১ নভেম্বর, ২০২৬ | রবিবারবাংলা: ১৬ কার্তিক ১৪৩৩
বাংলাদেশ

পোশাক শ্রমিকদের ন্যূনতম মজুরি বোর্ড গঠন, গেজেট প্রকাশ

images (7)

পোশাকশ্রমিকদের নতুন ন্যূনতম মজুরি নির্ধারণের লক্ষ্যে মজুরি বোর্ড গঠন করেছে সরকার। এ সংক্রান্ত দুটি পৃথক প্রজ্ঞাপন জারির পর রোববার (১ নভেম্বর) গেজেট প্রকাশ করা হয়েছে।

রোববার শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় থেকে বোর্ডের সদস্য নিয়োগ দিয়ে আলাদা দুটি প্রজ্ঞাপন জারি করা হয়। পরে প্রজ্ঞাপন দুটি গেজেট আকারে প্রকাশ করা হয়।

প্রজ্ঞাপন অনুযায়ী, ‘বাংলাদেশ শ্রম আইন, ২০০৬’ (সংশোধিত ২০২৬)-এর ১৩৮ ধারার বিধান অনুসারে নিম্নতম মজুরি বোর্ডের সদস্যদের নিয়োগ দেওয়া হয়েছে।

বোর্ডে নিরপেক্ষ সদস্য হিসেবে নিয়োগ পেয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের লোকপ্রশাসন বিভাগের অধ্যাপক ড. মোসলেহ উদ্দিন আহমদ। মালিকপক্ষের প্রতিনিধি হিসেবে রয়েছেন বাংলাদেশ এমপ্লয়ার্স ফেডারেশনের যুগ্ম মহাসচিব আসিফ আইয়ুব। অন্যদিকে, শ্রমিকপক্ষের প্রতিনিধি হিসেবে নিয়োগ পেয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দলের সভাপতি আনোয়ার হোসাইন।

এ ছাড়া মালিকপক্ষের আরেক প্রতিনিধি হিসেবে নিয়োগ পেয়েছেন বিজিএমইএর পরিচালক এবিএম সামছুদ্দিন। শ্রমিকপক্ষের প্রতিনিধি হিসেবে দায়িত্ব পেয়েছেন বাংলাদেশ গার্মেন্টস অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল শ্রমিক ফেডারেশনের সাধারণ সম্পাদক বাবুল আখতার।

প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে, বাংলাদেশ শ্রম আইন, ২০০৬ (সংশোধিত ২০২৬)-এর ১৩৮ ধারার ৩(ক) ও ৩(খ) উপধারায় প্রদত্ত ক্ষমতাবলে এবং ১৩৯ ধারায় নির্ধারিত কার্যাবলি সম্পাদনের উদ্দেশ্যে গার্মেন্টস শিল্পের জন্য এ মজুরি বোর্ড গঠন করা হয়েছে।

Advertisements

এর আগে শনিবার সকালে সচিবালয়ে পোশাকশ্রমিকদের বেতন বাড়ানোর লক্ষ্যে নতুন ন্যূনতম মজুরি বোর্ড গঠনের ঘোষণা দেন শ্রম ও কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হক চৌধুরী।

উল্লেখ্য, পোশাকশ্রমিকদের ন্যূনতম মাসিক মজুরি ৩০ হাজার টাকা নির্ধারণের দাবিতে বিভিন্ন সময়ে আন্দোলন করে আসছেন শ্রমিকরা। তাদের এই দাবির পরিপ্রেক্ষিতেই নতুন মজুরি বোর্ড গঠনের ঘোষণা দেয় সরকার। এখন এই বোর্ডের মাধ্যমে গার্মেন্টস খাতের শ্রমিকদের নতুন ন্যূনতম মজুরি নির্ধারণের প্রক্রিয়া এগিয়ে নেওয়া হবে।

Advertisements