সন্ধ্যার পর রাস্তায় শিক্ষার্থীদের পেলেই গ্রেফতার, অভিভাবকদেরও দায়ী করার হুঁশিয়ারি ডিআইজির

সন্ধ্যার পর বাইরে ঘোরাফেরা করতে দেখা গেলে স্কুল-কলেজের শিক্ষার্থীদের গ্রেফতারের হুঁশিয়ারি দিয়েছেন চট্টগ্রাম রেঞ্জের উপমহাপরিদর্শক (ডিআইজি) আবদুল কুদ্দুছ চৌধুরী। পাশাপাশি শিক্ষার্থীদের অতীত অপরাধের রেকর্ড থাকলে উপযুক্ত প্রমাণ না পাওয়া গেলেও তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন তিনি। এ ক্ষেত্রে অভিভাবকদেরও দায়বদ্ধ করা হবে বলে সতর্ক করেন ডিআইজি।
রোববার (১ নভেম্বর) কক্সবাজার পাবলিক লাইব্রেরির শহীদ সুভাষ হলে ‘নারী ও শিশুদের প্রতি সহিংসতা প্রতিরোধ এবং সামাজিক অপরাধ দমন’ শীর্ষক এক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।
আবদুল কুদ্দুছ চৌধুরী বলেন, কৈশোর এমন একটি সময়, যখন সঠিক পথে পরিচালিত না হলে অনেকেই মাদক ও বিভিন্ন সামাজিক অপরাধে জড়িয়ে পড়তে পারে। কিশোররা যেন মাদকের অন্ধকারে হারিয়ে না যায় কিংবা ইভটিজিংয়ের মতো অপরাধে জড়িয়ে না পড়ে, সে জন্য পুলিশ প্রতিরোধমূলক পদক্ষেপ নেবে।
তিনি বলেন, ‘সন্ধ্যার পরে স্কুলপড়ুয়া, কলেজপড়ুয়া কোনো ছেলেপেলেকে যদি পাওয়া যায়, তাকে ধরা হবে। তাকে গ্রেফতার করা হবে।’
ডিআইজি আরও বলেন, কোনো শিক্ষার্থীর বিরুদ্ধে তাৎক্ষণিকভাবে উপযুক্ত প্রমাণ না থাকলেও তার অতীত অপরাধের রেকর্ড থাকলে তাকে আইনগতভাবে সোপর্দ করা হবে। একই সঙ্গে অভিভাবকদেরও জবাবদিহির আওতায় আনা হবে। সন্তান কেন সন্ধ্যার পর রাস্তায় আড্ডা দিচ্ছে, সে বিষয়ে অভিভাবকদের প্রশ্ন করা হবে বলেও জানান তিনি।
এ ছাড়া ছিনতাই, মাদকসহ বিভিন্ন অপরাধে জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার কথা জানান চট্টগ্রাম রেঞ্জের এই পুলিশ কর্মকর্তা।
অপরাধ দমনে পুলিশের চলমান কার্যক্রম তুলে ধরে তিনি বলেন, মাদকের বিরুদ্ধে পুলিশ আগে থেকেই যুদ্ধ ঘোষণা করেছে এবং সেই অভিযান এখনো অব্যাহত রয়েছে।



