নতুন সিনেমা ‘কিং’-এর প্রথম গান। ‘তু মিল জায়ে’ শিরোনামের গানটিতে শাহরুখের সঙ্গে দেখা গেছে দীপিকা পাড়ুকোনকে। গানটির বিশেষ আকর্ষণ, এতে একসঙ্গে কণ্ঠ দিয়েছেন ব্রিটিশ গায়ক এড শিরান, অরিজিৎ সিং ও মধুবন্তী বাগচী। ফলে গানটি ঘিরে দর্শক-শ্রোতাদের আগ্রহ তৈরি হয়েছে।

সোমবার (২ নভেম্বর) রাত ১২টায় সামাজিক মাধ্যমে গানটি প্রকাশ করেন শাহরুখ। গানটিতে শাহরুখ ও দীপিকার রোমান্টিক মুহূর্তের পাশাপাশি রয়েছে বেশ কিছু অ্যাকশন দৃশ্য; শত্রুদের সঙ্গে হাতাহাতি ও গোলাগুলিতে জড়াতে দেখা যায় কিং খানকে। গানের শেষ দিকে শাহরুখকে বলতে শোনা যায়, ‘আর এবার হৃদয়ে আগুন লেগেছে, তাই পৃথিবী না পুড়িয়ে সে থামবে না।’

নিঃসন্দেহে গানটি ভক্তদের জন্য শাহরুখের উপহার। সামাজিক মাধ্যমে শাহরুখ লিখেছেন, ‘ভালোবাসার এই সময় শুধু ভাগ্যবানদের জন্য। যেখানে বারুদের গন্ধের মাঝেও গোলাপ ফোটে। ভালোবাসা আর অন্য সব লড়াই নিয়ে… এ ডিসেম্বরে।’

গানটি সাড়া ফেললেও নানা ধরনের প্রতিক্রিয়া দেখা গেছে দর্শকের মাঝে। বরাবরের মতো শাহরুখ ও দীপিকার রসায়নের প্রশংসা করেছেন অনেকে। আবার কারও কারও মতে, গানটির দৃশ্যায়নে শাহরুখের আগের সিনেমা ‘পাঠান’ ও ‘জওয়ান’-এর ছাপ রয়েছে।

তবে গানের শিল্পীদের একসঙ্গে পাওয়ায় উচ্ছ্বাস প্রকাশ করেছেন অনেক ভক্ত। একজন লিখেছেন, ‘এক ফ্রেমে এড শিরান, শাহরুখ, দীপিকা ও অরিজিৎ সিং—এটি শুধু একটি যৌথ আয়োজন নয়, বড় হিট গানের রেসিপি।’ আরেকজন লিখেছেন, ‘কিং সব সময়ই কিং।’ অন্য এক ভক্ত অরিজিৎ ও এড শিরানের একসঙ্গে গান করার বিষয়টি নিয়ে উচ্ছ্বাস প্রকাশ করেছেন।

এদিকে বলে রাখা ভালো, মুর্শিদাবাদের ছেলে অরিজিৎ সিং বাঙালি। এদিকে পশ্চিমবঙ্গের বালুরঘাটের কন্যা মধুবন্তী বাগচীও একজন জনপ্রিয় বাঙালি শিল্পী। তিনি বাংলাদেশের কোক স্টুডিও বাংলাতেও গান করেছেন।

Advertisements
Advertisements