১ নভেম্বর, ২০২৬ | রবিবারবাংলা: ১৬ কার্তিক ১৪৩৩
বাংলাদেশ

৪ নভেম্বর থেকে তিন দিন সারাদেশে গ্যাস সরবরাহ কম থাকবে: পেট্রোবাংলা

IMG_7116

কক্সবাজারের মহেশখালীতে সামিট এলএনজি টার্মিনালের জরুরি রক্ষণাবেক্ষণ কাজের কারণে আগামী ৪ নভেম্বর থেকে তিন দিন সারাদেশে গ্যাস সরবরাহ কম থাকবে। এ সময়ে জাতীয় গ্যাস গ্রিডে সরবরাহ দৈনিক ৯২০ মিলিয়ন ঘনফুট থেকে কমে ৬০০ মিলিয়ন ঘনফুটে নেমে আসবে। ফলে দেশের বিভিন্ন এলাকায় গ্রাহকদের গ্যাসের স্বল্পচাপজনিত ভোগান্তিতে পড়তে হতে পারে।

রোববার (১ নভেম্বর) বাংলাদেশ তেল, গ্যাস ও খনিজসম্পদ করপোরেশন (পেট্রোবাংলা) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, আগামী ৪ নভেম্বর সকাল ৮টা থেকে ৭ নভেম্বর বিকাল ৪টা পর্যন্ত মহেশখালীতে সামিটের এলএনজি টার্মিনালের রিগ্যাসিফিকেশন কার্যক্রম বন্ধ থাকবে। জরুরি রক্ষণাবেক্ষণ কাজের জন্য এ কার্যক্রম সাময়িকভাবে বন্ধ রাখায় জাতীয় গ্যাস গ্রিডে দৈনিক ৩২০ মিলিয়ন ঘনফুট গ্যাসের সরবরাহ কমে যাবে।

পেট্রোবাংলা জানিয়েছে, এ সময়ে সারাদেশে গ্যাসের চাপ স্বাভাবিকের তুলনায় কম থাকতে পারে। এতে আবাসিক, বাণিজ্যিক ও শিল্প খাতের গ্রাহকেরা সাময়িক সমস্যার মুখে পড়তে পারেন। এ অনাকাঙ্ক্ষিত অসুবিধার জন্য গ্রাহকদের কাছে দুঃখ প্রকাশ করেছে সংস্থাটি।

উল্লেখ্য, এর আগে গত ডিসেম্বরেও একই ধরনের রক্ষণাবেক্ষণ কার্যক্রমের কারণে দেশে গ্যাস সরবরাহে সাময়িক বিঘ্ন ঘটেছিল।

Advertisements
Advertisements